প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্লান্তি অনুভব করা, মেজাজের অস্থিরতা, কিংবা মনোযোগ ধরে রাখতে না পারা—এসব সমস্যাকে অনেকেই দৈনন্দিন জীবনের ব্যস্ততার ফল হিসেবে মনে করেন। তবে কখনো কখনো এই উপসর্গগুলোর পেছনে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া থাকতে পারে। এই সমস্যা শুধু শরীরের শক্তি কমিয়ে দেয় না, বরং মস্তিষ্কের কার্যক্ষমতা, মনোযোগ এবং মানসিক অবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে।
নারী ও কিশোরীদের মধ্যে রক্তস্বল্পতার ঝুঁকি বিশেষভাবে বেশি। ভারতের স্মাইল ফাউন্ডেশনের স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির পরিচালক চিকিৎসক রাশমি আরদে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন যে, রক্তস্বল্পতার কারণে শিশু-কিশোরদের পড়াশোনা এবং শ্রেণিকক্ষে অংশগ্রহণের সক্ষমতা ব্যাহত হতে পারে। অন্যদিকে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ক্লান্তি, বিরক্তি এবং মনোযোগের ঘাটতি কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
কেন হয় রক্তস্বল্পতা?
রক্তের লোহিত কণিকায় উপস্থিত হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে অক্সিজেন সরবরাহ করে। যখন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যায়, তখন রক্তের অক্সিজেন পরিবহনের ক্ষমতা হ্রাস পায়। এই অবস্থাকেই রক্তস্বল্পতা বলা হয়।
রক্তস্বল্পতার সাধারণ লক্ষণ
চিকিৎসক রাশমি আরদের মতে, রক্তস্বল্পতার কিছু সাধারণ লক্ষণ দেখা দিতে পারে। যেমন—
শরীরে দুর্বলতা ও অতিরিক্ত ক্লান্তি
শ্বাসকষ্ট বা সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া
মাথা ঘোরা
মাথাব্যথা
ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া
হাত-পা ঠান্ডা হয়ে থাকা
হৃদস্পন্দন দ্রুত বা অনিয়মিত হওয়া
এছাড়া, মেজাজ খিটখিটে হওয়া, মনোযোগের অভাব এবং মানসিক ক্লান্তিও দেখা দিতে পারে।
কেন হয় রক্তস্বল্পতা?
রক্তস্বল্পতার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে—
১. পুষ্টির ঘাটতি: খাবারে আয়রন, ভিটামিন বি১২ এবং ফলেটের অভাব হলে রক্তস্বল্পতা দেখা দিতে পারে।
২. অতিরিক্ত রক্তক্ষরণ: নারীদের অতিরিক্ত মাসিকের রক্তপাত, পাকস্থলীর আলসার অথবা শরীরের ভেতরে রক্তক্ষরণের কারণে এই সমস্যা হতে পারে।
৩. সংক্রমণ: কিছু সংক্রমণ এবং পরজীবীর আক্রমণ, যেমন হুকওয়ার্ম বা কৃমি, রক্তস্বল্পতার কারণ হতে পারে।
৪. দীর্ঘমেয়াদি রোগ: কিডনির রোগ, দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং থ্যালাসেমিয়ার মতো বংশগত রক্তরোগের কারণে রক্তস্বল্পতা হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সব ধরনের রক্তস্বল্পতার কারণ আয়রনের অভাব নয়। তাই চিকিৎসার আগে এর প্রকৃত কারণ চিহ্নিত করা অত্যন্ত জরুরি।
কী পরীক্ষায় ধরা পড়ে রক্তস্বল্পতা?
শুধুমাত্র উপসর্গ দেখে রক্তস্বল্পতা নিশ্চিত হওয়া যায় না। এজন্য চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করা প্রয়োজন। সাধারণত কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি) পরীক্ষার মাধ্যমে হিমোগ্লোবিনসহ রক্তের বিভিন্ন উপাদানের মাত্রা নির্ধারণ করা হয়।
যদি প্রয়োজন হয়, চিকিৎসক সিরাম ফেরিটিন এবং অন্যান্য আয়রন পরীক্ষা, ভিটামিন বি১২ এবং ফলেটের মাত্রা পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন। এসব পরীক্ষার মাধ্যমে রক্তস্বল্পতার কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
রক্তস্বল্পতা প্রতিরোধে খাদ্যাভ্যাসে রাখতে হবে কিছু খাবার।
পুষ্টিকর এবং সুষম খাবার রক্তস্বল্পতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকায় রাখতে পারেন—
১. আয়রনসমৃদ্ধ খাবার: মসুর ডাল, ছোলা, শিমের বিচি, পালংশাক, অন্যান্য সবুজ শাক, বাদাম, মাছ, মাংস এবং কলিজায় আয়রন রয়েছে।
২. ভিটামিন বি১২: মাছ, মাংস, ডিম, দুধ এবং দুগ্ধজাত খাবার ভিটামিন বি১২-এর ভালো উৎস। নিরামিষভোজীরা ভিটামিন বি১২ সমৃদ্ধ খাবার অথবা ফোর্টিফায়েড পণ্য বেছে নিতে পারেন।
৩. ফলেটসমৃদ্ধ খাবার: পালংশাকসহ বিভিন্ন সবুজ শাক, ডাল এবং অন্যান্য শিমজাতীয় খাবারে ফলেট পাওয়া যায়।
৪. ভিটামিন সি: আয়রনসমৃদ্ধ উদ্ভিজ্জ খাবারের সঙ্গে লেবু, পেয়ারা, আমলকী এবং অন্যান্য ভিটামিন সি সমৃদ্ধ ফল খেলে শরীরে আয়রন শোষণ বৃদ্ধি পেতে পারে।
৫. চা-কফি খাওয়ার সময়: খাবারের সঙ্গে বা খাবার খাওয়ার পরপরই চা-কফি পান না করাই ভালো। এসব পানীয় উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণে বাধা দিতে পারে।
সাপ্লিমেন্ট কি প্রয়োজন?
রক্তস্বল্পতা হলেই নিজে থেকে আয়রন ট্যাবলেট বা সিরাপ খাওয়া উচিত নয়। কারণ এর পেছনে আয়রন ছাড়াও ভিটামিন বি১২, ফলেটের অভাব অথবা অন্য কোনো রোগ থাকতে পারে। পরীক্ষার ফল এবং রক্তস্বল্পতার কারণ বিবেচনা করে চিকিৎসক আয়রন, ফলিক অ্যাসিড অথবা ভিটামিন বি১২ সাপ্লিমেন্ট দিতে পারেন।
অতএব, দীর্ঘদিন ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা অথবা মনোযোগের সমস্যায় ভুগলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সময়মতো কারণ চিহ্নিত এবং যথাযথ চিকিৎসা গ্রহণ করলে রক্তস্বল্পতার জটিলতা এড়ানো সম্ভব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন