প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া পোস্ট অফিসে দুই শতাধিক গ্রাহকের আমানতের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা অভিযুক্ত পিয়ন আকরাম হোসেন ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ২০০ থেকে ২৫০ জন গ্রাহক চরম অনিশ্চয়তা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন, কারণ তাঁরা মেয়াদ শেষে এবং জরুরি প্রয়োজনে নিজেদের জমানো টাকা ফেরত পাচ্ছেন না। ভুক্তভোগীদের দাবি, পোস্ট অফিস থেকে প্রায় চার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে; তবে পুলিশের প্রাথমিক তদন্তে প্রায় এক কোটি টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। মামলায় তারাগুনিয়া পোস্ট অফিসের পোস্টমাস্টার আজওয়াল হোসেন, পিয়ন আকরাম হোসেন ও তাঁর স্ত্রীসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে আকরাম হোসেন ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রাহকদের প্রায় এক কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আমানতের টাকা ফেরত ও সুষ্ঠু তদন্তের দাবিতে গত সোমবার শত শত ভুক্তভোগী দৌলতপুর থানা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। অন্যদিকে, আটক পিয়ন আকরাম হোসেন দাবি করেছেন, পোস্টমাস্টারসহ তিনজন মিলে আত্মসাৎ করা বিপুল পরিমাণ অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। তাঁর এই বক্তব্যের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, জীবনের শেষ সম্বল, চিকিৎসা, মেয়ের বিয়ে এবং বার্ধক্যের নিরাপত্তার কথা ভেবে তাঁরা বছরের পর বছর ধরে তিলে তিলে এই অর্থ সঞ্চয় করেছিলেন। ভুক্তভোগী মেহেরুন জানিয়েছেন, স্বামী-সন্তানহীন জীবনে ভবিষ্যতের নিরাপত্তার আশায় বাবার বাড়ি থেকে পাওয়া জমি বিক্রি করে দুই লাখ টাকা পোস্ট অফিসে জমা রেখেছিলেন তিনি, যা এখন আর ফেরত পাচ্ছেন না।
একই ধরনের প্রতারণার শিকার আরেক গ্রাহক রাজ্জাক অভিযোগ করেছেন, তিনি পোস্টমাস্টারের কাছে টাকা জমা দিলেও পরবর্তীতে সেই টাকা পিয়ন আকরাম হোসেনের কাছে হস্তান্তর করা হয়। টাকা ফেরত চাইলে সঞ্চয় বই আসার অজুহাতে তাঁকে প্রায় দেড় বছর ধরে ঘোরানো হয়েছে। অপর ভুক্তভোগী মল্লিকা রানী কর্মকার জানিয়েছেন, পোস্টমাস্টারের নির্দেশে তিনি আকরাম হোসেনের হাতে টাকা জমা দিয়েছিলেন, কিন্তু তাঁকে কোনো সঞ্চয় বই দেওয়া হয়নি। পরবর্তীতে টাকা তুলতে গিয়ে তিনি চরম বিপাকে পড়েন।
সরকারি একটি সেবামূলক প্রতিষ্ঠানে সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত আত্মসাতের এই ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিজেদের সঞ্চয়ের টাকা ফেরত পাওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন