প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। স্ত্রীকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ পুকুরে পাথর চাপা দিয়ে গুম করার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না ঘাতক স্বামীর। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুশীল দাশ (৩০) ওই এলাকার কুড়ের পাড়ের বাসিন্দা। তিনি মৃত মহরলাল দাশের ছেলে।
অভিযানটি পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB-৯), সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং জেলা পুলিশের যৌথ টিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে সুশীল দাশের সাথে রত্না রানী দাশের (২৬) বিয়ে হয়। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই যৌতুক ও পারিবারিক নানা বিষয় নিয়ে সুশীল স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
ঘটনার প্রায় এক মাস আগে তিনি স্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর সংসার করবেন না। বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। কিন্তু অবুঝ সন্তানের মুখের দিকে তাকিয়ে সব নির্যাতন সহ্য করেও স্বামীর বাড়িতেই থেকে যান রত্না। আর সেই থেকে যাওয়াই তার জীবনে কাল হয়ে দাঁড়াল।
পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর রাতে মেয়েকে নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রত্না। পরদিন সকালে তাকে ঘরে না পেয়ে সুশীল দাশ নিখোঁজের নাটক সাজান। তিনি শ্বশুরবাড়িতে খবর দেন এবং নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাচ্ছিলেন না।
অবশেষে গত ২১ অক্টোবর দুপুর ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর আসে, সুশীল দাশের বাড়ির দক্ষিণ পাশের পুকুরে একটি বস্তা ভাসছে। খবর পেয়ে রত্নার ভাই ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে বোনের মরদেহ শনাক্ত করেন।
মরদেহ উদ্ধারের পর পুলিশ দেখতে পায়, রত্নার দুই হাত রশি ও কাপড় দিয়ে শক্ত করে বাঁধা। মরদেহটি বস্তায় ভরে তার সাথে বড় পাথর বেঁধে পানির নিচে ডুবিয়ে রাখা হয়েছিল, যাতে কেউ খুঁজে না পায়।
এ ঘটনায় নিহতের ভাই শ্রীনিবাস দাস বাদী হয়ে সুশীল দাশকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ২১, তারিখ- ২২ অক্টোবর ২০২৬। ধারা- দণ্ডবিধি ৩০২/২০১/৩৪।
মামলা রুজুর পরপরই SRB-৯ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন