প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শীতের আগমনে অনেকের ঘুমের সময় বৃদ্ধি পায়। রাতে যথেষ্ট ঘুমানোর পরেও সকালে ক্লান্তি অনুভব করা হয় এবং দিনের বেলাতেও ঝিমুনি দেখা দেয়। এই ক্লান্তির জন্য শুধুমাত্র ঠাণ্ডা আবহাওয়া দায়ী নয়; বরং দিনের আলো কমে যাওয়া, শরীরের জৈবিক ঘড়ির পরিবর্তন এবং দৈনন্দিন অভ্যাসের প্রভাবও রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শীতকালে দিনের দৈর্ঘ্য কমে যাওয়ার ফলে শরীরের ঘুম ও জেগে থাকার স্বাভাবিক ছন্দে পরিবর্তন আসতে পারে। জয়পুরের সিকে বিড়লা হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের অতিরিক্ত পরিচালক চিকিৎসক নিরঞ্জন সিং এ বিষয়ে বিশদ ব্যাখ্যা করেছেন।
দিনের আলো কমে যাওয়ার প্রভাব
মানুষের শরীরের ২৪ ঘণ্টার ঘুম ও জেগে থাকার চক্রকে সার্কাডিয়ান রিদম বা জৈবিক ঘড়ি বলা হয়। আলো এই চক্রের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীতকালে দিনের আলো কমে যায় এবং অনেকেই ঘরের ভেতর অধিক সময় কাটান। এর ফলে ঘুমের জন্য দায়ী হরমোন মেলাটোনিনের নিঃসরণ এবং শরীরের ঘুম-জাগরণের ছন্দে পরিবর্তন আসতে পারে।
ফলস্বরূপ, দিনের বেলাতেও ঘুমঘুম ভাব অনুভূত হতে পারে। সূর্যের আলো কম পাওয়ার কারণে মেজাজ এবং সতর্কতা প্রভাবিত হতে পারে। এর ফলে শরীর ভারী লাগা বা কাজের প্রতি মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে।
ঠাণ্ডায় শারীরিক পরিশ্রম কমে যাওয়া
শীতের সকালে হাঁটতে বা ব্যায়াম করতে অনেকের অনীহা দেখা দেয়। ঠাণ্ডার কারণে বাইরে চলাফেরা ও শরীরচর্চা কমে গেলে শরীর আরো অলস ও নিস্তেজ লাগতে পারে। নিয়মিত শারীরিক সক্রিয়তা কমে যাওয়ার সঙ্গে ক্লান্তির অনুভূতি বৃদ্ধি পেতে পারে।
খাদ্যাভ্যাস ও পানির ঘাটতি
শীতকালে অনেকেই তুলনামূলক ভারী খাবার গ্রহণ করেন। তাছাড়া, ঠাণ্ডার কারণে তৃষ্ণা কম অনুভূত হওয়ায় অনেকেই পর্যাপ্ত পানি পান করতে ভুলে যান। খাবারের অনিয়ম এবং শরীরে পানির ঘাটতি ক্লান্তি বাড়াতে পারে।
অন্য শারীরিক সমস্যাও কারণ হতে পারে
শীতের জন্য সব ক্লান্তিকে দায়ী করা সঠিক নয়। রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা, ভিটামিন বি১২ বা ভিটামিন ডি-এর ঘাটতি, ডায়াবেটিস এবং ঘুমের সমস্যা থেকেও দীর্ঘস্থায়ী ক্লান্তি হতে পারে।
শীতের অন্ধকারাচ্ছন্ন দিনগুলোতে কারো কারো মেজাজ ও শক্তির মাত্রায় পরিবর্তন দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে এটি সিজনাল অ্যাফেক্টিভ ডিজঅর্ডার বা ঋতুভিত্তিক বিষণ্নতার লক্ষণ হতে পারে।
ক্লান্তি কমাতে যা করবেন
চিকিৎসক নিরঞ্জন সিংয়ের পরামর্শ অনুযায়ী, শীতেও প্রতিদিন ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার সময় নির্দিষ্ট রাখা জরুরি। দিনের আলোয় কিছুটা সময় বাইরে কাটানোর চেষ্টা করা উচিত। পাশাপাশি নিয়মিত ব্যায়াম, সুষম খাবার এবং পর্যাপ্ত পানি পান শরীরের কর্মক্ষমতা বজায় রাখতে সহায়তা করে।
যদি পর্যাপ্ত ঘুমের পরও দীর্ঘদিন ক্লান্তি কাটে না, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে অকারণে ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট কিংবা মাথা ঘোরানোর মতো উপসর্গ দেখা দিলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। মেজাজের পরিবর্তন বা কোনো কিছুতে আগ্রহ হারিয়ে ফেলার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।
শীতের স্বাভাবিক অলসতা এবং কোনো শারীরিক সমস্যার কারণে তৈরি হওয়া দীর্ঘস্থায়ী ক্লান্তির মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন