প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সোনালী আমন ধান ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে নিম্নচাপের প্রভাবে টানা তিনদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগান সংলগ্ন এলাকার অর্ধশতাধিক কৃষক সর্বস্বান্ত হয়ে পড়েছেন। পাকা ও আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গিয়ে পচে যাওয়ায় প্রান্তিক চাষিদের মাথায় হাত পড়েছে। এখন দিশেহারা পুরো এলাকার কৃষক পরিবারগুলো ঋণের বোঝা আর ফসল হারানোর শোকে।
সরেজমিনে দেখা গেছে, কর্ণফুলী চা বাগানের পাশের বিস্তীর্ণ ফসলি মাঠজুড়ে এখন শুধুই হাহাকার। বৃষ্টির পানিতে জমির পাকা ধানগাছগুলো নুয়ে পড়ে পানির নিচে তলিয়ে আছে। অনেক কৃষক ধান কেটে মাঠে স্তূপ করে রাখলেও টানা বৃষ্টির কারণে তা ঘরে তুলতে পারেননি। ফলে পানির নিচে থাকতে থাকতে কাটা ধানগুলোও পচে নষ্ট হয়ে যাচ্ছে।
ভুক্তভোগী কৃষক সঞ্জয় কুর্মী কান্নাজড়িত কণ্ঠে বলেন, "এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমনের ভালো ফলন হয়েছিল। আমি ৮০ হাজার টাকা ঋণ নিয়ে ১০ কানি জমি বর্গা নিয়ে চাষাবাদ করেছিলাম। ফলনও হয়েছিল বেশ ভালো। কিন্তু সোনালী ধান ঘরে তোলার আগেই সব শেষ হয়ে গেল। এখন কীভাবে ঋণের টাকা পরিশোধ করব আর পরিবার চালাব, তা ভেবে কোনো কূল-কিনারা পাচ্ছি না।"
স্থানীয় সূত্রে জানা গেছে, সঞ্জয় কুর্মীই একমাত্র ক্ষতিগ্রস্ত কৃষক নন। একই এলাকার অলুক কুমার নায়ক, সুমন নায়ক, পরিমল, ইদ্রিস, কমল, রতন, সুজন নায়ক, মিঠু দে, সম্পদ, উজ্জ্বল, তপু মাঝি ও সুমন দাসসহ অন্তত ৭০ থেকে ৮০ জন কৃষকের প্রায় ১০০ কানি জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বিশেষ করে ১২ নং ঘোদারপাড়, নয় টিলা, চেনখালি বিল, ফানুয়া বিল এবং হরি মন্দিরের পাশের বিলের ফসলি জমিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য চিত্তরঞ্জন নাথ বলেন, "কর্ণফুলী এলাকার ৭০-৮০ জন কৃষক প্রায় ১০০ কানি জমিতে এনজিও থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। ফসল ঘরে তোলার সময়েই সব শেষ হয়ে গেল। অসহায় এই কৃষকদের সরকারি পক্ষ থেকে দ্রুত সহযোগিতা করার জন্য আমি জোর অনুরোধ জানাচ্ছি।"
এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, "কৃষকের ফসল ঘরে তোলার সময় এমন ক্ষতি আসলে মেনে নেওয়া যায় না। বৈরী আবহাওয়ার কারণে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। বৃষ্টি পুরোপুরি থেমে গেলে মাঠ পর্যায়ে জরিপ করে রিপোর্ট তৈরি করা হবে। তবে আমাদের পক্ষ থেকেও জোর দাবি থাকবে সরকার যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য দ্রুত প্রণোদনার ব্যবস্থা করেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন