প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিঠুন চক্রবর্তীর ব্যক্তিজীবনের নানা অধ্যায় সিনেমার গল্পকেও হার মানায়। বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর সঙ্গে তার কথিত প্রেমের সম্পর্ক অন্যতম আলোচিত বিষয়। সম্প্রতি চিত্রগ্রাহক ও পরিচালক লরেন্স ডি'সুজা এই সম্পর্ক নিয়ে বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছেন।
আশির দশকে মিঠুন ও শ্রীদেবীর প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে জল্পনা-কল্পনার শেষ ছিল না। এমনকি গোপনে তাদের বিয়ে হওয়ার খবরও ছড়িয়ে পড়েছিল। পরিচালক এবার সেই পুরনো অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।
লরেন্স ডি'সুজা সম্প্রতি এক সাক্ষাৎকারে আশির দশকের স্মৃতিচারণ করেছেন। মিঠুন-শ্রীদেবীর প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘গৈর কানুনি’ সিনেমার উল্লেখ করেন।
সিনেমাটির চিত্রগ্রাহক হিসেবে কাজ করার সময় মিঠুন ও শ্রীদেবীর ঘনিষ্ঠতা তিনি নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন। পরিচালক জানান, শ্রীদেবী যখন শুটিংয়ে ব্যস্ত থাকতেন, তখন প্রায়ই সেটে এসে মিঠুন অপেক্ষা করতেন। অভিনেত্রীর মেকআপ রুমে বসে তার জন্য অপেক্ষা করতেন তিনি।
শুটিং চলাকালে মিঠুন বারবার শ্রীদেবীকে ফোন করতেন। কাজের ফাঁকে ফোন এলে আলাদা জায়গায় গিয়ে কথা বলতেন অভিনেত্রী। লরেন্সের দাবি, সে সময় বলিউডের অনেকেই তাদের সম্পর্কের কথা জানতেন। তবে মিঠুন তখন যোগিতা বালীর সঙ্গে বিবাহিত ছিলেন। এ প্রসঙ্গে পরিচালক বলেন, "শুটিং সেটে আমি যা দেখেছি, শুধু সেটুকুই বলতে পারি।"
সাক্ষাৎকারে শ্রীদেবীর ব্যক্তিত্ব নিয়েও কথা বলেছেন লরেন্স। তার ভাষ্য, শ্রীদেবী ছিলেন অত্যন্ত শান্ত ও অন্তর্মুখী স্বভাবের। শুটিংয়ের ফাঁকে অন্যদের সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না। বরং একা থাকতে পছন্দ করতেন। কাজের প্রতি তার নিষ্ঠা ছিল চোখে পড়ার মতো। লরেন্সের কথায়, "মানুষ হিসেবে খুব ভালো ছিলেন শ্রীদেবী, তবে স্বভাবে ছিলেন বেশ চুপচাপ।"
আশির দশকে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন মিঠুন ও শ্রীদেবী। ‘জাগ উঠা ইনসান’, ‘ওয়াক্ত কি আওয়াজ’, ‘গুরু’সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। পর্দার এই জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সে সময় কম আলোচনা হয়নি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন