প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কালের পরিবর্তনের প্রভাবে পটুয়াখালী জেলার দুমকিতে গরুর মাধ্যমে হালচাষের ঐতিহ্য ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। দেশে ডিজিটালাইজেশনের সুফল পাওয়া যাচ্ছে এবং এই অগ্রগতির ছোঁয়া কৃষি প্রযুক্তিতেও লক্ষ্য করা যাচ্ছে। নতুন যন্ত্রপাতির আবিষ্কারের ফলে বাঙালির পরিচিত গরু-লাঙল দিয়ে জমি চাষের দৃশ্য এখন ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে।
পটুয়াখালীর দুমকিতে গরুর লাঙ্গল দিয়ে জমি চাষের দৃশ্য এক সময় সকলের দৃষ্টি আকর্ষণ করত। মাঠের দিকে নজর দিলেই দেখা যেত অসংখ্য কৃষক লোহার তৈরি ধারালো লাঙ্গল, কাঠের হাতল এবং বাঁশ বা কাঠের জোয়ালের মাধ্যমে গরুকে কাজে লাগিয়ে জমি চাষ করছে। সেই সময় গরু ছাড়া জমি চাষের চিন্তাও করা যেত না। কিন্তু বর্তমানে গরু লাঙ্গলের সাথে কৃষকের পরিচিত দৃশ্য এখন বিরল হয়ে পড়েছে। বিজ্ঞানের অগ্রগতির ফলে গরুর লাঙ্গলের জায়গা দখল করে নিয়েছে ট্রাক্টর ও পাওয়ার টিলারসহ আধুনিক যন্ত্রপাতি। এখন কৃষকরা কাকডাকা ভোরে জমি চাষ করতে মাঠে যান না। তারা সুবিধামতো সময়ে ট্রাক্টর বা পাওয়ার টিলার নিয়ে মাঠে গিয়ে অল্প সময়ে জমি চাষ ও মই দিয়ে ফসল আবাদ করছেন। যদিও ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে জমি চাষে পরিশ্রম ও সময় কমেছে, কিন্তু ফসলের গুণগত মান ও স্বাদ কমে গেছে। এছাড়া জমির উর্বরতা দিন দিন হ্রাস পাচ্ছে।
শ্রীরামপুর ইউনিয়নের প্রবীণ কৃষক মোঃ নুর ইসলাম হাওলাদার জানান, এক সময় দুমকি অঞ্চলে প্রতিটি বাড়িতে গরুর লালন পালন করা হতো। গরুগুলো যেন পরিবারের সদস্যের মতো ছিল। গরুর মাধ্যমে একরের পর একর জমি চাষাবাদ করা হতো। মুরাদিয়া ইউনিয়নের প্রবীণ কৃষক মোঃ ইউনুস আকন বলেন, যাদের গরু বা হাল ছিল না, তারা অন্যদের কামলা দিত এবং পরে তাদের গরু নিয়ে জমি চাষ করত। এতে করে চাষের মৌসুমে তাদের উপরি আয়ের ব্যবস্থা হতো।
উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের কৃষক আব্দুল লতিফ খান বলেন, জীবনের অধিকাংশ সময় তিনি তার লাঙ্গল, জোয়াল ও গরুর পালনের সাথে কাটিয়েছেন। তার বাবা অসুস্থ থাকায় তিনি ১৩ থেকে ১৫ বছর বয়সে চাচাদের সঙ্গে হাল চাষের কাজে নিযুক্ত হন। বাড়িতে তিন জোড়া বলদ গরু ছিল, যা চাষের জন্য প্রয়োজন ছিল। তিনি বলেন, "একজোড়া বলদ লাঙ্গল-জোয়াল নিয়ে গরুর মুখের তুরি দিয়ে হালচাষ করতাম।" কিন্তু এখন বয়স ও অসুস্থতার কারণে তিনি হালচাষ ছেড়ে দিয়েছেন। যান্ত্রিকতার কারণে গরু দিয়ে হালচাষ করা এখন কার্যত অসম্ভব। তিনি বলেন, "পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে কষ্টের দিনগুলোর কথা মনে করে সময় পার করছি।"
গরু দিয়ে হালচাষের উপকারিতা বর্ণনা করে পাঙ্গাসিয়া ইউনিয়নের কৃষক শাহজাহান মুন্সী বলেন, গরু দিয়ে হালচাষ করলে জমিতে ঘাস কম হতো এবং গরুর গোবর জমিতে পড়ে জৈব সার তৈরি হতো, ফলে ফসল ভালো হতো। তিনি ট্রাক্টর দিয়ে চাষের পদ্ধতিকে পরিবেশ দূষণের কারণ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, "হালের গরুর গোবর আমরা বাড়ি থেকে জমিতে দিতাম।" তিনি আরও বলেন, গরু দিয়ে হালচাষ গ্রামীণ সমাজের কৃষকদের জন্য একমাত্র অবলম্বন ছিল, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এটি বিলুপ্তির পথে। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এখন কঠিন হয়ে পড়েছে। তবে কিছু স্থানীয় কৃষক এখনও এই ঐতিহ্য রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু যান্ত্রিকতার প্রভাবে ঐতিহ্যের কৃষি উপকরণ কৃষকের ঘরে কতদিন টিকে থাকবে, তা ভবিষ্যতের বিষয়। গরু দিয়ে হালচাষ না থাকার কারণে গ্রামের মানুষের মধ্যে অলসতা দেখা দিয়েছে। গরুর জৈব সার দিয়ে বাড়ির আঙিনায় যে শাকসবজি হতো, সেগুলো এখন আর হচ্ছে না। তাই এই গ্রামীণ ঐতিহ্য গরু দিয়ে হালচাষ ও গরু পালনের রক্ষা করা প্রয়োজন বলে অভিজ্ঞদের পরামর্শ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন "ইনকিলাবের এ প্রতিবেদক'কে" বলেন, গরু ও লাঙ্গল ছিল পরিবেশবান্ধব ও ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। তবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কম সময়ে কম খরচে বেশি ফলন পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে কৃষিতে আরো পরিবর্তন আসবে। আধুনিকতার স্রোতে গ্রাম বাংলার গরু দিয়ে হালচাষের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন