প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুত মানুষের মধ্যে প্রায় ২৬ শতাংশ নদীভাঙনের শিকার হয়ে থাকে। গত ৫০ বছরে নদীভাঙনের কারণে বাংলাদেশে প্রায় দেড় হাজার বর্গকিলোমিটার জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে মানুষ শুধু বসতভিটা ও জীবিকা হারাচ্ছে না, বরং তাদের সামাজিক বন্ধন, নাগরিক অধিকার, মানসিক স্বস্তি এবং নিজস্ব পরিচয়ের অনুভূতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আজ সোমবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, নাগরিক অধিকার ও জীবিকার নিরাপত্তা’ শীর্ষক মতবিনিময় সভায় উত্থাপিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উপস্থাপন করা হয়।
ইনসাইটস নলেজ, মানব মুক্তি সংস্থা (এমএমএস) এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) পরিচালিত ‘সাকিন’ নামক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। হিউম্যানিটারিয়ান অ্যাডভাইজরি গ্রুপের (এইচএজি) অর্থায়নে সিরাজগঞ্জ ও শরীয়তপুর জেলায় এই গবেষণা পরিচালিত হয়।
সভায় ইনসাইটস নলেজের চেয়ারপার্সন নাহিদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। তিনি বলেন, ‘নদী ভাঙনের কারণে সম্পদের ক্ষয়ক্ষতির চেয়ে বড় বিষয় হলো মানুষ ঠিকানাহীন হয়ে পড়ে। অনেক সময় নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষ নাগরিক পরিচয় ও সরকারি সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়। তাই আমরা ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ফ্যামিলি ট্রি তৈরি করছি এবং পরিবারের তথ্য শনাক্ত করছি। কোনো ব্যক্তি কোথা থেকে এসেছে, তার উৎস কী এবং তার পরিবারের শিকড় কোথায়, এসব বিষয় আমরা সহজেই শনাক্ত করতে পারব। এর মাধ্যমে নদী ভাঙা মানুষদের আইডেন্টিফাই করা যাবে।’
গবেষণার ফলাফল উপস্থাপন করেন ইনসাইটস নলেজের অ্যাডভাইজার সুমন আহসানুল ইসলাম। তিনি বলেন, নদীভাঙন শুধু ভূমি ও বসতভিটা হারানোর দুর্যোগ নয়, বরং এটি মানুষের জীবিকা, পরিচয়, সামাজিক সম্পর্ক, মানসিক অবস্থা এবং নাগরিক অধিকার ও ব্যক্তি-পরিচয়কে প্রভাবিত করে।
এটি মানুষের জন্য দীর্ঘমেয়াদি সংকট সৃষ্টি করে। তবে নদীভাঙনের প্রভাব পরিবারের সবার ওপর সমানভাবে পড়ে না। নারীদের জীবিকার সুযোগ ও গৃহস্থালির উৎপাদনমূলক কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবারের বয়স্ক মানুষের এবং শিশুদের প্রতি তাদের দায়িত্বের পরিধি বেড়ে যায়। শিশুদের পড়াশোনায় বিঘ্ন ঘটে, ফলে শিশুশ্রম বৃদ্ধি পায়।
গবেষণায় দেখা যায় যে, এলাকায় ১৪ বছরের ওপরে কোনো মেয়ে শিশু অবিবাহিত পাওয়া যায়নি। অর্থাৎ ওই এলাকাগুলোতে বাল্য বিয়ের পরিমাণ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি।
ইনসাইটস নলেজের অ্যাডভাইজার ড. এহছানুর রহমান বলেন, নদীভাঙন মোকাবেলায় শুধু নদীতীর রক্ষা নয়, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন, জীবিকা, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষাকে সমান গুরুত্ব দেওয়াই গবেষণার মূল লক্ষ্য।
নদীভাঙনের ফলে সৃষ্ট মানসিক কষ্ট বাস্তুচ্যুত মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। নদীভাঙন মোকাবেলায় নদীশাসন ও জরুরি সহায়তার পাশাপাশি নিরাপদ বসতি, টেকসই জীবিকা, সামাজিক সুরক্ষার ধারাবাহিকতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার এবং ক্ষতিগ্রস্ত মানুষের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন