প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ৯ নভেম্বর, ২০২৬ : নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। এই মেলা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
এ উপলক্ষে আজ সোমবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
বিভাগীয় কমিশনার সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, "জ্ঞানমনস্ক আলোকিত জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই।" তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণই এই বইমেলার মূল লক্ষ্য।
সরকার এই উদ্দেশ্যকে সামনে রেখে দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে সৃজনশীল বইমেলার আয়োজন করছে। খুলনা বিভাগীয় বইমেলা সেই ধারাবাহিকতার অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, "বই পড়লে আমাদের মনে জন্ম নেয় আনন্দ-বেদনার কাব্যিক ও দার্শনিক সত্যবাদ।" বই পড়ার মাধ্যমে কর্মজীবনের ক্লান্তি দূর হয় এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা যায়, এমনটিও উল্লেখ করেন তিনি।
প্রেস কনফারেন্সে জানানো হয়, বইমেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
মেলার প্রাণবন্ত পরিবেশ সৃষ্টির জন্য ‘সংস্কৃতি ও নৈতিকতা’, ‘মানবতাবাদ ও বিশ্ব শান্তি’ এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে তিনদিনে তিনটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
এছাড়া, বই ক্রয়কারীদের মধ্যে প্রতিদিন কুপনের মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করার ব্যবস্থা থাকবে। এবারের বইমেলায় মোট ৯০টি স্টল থাকবে।
ঢাকা থেকে আগত প্রকাশনাগুলোর জন্য ৭১টি স্টল বরাদ্দ রয়েছে, বিভাগীয় ও জেলা অফিসের জন্য নয়টি স্টল এবং পুলিশ কন্ট্রোলরুম, তথ্য কেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল থাকবে।
এছাড়া, পাঁচটি খাবার স্টলও থাকবে। প্রকাশনীর স্টলগুলোতে তারা নিজেদের প্রকাশিত বইগুলো প্রদর্শন ও বিক্রি করবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এই বইমেলা অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন