প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের মধুখালীতে একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসাসেবার অবহেলা ও অব্যবস্থাপনার কারণে সিজারের আগে মাতৃগর্ভে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কবিতা ক্লিনিকের মালিক কবিতাকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ক্লিনিকটি বন্ধের কার্যক্রম গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
রোববার মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত কবিতা ক্লিনিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, রাজবাড়ী জেলার কোলারহাট গ্রামের বাসিন্দা আরিফ পাটোয়ারীর স্ত্রী শান্তা বেগম সকাল ৭টার দিকে সিজারের জন্য ওই ক্লিনিকে ভর্তি হন। অভিযোগ রয়েছে যে, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই ক্লিনিকের একজন নার্স তাকে ইনজেকশন পুশ করেন। রোগীর শারীরিক অবস্থা প্রথমে স্বাভাবিক থাকলেও ইনজেকশন দেওয়ার পর ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটে।
পরে বিকেলে চিকিৎসক মইনুল হোসেন শাহিন সিজারের পূর্বে পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মায়ের গর্ভেই শিশুটির মৃত্যু ঘটেছে। এই খবর ছড়িয়ে পড়লে ক্লিনিকের সামনে শত শত মানুষ জড়ো হয়। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার পর মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ক্লিনিকের অব্যবস্থাপনা, পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের অভাব এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া রোগীকে ইনজেকশন দেওয়ার বিষয়টি উঠে আসে।
ক্লিনিক মালিক কবিতাকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ক্লিনিকটি বন্ধের ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ক্লিনিকে ভর্তি থাকা সব রোগীকে দ্রুত স্থানান্তর করে সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেন। তিনি আরো জানান, মধুখালী উপজেলায় অবৈধ ও অনিয়মে পরিচালিত ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন