প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির আবেদন শুরুর সময় ঘনিয়ে আসার সাথে সাথে অভিভাবকদের মধ্যে একাধিক আবেদন নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। একটি জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে কি শুধুমাত্র একটি আবেদন করা যাবে, নাকি একাধিক আবেদনের সুযোগ থাকবে—এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা।
অনেকে দাবি করছেন, এবারের ভর্তি প্রক্রিয়ায় একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে বেসরকারি স্কুলে শুধুমাত্র একটি আবেদন করা সম্ভব হবে। এতে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের সুযোগ থাকবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা পরিপত্রে এ ধরনের কোনো বিধি-নিষেধ উল্লেখ করা হয়নি।
গত ১০ নভেম্বর প্রকাশিত ভর্তি নীতিমালা এবং ১৯ নভেম্বর মাউশির জারি করা পরিপত্র অনুযায়ী, প্রথম শ্রেণিতে প্রতিটি আবেদনে সর্বাধিক পাঁচটি বিদ্যালয় পছন্দক্রমে নির্বাচন করা যাবে। দুই শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট নির্বাচন করলে সেটি দুটি পছন্দ হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।
অর্থাৎ, পাঁচটি বিদ্যালয় পছন্দের সীমা প্রতিটি আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। একজন শিক্ষার্থীর মোট আবেদনের সংখ্যা পাঁচে সীমাবদ্ধ করার কোনো নির্দেশনা নেই। একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে শুধুমাত্র একটি আবেদন করার বাধ্যবাধকতাও নেই।
এদিকে, আবেদন সীমিত হলে জনপ্রিয় বিদ্যালয়গুলোতে ভর্তির প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি তুলনামূলক কম চাহিদাসম্পন্ন প্রতিষ্ঠানে আসন খালি থাকার আশঙ্কা রয়েছে। ফলে ভর্তি কার্যক্রমে ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে।
মাউশির সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে এবং চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা মাউশির ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) পাওয়া যাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অভিভাবকদের সরকারি নীতিমালা ও প্রকাশিত নির্দেশিকা অনুসরণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন