প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অনেকেই তাদের সঞ্চিত অর্থ নিরাপদে রেখে নিয়মিত মুনাফা পাওয়ার প্রত্যাশা করেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি, চাকরিজীবী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং মধ্যবিত্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—এক লাখ টাকা কোথায় বিনিয়োগ করলে তুলনামূলক বেশি মুনাফা পাওয়া যাবে?
ব্যাংকের ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর), সরকারি ট্রেজারি বন্ড, জাতীয় সঞ্চয়পত্র এবং ডাকঘরের মেয়াদি আমানত—এই চারটি বিনিয়োগ মাধ্যম নিয়ে মানুষের আগ্রহ বেশি। তবে, প্রতিটি বিনিয়োগের মুনাফার হার, মেয়াদ, অর্থ উত্তোলনের নিয়ম এবং ঝুঁকির ধরন ভিন্ন।
এক লাখ টাকা বিনিয়োগের তুলনামূলক হিসাব করলে দেখা যায়, ব্যাংকের এফডিআরে বার্ষিক ৮.৫০ শতাংশ হারে সম্ভাব্য আয় ৮ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, ট্রেজারি বন্ডের ৯.৩৮ শতাংশ ইল্ড ধরে হিসাব করলে আয় দাঁড়ায় ৯ হাজার ৩৮০ টাকা। নির্দিষ্ট যোগ্যতার পেনশনার সঞ্চয়পত্রে ১১.৯৮ শতাংশ হারে হিসাব করলে সম্ভাব্য বার্ষিক মুনাফা ১১ হাজার ৯৮০ টাকা। ডাকঘরের তিন বছর মেয়াদি আমানতের ১১.৮২ শতাংশ হারে হিসাব করলে সম্ভাব্য আয় ১১ হাজার ৮২০ টাকা।
এগুলো কর ও অন্যান্য চার্জের আগে সরলীকৃত বার্ষিক হিসাব। প্রকৃত অর্থপ্রাপ্তি বিনিয়োগের শর্ত, কর, মেয়াদ ও পেমেন্ট পদ্ধতির ওপর নির্ভরশীল।
ব্যাংকের এফডিআর
ব্যাংকের এফডিআর বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট হলো নির্দিষ্ট মেয়াদের জন্য ব্যাংকে টাকা জমা রেখে সুদ বা মুনাফা পাওয়ার ব্যবস্থা। এক মাস, তিন মাস, ছয় মাস কিংবা এক বছরসহ বিভিন্ন মেয়াদে এফডিআর খোলা যায়।
বার্ষিক ৮.৫০ শতাংশ হার ধরে এক লাখ টাকার সম্ভাব্য আয় ৮ হাজার ৫০০ টাকা হলে, মাসিক গড় হিসাবে তা হয় প্রায় ৭০৮ টাকা।
তবে, সব ব্যাংক ৮.৫০ শতাংশ মুনাফা দেয় না। ব্যাংকের আর্থিক অবস্থা, আমানতের পরিমাণ, মেয়াদ এবং বিশেষ স্কিম অনুযায়ী হার পরিবর্তিত হতে পারে।
এফডিআর করার আগে কয়েকটি বিষয় দেখা জরুরি। যেমন, মেয়াদপূর্তির আগে টাকা ভাঙালে কত মুনাফা পাওয়া যাবে, উৎসে কর কত কাটবে, আবগারি শুল্ক প্রযোজ্য হবে কি না এবং ব্যাংকের আমানত ফেরত দেওয়ার সক্ষমতা কেমন।
সরকারি ট্রেজারি বন্ড
সরকারি ট্রেজারি বন্ড আরেকটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ মাধ্যম। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকারি সিকিউরিটিজের নিলাম ও লেনদেন পরিচালিত হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর মাসে বিভিন্ন মেয়াদের সরকারি ট্রেজারি বন্ডের ইল্ডে পার্থক্য রয়েছে। ১৮ নভেম্বরের স্ট্যান্ডার্ড ইল্ড অনুযায়ী ২ বছর মেয়াদে ৮.৫৫ শতাংশ, ৫ বছর মেয়াদে ৮.২২ শতাংশ এবং ১০, ১৫ ও ২০ বছর মেয়াদে প্রায় ৯.৩২–৯.৩৮ শতাংশ ইল্ড দেখা গেছে।
এ কারণে ৯.৩৮ শতাংশকে সব ট্রেজারি বন্ডের নির্দিষ্ট হার হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।
ট্রেজারি বন্ডের বড় সুবিধা হলো, এটি সরকার কর্তৃক ইস্যু করা সিকিউরিটিজ। নির্দিষ্ট মেয়াদে কুপন প্রদান এবং মেয়াদপূর্তিতে মূলধন ফেরতের কাঠামো রয়েছে। তবে, বাজারে কেনাবেচার ক্ষেত্রে মূল্য পরিবর্তনের কারণে প্রকৃত রিটার্ন কম-বেশি হতে পারে।
সঞ্চয়পত্র
জাতীয় সঞ্চয়পত্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি ও নিয়মিত আয়ের প্রয়োজন রয়েছে এমন পরিবারের জন্য এর গুরুত্ব বেশি।
২০২৬ সালের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য সরকার জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখেছে। বিনিয়োগের পরিমাণ, স্কিম এবং মেয়াদ অনুযায়ী হার ভিন্ন।
প্রচলিত হার অনুযায়ী পেনশনার সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১.৯৮ শতাংশ মুনাফা মেলে। এ ছাড়া পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১.৯৩ শতাংশ, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১.৮৩ শতাংশ এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১.৮২ শতাংশ মেলে।
এখানে সর্বোচ্চ হার সাধারণত ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগের প্রথম স্তরের ক্ষেত্রে প্রযোজ্য। এর বেশি বিনিয়োগে দ্বিতীয় স্তরের হার কার্যকর হতে পারে। কোন স্কিমে বিনিয়োগ করা যাবে, সেটিও নির্ধারিত যোগ্যতার ওপর নির্ভর করে।
এক লাখ টাকা বিনিয়োগে ১১.৯৮ শতাংশ হারে বছরে ১১ হাজার ৯৮০ টাকা মুনাফার গাণিতিক হিসাব পাওয়া যায়। তবে, এটি পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীর জন্য প্রযোজ্য; সব ধরনের সঞ্চয়পত্রের জন্য নয়।
ডাকঘরের মেয়াদি আমানত
ডাকঘরের মেয়াদি আমানতও অনেকের কাছে পরিচিত একটি সঞ্চয় মাধ্যম। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদি সঞ্চয়ের পাশাপাশি নির্ধারিত মুনাফা চান, তাদের জন্য এটি বিবেচনাযোগ্য।
তিন বছর মেয়াদি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদপূর্তিতে সর্বোচ্চ ১১.৮২ শতাংশ হার রয়েছে। এর বেশি বিনিয়োগে হার ১১.৭৭ শতাংশ।
এক লাখ টাকা বিনিয়োগে ১১.৮২ শতাংশ ধরে বার্ষিক সরলীকৃত হিসাব ১১ হাজার ৮২০ টাকা। মাসিক গড় হিসাবে প্রায় ৯৮৫ টাকা।
তবে, এই অর্থ মাসে মাসে হাতে পাওয়া যাবে—এমন নিশ্চয়তা নেই। প্রকৃত মুনাফা প্রদানের সময়সূচি ও আগাম উত্তোলনের নিয়ম যাচাই করা জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন