প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাস দুর্ঘটনার স্থানে সরাসরি সম্প্রচারের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওর্থ এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন লেগে যায়।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানিয়েছে, ঘটনাস্থলে চারজনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অপর একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এলএএফডি এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার তদন্ত করবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি এনবিসি লস অ্যাঞ্জেলেসের (কেএনবিসি-টিভি) মালিকানাধীন ছিল। এটি চ্যাটসওর্থ এলাকায় একটি বড় বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে গিয়েছিল। ওই বাস দুর্ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছিল। সরাসরি সম্প্রচারের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়। তবে হেলিকপ্টারটি সংবাদমাধ্যমের কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট।
এলএএফডির ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান সাংবাদিকদের জানান, হেলিকপ্টারটি সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত হচ্ছিল কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে অনুমান করতে চান না।
এদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) নিশ্চিত করেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের ছিল না।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে জরুরি বিভাগের সদস্যরা পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন