প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের অস্কার মনোনীত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে নতুন মামলায় পাঁচ বছর এক মাসের কারাদণ্ড প্রদান করেছে দেশটির একটি আদালত। আদালতের নির্দেশে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই বছরের জন্য বিদেশে যাওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্মাতার আইনজীবী মোস্তফা নিলি এ তথ্য নিশ্চিত করেছেন।
তেহরানের বিপ্লবী আদালতের ২৬ নম্বর শাখা পানাহির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করে। তার আইনজীবী জানান, মামলার শুনানির বিষয়ে পানাহিকে কোনো নোটিশ প্রদান করা হয়নি। গত সপ্তাহে তার ব্যাংক হিসাব বন্ধ হয়ে যাওয়ার পর তারা রায়ের বিষয়ে জানতে পারেন। তবে নতুন করে তাকে যে অভিযোগে দণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
এই নতুন দণ্ড তার বিরুদ্ধে আগের একটি মামলার রায় থেকে ভিন্ন। ২০২৫ সালের ডিসেম্বরে ইরান সরকারের বিরুদ্ধে প্রচারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে পানাহিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। চলতি বছরের জুনে আদালত সেই দণ্ড বহাল রাখে। ফলে দুই মামলায় তার মোট কারাদণ্ডের মেয়াদ দাঁড়িয়েছে ছয় বছর এক মাসে।
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে পরিচিত এই নির্মাতা বিদেশে অবস্থান করতে পারতেন। কিন্তু গত ৩০ মার্চ তিনি ইরানে ফিরে আসেন। ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে পানাহি বলেছিলেন, "নিজের দেশে থাকা তার জন্য প্রয়োজনীয়।" তিনি আরও মন্তব্য করেন, কর্তৃপক্ষ কারাদণ্ড কার্যকর করতে চাইলে তা করতে পারে।
পানাহির বিরুদ্ধে বর্তমানে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। গত মাসে এর মধ্যে একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছিলেন তিনি।
জাফর পানাহির পরিচালিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার পাম দ’র জেতে। পরবর্তীতে ছবিটি ২০২৬ সালের অস্কারে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ফ্রান্সের মনোনয়ন হিসেবে নির্বাচিত হয় এবং চূড়ান্ত মনোনয়নও পায়।
চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ইরানি কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে আইনি বিরোধে রয়েছেন পানাহি। ২০১০ সালে গ্রেপ্তারের পর তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। একই সঙ্গে চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্য লেখা, সাক্ষাৎকার দেওয়া ও বিদেশ ভ্রমণের ওপর ২০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এরপর ২০২২ সালে আবারও গ্রেপ্তার হন এই নির্মাতা। প্রায় সাত মাস কারাগারে থাকার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পান তিনি। তবে নতুন রায়ের পর এখনও পানাহিকে কারাগারে নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন