প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে ক্যানসারকে একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করে, প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা, প্রশমনসেবা, শিক্ষা ও গবেষণাকে সমন্বিত করার মাধ্যমে একটি কার্যকর ও টেকসই চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
বুধবার বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে আন্তর্জাতিক মানের স্টেট অব দ্য আর্ট ক্যানসার ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে ক্যানসার প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা এবং শিক্ষা-গবেষণার সক্ষমতা মূল্যায়ন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে বিএমইউ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থার (আইএআরসি) যৌথ উদ্যোগে এই ‘ইমপ্যাক্ট রিভিউ মিশন’ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএমইউ-র ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, প্রস্তাবিত ইনস্টিটিউটে আধুনিক রেডিওথেরাপি, সার্জারি, সিস্টেমিক থেরাপি, প্রশমনসেবা, উচ্চতর চিকিৎসাশিক্ষা ও গবেষণাকে সমন্বিত করার লক্ষ্য রাখা হয়েছে। এর মাধ্যমে রোগীদের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ক্যানসার নিয়ন্ত্রণ কার্যক্রমে বিশ্ববিদ্যালয় তার অবদান শক্তিশালী করতে পারবে।
উপাচার্য বিএমইউ-র অগ্রযাত্রায় ৬টি কৌশলগত অগ্রাধিকারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন
১. বিদ্যমান সক্ষমতা মূল্যায়ন
২. অবকাঠামো ও দক্ষ জনবলের ঘাটতি চিহ্নিতকরণ
৩. সমন্বিত ক্যানসার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ
৪. শিক্ষা, গবেষণা ও জাতীয় চিকিৎসা নির্দেশিকা উন্নয়ন
৫. দেশি-বিদেশি সহযোগিতা সম্প্রসারণ
৬. জাতীয় পর্যায়ে ক্যানসার চিকিৎসা, গবেষণা ও নীতিনির্ধারণে নেতৃত্ব প্রদান
এ ছাড়া তিনি ক্যানসার রেজিস্ট্রি, জাতীয় ক্যানসার চিকিৎসা গাইডলাইন প্রণয়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন ক্যানসার চিকিৎসায় বিদ্যমান সক্ষমতা ও সম্ভাবনার কথা উল্লেখ করে অবকাঠামোগত ঘাটতি পূরণ, রেডিওথেরাপির আধুনিকায়ন এবং বহুবিভাগীয় চিকিৎসাব্যবস্থা জোরদার করার তাগিদ দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমইউ-র উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, ডিন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, ডিন অধ্যাপক ডা. আতিকুর রহমান, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আদনান মাসুদ ও অধ্যাপক ডা. লুৎফুল কবির, প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুলতানা গুলশান বানু, অধ্যাপক ডা. জিল্লুর রহমান, অধ্যাপক ডা. জান্নাত, অধ্যাপক ডা. আখতারুজ্জামান, অধ্যাপক ডা. এম এ সালাম, অধ্যাপক ডা. সাবেরা খাতুন, ডা. সাহিদা ও ডা. জেবা।
সভায় আন্তর্জাতিক বিশেষজ্ঞ ড. সঞ্জীব গুণাসেকেরা, মেগুমি হোরি, মোহাম্মদ ফাহিম, এলি অ্যাশউইন নারায়ণ, ক্যাথরিন ল্যাম, থমাস নিল প্যাসকুয়াল, নালিকা এস. গুণাবর্ধনা এবং প্যাট্রিসিয়া জুলি লিং সশরীরে উপস্থিত ছিলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্যাথলজি বিশেষজ্ঞ ডা. উমা কুন্ডু পাভলোভিচ ও ব্রেস্ট সার্জিক্যাল অনকোলজি বিশেষজ্ঞ ডা. আনা পাউলা কোরেয়া রিফিনেত্তি অনলাইনে যুক্ত হন।
অনুষ্ঠানের বিভাগভিত্তিক তথ্য উপস্থাপনায় অংশ নেন অধ্যাপক ডা. সামিয়া মুবিন, অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক ডা. আশরাফুন নেসা, অধ্যাপক ডা. আনোয়ারুল এবং অধ্যাপক ডা. এ কে এম মতিউর রহমান ভূঁইয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন