প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোগ কর্মসূচির মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কাজ শুরু করেছে। তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণের পাশাপাশি অনুদানও প্রদান করা হবে। নির্বাচিত একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। আজ থেকে গোদাগাড়ীতে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে।
রাজশাহীর গোদাগাড়ীতে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বিষয়ক প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আশরাফ আলী, যিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ জোন ইসলামী ব্যাংক রাজশাহী জোন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। রিসোর্স পারসন হিসেবে ছিলেন মামুনুর রশিদ, অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক রাজশাহী, জিয়াউল হক, এফএভিপি ও শাখা প্রধান ইসলামী ব্যাংক শাখা প্রধান ব্যবস্থাপক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ প্রমুখ।
বক্তারা আলোচনা করেন যে, চাকরির বাজারে প্রতিদিনই প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের চ্যালেঞ্জও বাড়ছে। এ পরিস্থিতিতে চাকরিপ্রার্থী নয়, বরং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, যার নাম ‘উদ্যোগ’।
এই উদ্যোগের আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন পাবেন। উল্লেখযোগ্য সুবিধা হলো, ঋণের বিপরীতে কোনো জামানত দিতে হবে না। গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ম. মামুনুর রশিদ জানান, ‘উদ্যোগ’ একটি প্রচলিত প্রতিযোগিতামূলক কর্মসূচি নয়। তফসিলি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা হবে। তাদের ব্যবসায়িক ধারণা, সম্ভাব্যতা ও প্রকৃত অর্থের প্রয়োজন যাচাই করে অর্থায়ন করা হবে। ঋণের সঙ্গে অনুদানও থাকবে, যেখানে নির্বাচিত প্রত্যেক তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে।
তবে নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থও সুদবিহীন ঋণে পরিণত হবে। সেই ঋণ প্রচলিত নিয়মে শ্রেণিকরণ করা হবে। ফলে সংশ্লিষ্ট উদ্যোক্তা খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাবেন।
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। কর্মসূচিতে আবেদন করতে হলে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে এবং আবেদনের শেষ তারিখে বয়স ২৮ বছরের বেশি হওয়া যাবে না। আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।
এ ক্ষেত্রে আগে থেকেই ব্যবসা পরিচালনা করা বাধ্যতামূলক নয়। সম্ভাবনাময় ও বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেও আবেদন করা যাবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পশুপালন, হস্তশিল্প, পর্যটন, সেবা ও প্রযুক্তিসহ সব ধরনের বৈধ উদ্যোগকে কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে।
আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেওয়া যাবে।
প্রথম ধাপে বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, ও চুয়াডাঙ্গায় সাতটি জেলায় ৪৩ উপজেলা থেকে ১০ জন করে তরুণ উদ্যোক্তা নির্বাচিত হবেন।
প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় ১০ জন তরুণ উদ্যোক্তাকে প্রথম ধাপে নির্বাচন করা হবে। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে এই কর্মসূচির আওতায় অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
অর্থের পাশাপাশি প্রশিক্ষণ ও পরামর্শও প্রদান করা হবে। তরুণদের শুধু অর্থায়ন দেওয়ার মধ্যেই কর্মসূচির কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। নির্বাচিত উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরিতে সহায়তা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের ধারণা, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তিন থেকে পাঁচজনের কর্মসংস্থান তৈরি করতে পারেন। ফলে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতেও এই কর্মসূচি ভূমিকা রাখবে।
১ নভেম্বর শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন যোগ্য তরুণরা।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন