প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজা উপত্যকায় নারী ও কিশোরীদের ওপর হামলা চালানোর পাশাপাশি আরোপিত পরিস্থিতি ফিলিস্তিনিদের জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির প্রকাশিত একটি বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অবরুদ্ধ গাজায় নারী ও শিশুদের ওপর চলমান নিপীড়ন ও ক্ষয়ক্ষতি ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যার অবিচ্ছেদ্য অংশ।
২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সংগৃহীত তথ্য এবং ২২৮টি গভীর সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে গাজার নারী ও কিশোরী, প্রত্যক্ষদর্শী, স্বাস্থ্যকর্মী, জাতিসংঘের কর্মী এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিদের বক্তব্যের পাশাপাশি যাচাইকৃত ছবি, ভিডিও, চিকিৎসা নথিপত্র ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত গাজায় নিহত ৭৪ হাজার ২৩৭ জন ফিলিস্তিনির মধ্যে প্রায় ৩০ শতাংশ নারী ও শিশু। সংঘাতের শুরুর দিকে দুই বছরে গড়ে প্রতিদিন প্রায় ৩০ জন নারী ও শিশু নিহত হয়েছেন। পাশাপাশি বাস্তুচ্যুতি, অনাহার ও অবরোধের কারণে পরোক্ষভাবে অসংখ্য নারী ও শিশুর প্রাণহানি ঘটেছে।
অ্যামনেস্টির মতে, গাজার মাতৃস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। নবজাতকদের ইনকিউবেটর ভাগাভাগি করে ব্যবহার করতে বাধ্য হওয়া, চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট এবং নিরাপদ মাতৃত্বের সুযোগ না থাকায় প্রতিরোধযোগ্য মৃত্যু বাড়ছে। অনেক নারী মানসিক ট্রমা ও অনিশ্চয়তার কারণে সন্তান নেওয়ার পরিকল্পনাও বাদ দিতে বাধ্য হচ্ছেন। সংস্থাটি মনে করে, ইসরায়েলের পদক্ষেপগুলো গাজায় ফিলিস্তিনিদের মধ্যে জন্মহার রোধ করার মতো পরিস্থিতি তৈরি করেছে, যা গণহত্যা সনদের আওতায় তদন্তের দাবি রাখে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার ৯০ শতাংশেরও বেশি মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। অনেক নারী পরিবার-পরিজন হারিয়ে একাই সংসারের হাল ধরতে বাধ্য হয়েছেন এবং নিখোঁজ স্বজনদের খোঁজে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। গত বছরের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড ও বেসামরিক মানুষের ওপর ক্ষয়ক্ষতি বন্ধ হয়নি বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
গাজার উইমেন্স অ্যাফেয়ার্স সেন্টারের পরিচালক আমাল সিয়াম প্রতিবেদনে বলেছেন, গাজার কোনো নারীকে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তারা পাল্টা জানতে চান, কীসের ভবিষ্যৎ?
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অবিলম্বে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সব ধরনের লঙ্ঘন বন্ধ, মানবিক সহায়তা ও পুনর্গঠনের পথ সুগম করা এবং ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাসহ কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানায়, প্রতিবেদন প্রকাশের আগে গত ৩০ সেপ্টেম্বর ইসরায়েলি কর্তৃপক্ষ ও হামাসের রাজনৈতিক ব্যুরোর কাছে এসব পর্যবেক্ষণ পাঠানো হলেও প্রকাশের সময় পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন