প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রোগীসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা ও সরকারি স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব করতে রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী।
শনিবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে সেবার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্বাস্থ্য সেবা বিভাগ, বাংলাদেশ সচিবালয়ের হিসাব শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা ও সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছেন কি না, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরে হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী।
সভায় তিনি প্রতিটি রোগীর জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, দায়িত্ব পালনে নিয়মিত উপস্থিতি বজায় রাখা এবং সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের সঙ্গে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিক আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ সেবাপ্রত্যাশী। তাদের সঙ্গে মানবিক ও আন্তরিক আচরণ করা সংশ্লিষ্ট প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব। কোনো রোগী বা স্বজন যেন সরকারি স্বাস্থ্যসেবা নিতে এসে অযথা ভোগান্তির শিকার না হন, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ সময় হাসপাতালের সেবার পরিবেশ আরও উন্নত করা, দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খানসহ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন