প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছেন দলের এক ইউনিয়ন নেতা। সমাবেশে তার উপস্থিতি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়জুড়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।
নুরুল ইসলাম সরকার নামে পরিচিত ওই নেতাটি মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের ৫ নম্বর নয়ানগর ইউনিয়ন শাখার সহসভাপতি। তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অপারেটর পদে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, নুরুল ইসলাম সরকার নিজেকে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ‘বিশেষ আশীর্বাদপুষ্ট’ হিসেবে পরিচয় দিতেন।
গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সরওয়ার জাহান। এ সময় নুরুল ইসলাম সরকারও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন।
বৃহস্পতিবার সকালে সমাবেশে তার অংশগ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। আওয়ামী লীগবিরোধী কর্মসূচিতে একজন আওয়ামী লীগ নেতার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য সাখাওয়াত হোসাইন জিকো সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এক আওয়ামী দালাল এখনও অবলীলায় ক্যাম্পাসে বিচরণ করছে এবং বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ তার নিয়ন্ত্রণে চলে। খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মির্জা সাইদুল তাঁর ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এগুলো দেখেন না?’
মামুন আহম্মেদ নামে আরেকজন মন্তব্য করেন, ‘যত নিয়ম সব শিক্ষার্থীদের সঙ্গে।’
অন্যদিকে, এ ঘটনায় আওয়ামী লীগের কয়েকজন নেতাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে দলীয় পরিচয়ে সুবিধা নেওয়া ব্যক্তিরা এখন ভিন্ন অবস্থান নিয়েছেন। সময়মতো তাঁকে এর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।
এ বিষয়ে বক্তব্য জানতে নুরুল ইসলাম সরকারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন