প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল কপ৩১-এ অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচটি দাবির প্রতি সমর্থন জানিয়েছে। তবে তারা দাবি করেছে, বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ৩০ মিলিয়ন মার্কিন ডলার যেন জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়। একই সঙ্গে, বরাদ্দকৃত অর্থের সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিত করার দাবি জানায় জামায়াতের প্রতিনিধি দল।
শনিবার তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক স্থায়ী কমিটির সদস্য এবং কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, অতীতে জলবায়ু তহবিলে বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে আসা অর্থের ব্যয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ঘটেছে। তাই ভবিষ্যতে যে বরাদ্দ আসবে, সেসব অর্থের ব্যবহার স্বচ্ছ রাখতে নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে। বরাদ্দের অর্থ ব্যবহারে দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ সময় মাহবুবুল আলম সালেহী জামায়াতের পরিবেশ রক্ষায় ‘থ্রি জিরো ভিশন’ তুলে ধরেন। এতে রয়েছে জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন। তিনি জানান, জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন সাইড ইভেন্টে এই থ্রি জিরো ভিশন তুলে ধরা হয়েছে। একই সঙ্গে, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশসহ বিশ্বকে রক্ষায় বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
মাহবুবুল আলম সালেহী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য কোনোভাবেই দায়ী নয়। অথচ এর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর। কিন্তু বিগত জলবায়ু সম্মেলনগুলো থেকে বাংলাদেশ যে পরিমাণ তহবিল পেয়েছে, তা প্রতিশ্রুতির ৯ শতাংশেরও কম। এর মধ্যে বেশিরভাগ তহবিলই ঋণ হিসেবে পাওয়া গেছে। তাই ভবিষ্যতে ঋণভিত্তিক তহবিলের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন কিংবা পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় বা আঞ্চলিক ইস্যু নয়। তাই এ বিষয়ে সরকারকে সব পক্ষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত তহবিল আদায়ে কাজ করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী জানান, শনিবার দুপুর দেড়টায় বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলন আয়োজনের পূর্বনির্ধারিত সময় থাকলেও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ এতে অসহযোগিতা করে। তিনি বলেন, প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনের বিষয়টি পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি কথা বলে আগেই নিশ্চিত করা হয়েছিল।
এ ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে তিনি বলেন, জামায়াত মূলত সরকারকে সহযোগিতা করে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতে জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছে। কিন্তু সরকারের জলবায়ু সম্মেলনের প্রতিনিধিরা এ ক্ষেত্রে সহযোগিতা করেননি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কপ৩১ জামায়াত প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন