প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ খেলাফত মজলিস গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ মন্তব্য করেছেন, ক্ষমতায় আসার পর থেকে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একের পর এক জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলছে। তিনি সতর্ক করেছেন যে, যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে জালালুদ্দীন আহমদ উল্লেখ করেন, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধি করে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসেও দাম বেড়েছিল ২১২ টাকা। অর্থাৎ দুই মাসের মধ্যে দুই দফায় মোট ৪৩৫ টাকা দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই ধরনের লাগামহীন ও গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে তারা নিজেদের এ দেশের রাজা মনে করছে এবং জনগণকে অচ্ছুত প্রজা হিসেবে বিবেচনা করছে। কোনো গণতান্ত্রিক সরকার জনগণের মতামত, সামর্থ্য ও দুর্ভোগের প্রতি শ্রদ্ধাশীল হলে এভাবে একের পর এক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে না। জ্বালানির দাম বৃদ্ধি হলে পরিবহন, উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর প্রভাব পড়ে। শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর পুরো বোঝা বহন করতে হয়।
খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে দেশে যে লুটপাটের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল, বিএনপি সরকার যেন সেই লুটপাটের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। গ্যাস ও জ্বালানি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। জনগণের ক্রয়ক্ষমতা ও দুর্ভোগ উপেক্ষা করে সরকার ইচ্ছামতো এসবের দাম বাড়াতে পারে না।
তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, জনগণের দুঃখ-দুর্দশা উপলব্ধি করতে না পারলে এবং তাদের বোঝা লাঘব করতে না পারলে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। দীর্ঘ ১৭ বছর লন্ডনে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষ সীমাহীন ত্যাগ, নির্যাতন ও কষ্টের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ তৈরি করেছে। অথচ জনগণের সেই ত্যাগ ও কষ্টের প্রতি সরকারের কোনো সংবেদনশীলতা দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, যদি দেশ পরিচালনায় সক্ষম না হন, তবে ক্ষমতা ছেড়ে প্রয়োজনে লন্ডনে ফিরে যাওয়া উচিত। জনগণ কাউকে ক্ষমতায় বসাতে যেমন জানে, তেমনি ক্ষমতার মসনদ থেকে নামাতেও জানে।
বিবৃতিতে জালালুদ্দীন আহমদ অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহার এবং জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান। অন্যথায় বাংলাদেশ খেলাফত মজলিস জনগণকে সঙ্গে নিয়ে অচিরেই কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন