ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্রুনো মার্সের বাবা পিটার হার্নান্ডেজ ৭৪ বছর বয়সে মারা গেছেন


ব্রুনো মার্সের বাবা পিটার হার্নান্ডেজ ৭৪ বছর বয়সে মারা গেছেন

বিশ্বখ্যাত সংগীতশিল্পী ব্রুনো মার্সের বাবা পিটার হার্নান্দেজ মারা গেছেন। তার বয়স ছিল ৭৪ বছর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন পোস্ট করেছেন ৪১ বছর বয়সী এই গায়ক।

হাসপাতালের বিছানায় বাবার সঙ্গে তোলা একটি ছবি এবং পরিবারের বিভিন্ন সময়ের কিছু ছবি পোস্ট করে ব্রুনো জানিয়েছেন, মৃত্যুর আগে গত সপ্তাহে বাবাকে শেষবারের মতো জড়িয়ে ধরার সুযোগ পেয়েছিলেন।

বাবার প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করে ব্রুনো লিখেছেন, ‘আমি যখনই তার কথা বলেছি, সব সময় বলেছি, তিনিই আমাকে সবকিছু শিখিয়েছেন। বিশেষ করে সংগীতের বিষয়ে। তিনি আমার চার বোন, ভাই এবং আমাকে বড় করেছেন। আমার চোখে তিনিই ছিলেন পৃথিবীর সেরা বাবা। আবার দেখা না হওয়া পর্যন্ত প্রতিদিন তাকে মনে পড়বে।’

আরও পড়ুন: বিচ্ছেদের পরও সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক লালিত মোদী

পোস্টের শেষে তিনি মায়ের কথাও স্মরণ করেছেন। ২০১৩ সালে মস্তিষ্কে রক্তনালি ফেটে মারা যান তার মা বার্নাডেট সান পেদ্রো বায়োত। বাবাকে উদ্দেশ্য করে ব্রুনো লেখেন, ‘ভালোবাসি বাবা। ওপারে মাকে আমার হয়ে একটি চুমু দিও।’

সংগীতের সঙ্গে বাবার পথচলা

ব্রুনো মার্সের বাবা পিটার হার্নান্দেজ সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিউইয়র্কের ব্রুকলিনে বেড়ে ওঠা পিটার ছোটবেলা থেকেই বাবার সঙ্গে লাতিন সংগীতের পরিবেশনায় যেতেন। পরবর্তীতে ডু-ওপ সংগীতের প্রতি তার আগ্রহ তৈরি হয়। একসময় তিনি হাওয়াইভিত্তিক সংগীতদল ‘লাভ নোটস’ গড়ে তোলেন।

১৯৯০-এর দশকে হাওয়াইয়ের শেরাটন ওয়াইকিকি হোটেলে সংগীত পরিবেশনার আয়োজন করতেন পিটার। সেখানে সন্তানদেরও পারফরম্যান্সে যুক্ত করতেন। ছোটবেলায় ব্রুনো মার্সের এলভিস প্রিসলির অনুকরণে গান ও নাচের অভ্যাস গড়ে ওঠে বাবার সেই আয়োজনের মাধ্যমে। মাত্র ছয় বছর বয়সে ১৯৯২ সালের ‘হানিমুন ইন ভেগাস’ চলচ্চিত্রে ‘লিটল এলভিস’ চরিত্রে দেখা যায় তাকে।

আরও পড়ুন: মানসিক টানাপড়েনের ‘দার-ই-নিজাত’ জপ্রিয়তার মূলমন্ত্র

পিটার ও বার্নাডেটের ছয় সন্তান—ব্রুনো, এরিক, তিয়ারা, তাহিতি, প্রেসলি ও জেইমি। বাবা-মায়ের বিচ্ছেদের পর ব্রুনো ও তার ভাই এরিকের জীবনে নানা কঠিন সময় এলেও বাবার সঙ্গে তাদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। ২০১৬ সালে ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ব্রুনো সেই সময়ের স্মৃতিচারণ করেছিলেন।

ব্রুনো মার্সের সংগীত ও ব্যক্তিত্বেও বাবার প্রভাব রয়েছে। তার পোশাক, মঞ্চের উপস্থাপনা এবং পুরোনো দিনের সংগীতের প্রতি আগ্রহের পেছনেও বাবার ভূমিকার কথা বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন এই শিল্পী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ মাস পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারাল ৮ উইকেটে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


২৫ মাস পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারাল ৮ উইকেটে

দীর্ঘ ২৫ মাসের প্রতীক্ষার পর অবশেষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ অর্জন করল পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করে ১-০ ব্যবধানে সিরিজটি নিজেদের দখলে নিয়েছে স্বাগতিক দল। প্রথম টেস্টটি একই ভেন্যুতে ড্র হয়েছিল।

পাকিস্তানের এই জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন আমের জামাল। তবে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কারটি অর্জন করেছেন পেসার মোহাম্মদ আব্বাস।

পাকিস্তান সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে নিজেদের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিল। এরপর দলের জন্য নানা ব্যর্থতা ও হতাশার সময় পার করতে হয়েছে। এই সময় বাংলাদেশ দলের কাছে ধবলধোলাইয়ের সম্মুখীনও হতে হয়েছে। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় তাদের অপেক্ষা শেষ করল।

আজ রাওয়ালপিন্ডিতে ম্যাচের চতুর্থ দিনে পাকিস্তানের জন্য জয় পেতে লক্ষ্য ছিল মাত্র ৯০ রান। শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১৬ রানে অলআউট হয়। এর আগে সফরকারীরা প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায়। পাকিস্তান প্রথম ইনিংসে ৩২৫ রান করে।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ২ উইকেট হারালেও জয় পেতে কোনো সমস্যা হয়নি। আমের জামাল ২২ বল খেলে ৩৪ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। তার ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা ছিল। অন্য প্রান্তে ওপেনার আজান আওয়াইস ৩২ রানে অপরাজিত ছিলেন।

বল হাতেও জামাল ছিলেন উজ্জ্বল। দুই ইনিংসে তিনি ৩টি করে মোট ৬ উইকেট নিয়েছেন। তবে দুর্দান্ত বোলিংয়ের জন্য মোহাম্মদ আব্বাসকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি হয়েছেন ম্যাচসেরা ও সিরিজসেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে আইজিপি ও তিন বাহিনীর ডিজির সফর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


গোপালগঞ্জে আইজিপি ও তিন বাহিনীর ডিজির সফর

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের উদ্দেশ্যে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকালে তারা গোপালগঞ্জে এসে পৌঁছান। তাদের সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সূত্রের তথ্য অনুযায়ী, পুলিশ মহাপরিদর্শক ও তিন বাহিনীর ডিজি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। এই পরিদর্শনের সময় তারা সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া থানাগুলোও দেখবেন। একইসঙ্গে জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ সভায় অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে, গত কয়েকদিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। রাতের পর থেকে নতুন করে সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, রাতের বৃষ্টির কারণে সকাল পর্যন্ত জেলার কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে জেলা শহরে ঔষধ ও খাবারের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।

শহরের সড়কগুলোতে রিকশা ও ইজিবাইক চললেও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংসতায় শহরে সাধারণ মানুষের উপস্থিতি কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। ফলে শহরের রাস্তা-ঘাট সম্পূর্ণ ফাঁকা হয়ে পড়েছে।

আরতিভি/এসএইচএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ করলেন মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ করলেন মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করা হলো এক বিশেষ আয়োজনের মাধ্যমে। ৬২তম জন্মদিনের এই উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সব শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা এবং বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে তার উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়। দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। প্রায় ৫ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ তুলে দেওয়া হয়। এছাড়া আগামী রবিবার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাকি ৫৭ হাজার মগ ও নিমের চারা পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার কৃতী সন্তানের জন্মদিনে আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিলাম একটি করে বৃক্ষ ও বিশুদ্ধ পানি পান করার মগ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেকের বাড়িতে একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানাচ্ছি। ভালো কাজের সঙ্গে থাকতে হবে, সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা চাই, আজকের শিক্ষার্থীরা শুধু একটি গাছের চারা গ্রহণ করবে না, বরং সেটির যত্ন নিয়ে বড় করার দায়িত্বও নেবে।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা যে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে, সহিংসতার মাধ্যমে নিজেরাই তা প্রকাশ করেছে। সরকার এখনো সহনশীল আচরণ করছে। এটাকে দুর্বলতা ভাববেন না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের মানুষকে নিরাপদ রাখতে যা যা প্রয়োজন, সরকার তা করবে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় দুয়েকজন লাফালাফি করছে। সহিংসতা ও নাশকতায় জড়িতদের জায়গা হবে কারাগারে।

তিনি আরো বলেন, কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। এ দেশের মানুষের শান্তি দরকার, উন্নয়ন দরকার। মানুষ সহিংসতা চায় না। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে চাই।

গোপালগঞ্জের সহিংসতার ঘটনা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যা করা হয়েছে। এ ধরনের সহিংসতা করে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো যাবে না। দেশের মানুষকে শান্তি ও অর্থনৈতিক মুক্তি দিতে যা যা করা দরকার, বিএনপি সরকার সবই করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নানা পরিকল্পনা করছেন। দেশের ক্রান্তিলগ্নে সবসময় জিয়া পরিবার এগিয়ে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া, এরপর তারেক রহমান দেশের হাল ধরেছেন। তারা দেশের মানুষের কথা ভাবেন, দেশের জন্য দিনরাত কাজ করেন। বগুড়ার সন্তানকে নিয়ে আমাদের গর্ব হয়। তার পাশে থাকতে হবে, তাকে সমর্থন দিতে হবে। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সারাবছর খেলাধুলার সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত রাখতে প্রতি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। আমরা চাই, নতুন প্রজন্ম পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকুক। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।

প্রতিমন্ত্রী বলেন, মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন। ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে এসব পৌরসভাকে পরিকল্পিতভাবে সাজানো হবে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, উন্নত যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও আধুনিক নগরসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।

তিনি আরো জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দুয়ায় দুদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, শীতের প্রকোপ বেড়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


কেন্দুয়ায় দুদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, শীতের প্রকোপ বেড়ে গেছে

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহর এবং তার আশপাশের অঞ্চলে গত দুই দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে রোদ দেখা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতির ফলে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা প্রভাব পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ এবং দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া লোকজন ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কেন্দুয়া পৌর শহরের একাধিক এলাকা পরিদর্শন করে এমন দৃশ্য দেখা গেছে।

বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার কারণে দিনের স্বাভাবিক কর্মচাঞ্চল্য কিছুটা কমে এসেছে। শ্রমজীবী মানুষ, রিকশা-ভ্যানচালক, দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন কাজে এর প্রভাব স্পষ্ট। পাশাপাশি আবহাওয়ার পরিবর্তনের ফলে শীতের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। সকাল ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি তুলনামূলকভাবে বেশি হচ্ছে।

টানা মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং শীতের আবহে স্থানীয়দের মধ্যে শীতকালীন অনুভূতি আরও জোরালো হয়ে উঠেছে।

তবে এই সময়ে বৃদ্ধ/বৃদ্ধা এবং শিশুদের জন্য কিছুটা আলাদা সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে বলে অনেকের মতামত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%