বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪১ পি.এম
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ‘আন্তর্জাতিক আইনে স্বীকৃত ঘৃণ্য বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্ব মানবতার কলঙ্ক’ আখ্যা দিয়ে তার মৃত্যুদণ্ডের আবেদন করেছেন। তিনি একই সঙ্গে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য জিয়াউলের সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তৃতীয় দিনের যুক্তিতর্কে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এই শাস্তির দাবি করেন। আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে শতাধিক গুম, খুনের ঘটনায় এ মামলা দায়ের করা হয়। সাক্ষ্য গ্রহণের পর গত মঙ্গলবার থেকে মামলাটিতে যুক্তিতর্ক শুরু হয়। প্রথম ও দ্বিতীয় দিনে চিফ প্রসিকিউটরের পর যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করছে। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসানকে কারাগার থেকে ভার্চ্যুয়ালি ট্রাইব্যুনালে যুক্ত করা হচ্ছে।
তৃতীয় দিনের যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সেনাবাহিনীর সদস্যদের বেতন-ভাতা জনগণের করের টাকায় দেওয়া হয়। তাদের দায়িত্ব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণকে নিরাপদ রাখা হলেও জিয়াউল আহসান রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজের দেশের মানুষের বিরুদ্ধেই ব্যবহার করেছেন।’
তিনি আরও বলেন, যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তাদের তুলে নেওয়া, নির্যাতন, হত্যা ও গুমের ঘটনায় জিয়াউলের সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, ‘একজন দায়িত্বশীল রাষ্ট্রীয় কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ শুধুমাত্র দায়িত্বের লঙ্ঘন নয়, এটি মানুষের প্রতি এবং রাষ্ট্রের প্রতি এক চরম নির্মম বিশ্বাসঘাতকতা।’
২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে সংঘটিত তিনটি অভিযোগে মোট ১১৬ জনকে অপহরণ, গুম ও হত্যার দায় প্রমাণিত হয়েছে বলে যুক্তিতর্কে দাবি করেন অ্যাটর্নি জেনারেল।
দার্শনিক হেগেল ও আইন দার্শনিক হার্বার্ট মরিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘শাস্তি পাওয়া অপরাধীর মৌলিক অধিকার এবং দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকতে পারে না।’
অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা ও মানুষের জীবনে এর প্রভাব বিবেচনায় কোনো শাস্তিই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, ‘তার অপরাধ সমুদ্র সমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।’
প্রতিটি অভিযোগে বাংলাদেশের জনগণের পক্ষে সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আমি নিষ্ঠুর খুনি, এ মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত ঘৃণ্য বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার এবং বিশ্ব মানবতার কলঙ্ক মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার এবং তার সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভিক্টিমদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ প্রার্থনা করছি।’
জিয়াউল আহসানের ক্ষমতার প্রভাব তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে সাধারণত যে ধরনের নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়, তার ক্ষেত্রে তা প্রযোজ্য ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক সচিবের সঙ্গে তার সখ্যতার কারণে এটি সহজ ছিল।’
সাবেক সেনাপ্রধানের ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ‘সেনাবাহিনীর চেইন অব কমান্ড এড়িয়ে এবং মাতৃবাহিনীতে না গিয়েই জিয়াউল আহসানের বারবার পদোন্নতি হয়েছে। প্রশাসনিক কাঠামোর শীর্ষ এক-দুজন ব্যক্তি ছাড়া আর কারও কাছে তাকে জবাবদিহি করতে হতো না।’
নারায়ণগঞ্জের সাত খুন মামলায় লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির বরাত দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘র্যাবের এডিজি (অপস) হিসেবে জিয়াউল আহসানের অনুমতি ছাড়া কোনো অভিযান হতো না।’
এ ছাড়া তার বিরুদ্ধে ছয় কোটি টাকার আর্থিক লেনদেন, গুলশানের ফ্ল্যাট এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা ও তদন্ত চলমান থাকার বিষয়টিও যুক্তিতর্কে তুলে ধরেন তিনি।
অ্যাটর্নি জেনারেলের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী রবিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি, জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমেদ, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন এবং জামায়াতে ইসলামীর নেতা তরিকুল ইসলাম বকুল। এছাড়া প্রাণিসম্পদ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এ খাতের সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বাদশ আসরের প্রেক্ষাপটে প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন লাহোর কালান্দার্স। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার শন টেইট এই তিনবারের চ্যাম্পিয়ন দলের দায়িত্ব গ্রহণ করেছেন।
লাহোর কালান্দার্সের মালিক ও প্রধান নির্বাহী সামিন রানা এই তথ্য নিশ্চিত করেছেন। টেইট এর আগে ২০২৬ সালের গ্লোবাল সুপার লিগে ফ্র্যাঞ্চাইজিটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে, লাহোর তাকে দীর্ঘমেয়াদি দায়িত্বে যুক্ত করেছে।
নতুন দায়িত্ব গ্রহণের পর টেইট উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "লাহোরের প্রধান কোচ হতে পেরে আমি আনন্দিত।" গায়ানায় দলের সঙ্গে কাজ করার সময় সামিন রানা এবং ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তার কাজের দর্শনের মিল খুঁজে পেয়েছেন। পাকিস্তানের অনেক ক্রিকেটারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকার কারণে এখানকার খেলোয়াড়দের সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে।
প্রধান কোচের দায়িত্বের পাশাপাশি, লাহোরের পেসারদের উন্নয়নের জন্যও কাজ করবেন টেইট। তিনি এর আগে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংসের কোচিং স্টাফেও কাজ করেছেন এই সাবেক গতিতারকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের ওয়েলনেস ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নের উদ্দেশ্যে থাইল্যান্ডের জেনেসেন গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব ঘোষণা করেছে বাংলাদেশের রিজুভা ওয়েলনেস। বুধবার (২৫ নভেম্বর) আদাবর শাখায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়। একই অনুষ্ঠানে শাখাটিতে জেনেসেন কর্নারও উদ্বোধন করা হয়।
এর আগে ব্যাংককে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই সহযোগিতা প্রতিষ্ঠিত হয়েছে। রিজুভা ওয়েলনেস জানায়, এই অংশীদারিত্বের মাধ্যমে থাই বিশেষজ্ঞদের অভিজ্ঞতা এবং বাংলাদেশের স্থানীয় চাহিদা ও পেশাগত দক্ষতার সমন্বয় ঘটানোর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে স্বাস্থ্যশিক্ষা, পেশাগত জ্ঞান বিনিময় এবং দায়িত্বশীল স্বাস্থ্যচর্চার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
জেনেসেন গ্রুপের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক ডা. এ কে এম শাহরিয়ার ধাপে ধাপে সহযোগিতা গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন। রিজুভা ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ডা. তৌহিদা রহমান ইরিন নারী, পরিবার এবং কমিউনিটির জন্য সহজবোধ্য স্বাস্থ্যশিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. বি এ সাদিক স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যচর্চার অভিন্ন মান উন্নয়নে এই অংশীদারিত্বের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও মূল বক্তা, জেনেসেন গ্রুপের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ওহম সুধচুমফে, প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা এবং ব্যক্তিভিত্তিক স্বাস্থ্য পরিকল্পনায় প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অংশীদার প্রতিষ্ঠান দুটি জানায়, ভবিষ্যৎ কার্যক্রম ধাপে ধাপে পরিকল্পনা করা হবে। চিকিৎসাসেবা চালুর আগে পৃথক পেশাগত পর্যালোচনা এবং প্রযোজ্য অনুমোদন গ্রহণ করা প্রয়োজন হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের দর্শকদের ড্রয়িংরুমে পাকিস্তানি নাটক সিরিয়াল জনপ্রিয় হয়ে উঠেছে সীমান্তের কাঁটাতার পেরিয়ে। এই সাংস্কৃতিক জোয়ারটি দেশটির কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোকে শঙ্কিত করে তুলেছে। বেঙ্গালুরুতে, চরম আপত্তি ও পুলিশি চাপে বাতিল করতে হয়েছে জনপ্রিয় পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর দুটি ঘরোয়া প্রদর্শনী।
ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারের অধীনে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং সাংস্কৃতিক সেন্সরশিপের একটি নতুন নজির হিসেবে এই ঘটনাকে দেখা হচ্ছে। অনুষ্ঠান দুটি ছিল ভক্তদের জন্য একান্ত ব্যক্তিগত মিলনমেলা। ‘দ্য ব্লুম সোসাইটি সিস্টার্স ক্লাব’-এর আয়োজনে প্রথম প্রদর্শনীটি ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ফ্রেজার টাউনের ‘শিশ কাবাব’-এ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ‘বেঙ্গালুরুতে প্রথমবারের মতো প্রদর্শনী’ হিসেবে প্রচারিত এই আয়োজনে নাটকটির ৩৪ ও ৩৫তম পর্ব দেখানোর পাশাপাশি পারস্য ও আরবীয় নৈশভোজের ব্যবস্থা ছিল। প্রবেশ মূল্য ছিল জনপ্রতি ১ হাজার ৯৯৯ রুপি।
দ্বিতীয় প্রদর্শনীটি ‘দ্য স্টার ক্লাব’-এর আয়োজনে ৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জয়মহল এক্সটেনশনের ‘মাউই প্রাইভেট থিয়েটার’-এ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি কেবল পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের জন্য একটি ছোট ও ঘরোয়া আড্ডা হিসেবে পরিকল্পনা করা হয়েছিল, যেখানে মেহেদি উৎসব এবং থিমভিত্তিক কর্মশালারও আয়োজন ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠান দুটির প্রচারণামূলক পোস্টার ছড়িয়ে পড়ার পর পাকিস্তানি কনটেন্ট প্রদর্শন এবং কথিত পাকিস্তানি পোশাকের (ড্রেস কোড) বিষয়ে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো আপত্তি তোলে। এর ফলস্বরূপ, অনুষ্ঠান দুটি বাতিল করা হয়।
বেঙ্গালুরুর প্রধান পুলিশ কমিশনার আর. হিতেন্দ্র নিশ্চিত করেছেন যে, প্রস্তাবিত জমায়েতগুলোর বিষয়ে পুলিশ অবগত হয়েছে এবং বিস্তারিত জানার জন্য আয়োজকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি জানান, “বিস্তারিত তথ্য জানতে আমরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করছি। মাঠপর্যায়ে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তা নেওয়া হবে।”
পুলিশের দাবি, কোনো আয়োজকই পূর্বানুমতি নেননি এবং অনুষ্ঠানগুলো আয়োজন না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে। একজন জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানান, পুলিশ আয়োজকদের সতর্ক করে বলেছে যে এই প্রদর্শনীগুলো শহরে বিক্ষোভের সৃষ্টি করতে পারে এবং পুলিশের হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে। তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে যে পরিমাণ বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে, তাতে স্পষ্ট যে এই প্রদর্শনীগুলো অনাকাঙ্ক্ষিত ঝামেলার সৃষ্টি করবে। আমরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাদের নজরে এনেছি।”
পুলিশের চাপের মুখে উভয় আয়োজকই অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন। ‘দ্য ব্লুম সোসাইটি সিস্টার্স ক্লাব’ এক ইনস্টাগ্রাম স্টোরিতে জানায়, সতর্কতার সাথে বিবেচনার পর তারা ইভেন্ট হিসেবে পাকিস্তানি টিভি সিরিয়ালের প্রদর্শনী আয়োজন বা প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে এবং যারা ইতিমধ্যে অর্থ পরিশোধ করেছেন, তাদের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে।
৫ ডিসেম্বরের অনুষ্ঠানের আয়োজক জানান, “আমরা অনুষ্ঠানটি বাতিল করেছি। যদিও এটি কেবল পরিবার ও কাছের মানুষদের জন্য ছিল, কিন্তু যেহেতু এটি এখন একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তাই আমরা প্রদর্শনীটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও যোগ করেন যে এটি ছিল নিছক আনন্দের জন্য এবং ভবিষ্যতে তিনি কোনো সামাজিক যোগাযোগমাধ্যম, বাইরের লোকজন বা ভক্তদের জমায়েত ছাড়াই কেবল পরিবারের সাথে একান্ত ব্যক্তিগত পরিসরে নাটকটি দেখবেন।
পর্যবেক্ষকদের মতে, জোরপূর্বক অনুষ্ঠান বাতিলের এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়; বরং ভারতে এমনকি ব্যক্তিগত পরিসরেও পাকিস্তানি সংস্কৃতি, ভাষা ও শিল্পকে অপরাধ হিসেবে গণ্য করার যে সুপরিকল্পিত অভিযান হিন্দুত্ববাদী শাসকগোষ্ঠী চালাচ্ছে, এটি তারই অংশ। তারা উল্লেখ করেন, এমন এক সপ্তাহে এই পদক্ষেপ নেওয়া হলো, যখন ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’সহ (এআইসিডব্লিউএ) ভারতীয় চলচ্চিত্র সংস্থাগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাওয়া পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’-এর ভারতীয় মুক্তি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।
সাকিব খান পরিচালিত এবং শেহরিয়ার মুনাওয়ার, দুরেফিশান সেলিম ও নামির নাওয়াজ খান অভিনীত পাকিস্তানি আধ্যাত্মিক-রোমান্টিক নাটক ‘দার-ই-নিজাত’ গত আগস্টে প্রচার শুরু হওয়ার পর থেকে পুরো দক্ষিণ এশিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ