প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে (২৫) নেত্রকোনা জেলা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামে তার নিজ বাড়ি থেকে কাউসারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত রুকু মিয়ার পুত্র।
এর আগে, মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে নেত্রকোনার পূর্বধলায় তার অবস্থান সনাক্ত করা হয়। বৃহস্পতিবার ভোর চারটার দিকে পূর্বধলা থানা পুলিশের সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের পর কাউসারকে ঢাকার কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পোশাকশ্রমিক আলো আক্তার (১৭) হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কাউসারকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ১০ নভেম্বর তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। আদালতে দায়িত্বরত এক কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পালিয়ে যাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২০ সালের ২০ জুলাই ঢাকার দক্ষিণখান থানার দক্ষিণপাড়া এলাকায় পোশাকশ্রমিক আলো আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা রবিউল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিনেই সন্দেহভাজন আসামি হিসেবে টঙ্গী এলাকা থেকে কাউসার মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
পরবর্তীতে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কাউসার জানান, নিহত আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আলো অন্য একজনের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়ায় ক্ষোভের বশে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন