ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঝিনাইগাতীতে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুলিশ তদন্ত শুরু


ঝিনাইগাতীতে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুলিশ তদন্ত শুরু

শেরপুর জেলার ঝিনাইগাতীর রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের দ্বারা আগুন লাগানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরের দিকে উপজেলার মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়ন ভূমি কার্যালয়ে এই ঘটনা ঘটে। মূলত একটি কার্যালয় থেকে দুটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হয়ে আসছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর বুধবার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে অবস্থিত রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাজ শেষে কর্মকর্তারা কার্যালয়টি তালা দিয়ে চলে যান। পরবর্তীতে বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগেই ভূমি কার্যালয়ের ভেতরে রাখা অধিকাংশ ভূমিসংক্রান্ত কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। ভবনের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দা হারুন-অর-রসিদ মন্তব্য করেন, "কে বা কারা আগুন দিয়েছে তা আমি দেখিনি, তবে এটি নাশকতামূলক কর্মকাণ্ড। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন জমির কাগজপত্র তুলতে গেলে হয়রানির স্বীকার হতে হবে।" উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার জানান, বিআরএস রেকর্ডের কিছু বই ছাড়া সব নথিপত্র পুড়ে গেছে। জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে নিষিদ্ধ সংগঠের নেতা-কর্মী, মাদক কারবারী ও বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষার কয়েক ঘণ্টা আগে ইউটিউবে প্রশ্ন, সেই প্রশ্নেই পরীক্ষা নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


পরীক্ষার কয়েক ঘণ্টা আগে ইউটিউবে প্রশ্ন, সেই প্রশ্নেই পরীক্ষা নেওয়ার অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে ইউটিউবে প্রকাশিত হওয়ার অভিযোগ উঠেছে, যা চাঞ্চল্যকর। উদ্বেগের বিষয় হলো, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ার পরও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান একই প্রশ্নে পরীক্ষা গ্রহণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

"অনরৎ গবহঃড়ৎ" নামে একটি ইউটিউব চ্যানেলে পরীক্ষার আগের দিন বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র প্রকাশ করা হয়। পরে দেখা যায়, ওই প্রশ্নের সঙ্গে অনেক বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন হুবহু মিলে গেছে। এই প্রশ্নফাঁসের ঘটনায় অভিভাবক এবং শিক্ষার্থীসহ সচেতন মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্রণীত প্রশ্নে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও ত্রিশালের অধিকাংশ বিদ্যালয় সেই নির্দেশনা মানছে না বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন প্রকাশনা সংস্থার বিনামূল্যে সরবরাহ করা প্রশ্ন সংগ্রহ করেই পরীক্ষা নেওয়া হচ্ছে, যা পরীক্ষার আগেই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

সরেজমিন অনুসন্ধান ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, নির্ধারিত পরীক্ষার আগেই একাধিক বিষয়ের প্রশ্ন ইউটিউবে পাওয়া গেছে। ইতোমধ্যে অন্তত পাঁচটি বিষয়ের পরীক্ষা ওই প্রশ্ন দিয়েই সম্পন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২৫ নভেম্বরই ইউটিউবে একই প্রশ্ন প্রকাশিত হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, পরীক্ষা দিতে এসে তারা জানতে পারে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে তাদের জানানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, "পরীক্ষার প্রশ্নপত্র একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রশ্নের সঙ্গে মিলে যাওয়ার বিষয়টি জানতে পেরেই আমড়া পরীক্ষা স্থগিত করেছি। পরবর্তীতে নতুন প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা নেওয়া হবে।" ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, "ইউটিউবে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্ন মিলে যাওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান-এর বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। ময়মনসিংহের জেলাপ্রশাসক মো. সাইফুর রহমান বলেন, "এটি কোমলমতি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও মানসিক আঘাতের বিষয়। প্রশ্নপত্র কীভাবে ইউটিউবে গেল, কারা এর সঙ্গে জড়িতÑতা তদন্ত করে বের করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হবে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" প্রশ্নফাঁসের অভিযোগে ত্রিশালের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। অভিভাবক ও সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে যুবদের জন্য ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


শেরপুরে যুবদের জন্য ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরে যুবদের জন্য ডিজিটাল প্রযুক্তির দক্ষতা উন্নয়ন সংক্রান্ত একটি দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সুরক্ষা ও নিরাপত্তা, অনলাইনে কুতথ্য, গুজব, অপতথ্য, এবং ফ্যাক্ট চেকিং।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর সহযোগিতায় নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি এই প্রশিক্ষণের আয়োজন করে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার শেরপুর শহরের রঘুনাথ বাজার হোটেল আয়সার ইন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে জনউদ্যোগ শেরপুর যুব গ্রুপের ২০ জন যুব সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের সঞ্চালক ছিলেন জনউদ্যোগ শেরপুর কমিটির সদস্যসচিব হাকিম বাবুল। প্রশিক্ষণ প্রদান করেন আইইডি ময়মনসিংহ কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা মো.

সাখাওয়াত হোসেন। তাকে সহায়তা করেন ওয়েব ডেভেলপার মো.

মিনহাজ উদ্দিন। আইইডি’র আইপি ফেলো সুমন্ত বর্মন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

প্রশিক্ষণে এআই ব্যবহারের বিভিন্ন টুলস, প্রম্পট, কুতথ্য, গুজব, অপতথ্য, ডিপফেইক, হেটস্পিচ, ফ্যাক্টচেকিং টুলস এবং সাইবার নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় জানানো হয়, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের জীবন, সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

এর সঠিক ব্যবহার যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলছে, তেমনি অপব্যবহার সৃষ্টি করছে নানা ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ। এজন্য এআই ও তথ্যপ্রযুক্তির সীমাবদ্ধতা এবং ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে।

অনলাইনে ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তে ফ্যাক্ট-চেকিং দক্ষতা তৈরি করে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে একটি সচেতন ও নিরাপদ ডিজিটাল সমাজ গড়ে তোলা, যাতে তথ্যপ্রযুক্তি ও এআই-এর সঠিক, নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা যায়। এজন্য প্রযুক্তিকে ভয় নয়, সচেতনতা, দক্ষতা ও দায়িত্বের সঙ্গে ব্যবহারের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুভেন্দু সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের মাদরাসায় শুক্রবারের ছুটি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


শুভেন্দু সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের মাদরাসায় শুক্রবারের ছুটি বাতিল

পশ্চিমবঙ্গের সব সরকার-স্বীকৃত মাদরাসায় শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে কেবল রবিবার ছুটি রাখার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মাদরাসা শিক্ষা পর্ষদ। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে। রাজ্যটিতে বিজেপি সরকারের ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের টার্গেট করে একের পর এক নিপীড়ন ও বৈষম্যমূলক আইন ও নিয়ম কানুন চালুর অংশ হিসেবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে।

গতকাল ২৭ নভেম্বর জারি করা এবং শনিবার (২৮ নভেম্বর) পর্ষদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ‘রবিবার ব্যতীত অন্যান্য কর্মদিবসে সাপ্তাহিক ছুটি বাতিল’-এর এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে রাজ্যের সব স্বীকৃত মাদরাসার প্রধানদের অবিলম্বে নতুন এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “নির্দেশ অনুযায়ী, রাজ্যের সব মাদরাসার দৈনন্দিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ২০২৬ সালের শিক্ষাপঞ্জি বাস্তবায়নের জন্য স্বীকৃত মাদরাসাগুলোর প্রধানদের নির্দেশ দেওয়া হলো। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ২৫ নম্বর ধারা এবং পর্ষদের ২০২৫ সালের ২৪ ডিসেম্বরের পূর্ববর্তী একটি বিজ্ঞপ্তির বিধান অনুযায়ী, এই পর্ষদের অধীনস্থ সব স্বীকৃত মাদরাসা কেবল রবিবারকেই একমাত্র সাপ্তাহিক ছুটি হিসেবে পালন করবে।”

এতে আরও বলা হয়, পর্ষদের অধীনস্থ সব স্বীকৃত মাদরাসাকে রবিবার ছাড়া সপ্তাহের অন্য কোনো দিনে অতিরিক্ত কোনো নিয়মিত সাপ্তাহিক ছুটি পালন অবিলম্বে বন্ধ করতে হবে।

পাঠ্যক্রম সংস্কার, স্কুলের বেতন কাঠামো পুনর্নির্ধারণ, শিক্ষার্থীদের পোশাকবিধি এবং বায়োমেট্রিক হাজিরা চালুর মতো শিক্ষাব্যবস্থায় রাজ্য সরকারের নেওয়া একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপের মধ্যেই এই সিদ্ধান্ত এলো।

দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গের বেশ কিছু মাদরাসা জুমার নামাজে অংশগ্রহণের সুবিধার্থে ঐতিহ্যগতভাবে শুক্রবার সাপ্তাহিক ছুটি পালন করে আসছিল এবং ওই দিনের পড়াশোনার ঘাটতি পুষিয়ে নিতে রবিবার খোলা থাকত। নতুন এই নির্দেশনা দীর্ঘদিনের সেই প্রথায় পরিবর্তন আনল এবং রাজ্যের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে স্বীকৃত মাদরাসাগুলোর সাপ্তাহিক ছুটির তালিকায় সামঞ্জস্য তৈরি করল।

পর্ষদ স্পষ্ট করে জানিয়েছে যে, রবিবার ছাড়া অন্য কোনো সাপ্তাহিক ছুটির অনুমতি দেওয়া হবে না; তবে শিক্ষাপঞ্জি অনুযায়ী ধর্মীয় উৎসব এবং সরকার ঘোষিত ছুটির দিনগুলোতে প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “পশ্চিমবঙ্গ সরকার/পশ্চিমবঙ্গ মাদরাসা শিক্ষা পর্ষদ বা অন্যান্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে জনসমাগমমূলক অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, জাতীয় দিবস বা অন্য কোনো বিশেষ কারণে ঘোষিত ছুটির ওপর এই নির্দেশনার কোনো প্রভাব পড়বে না।”

এর আগে ২০২৬ সালের অক্টোবরে ভারতের উত্তরাখণ্ড সরকার তাদের রাজ্যের ২০৬টি স্বীকৃত মাদরাসায় শুক্রবারের ছুটি বাতিল করেছিল; সেই ঘটনার পরপরই পশ্চিমবঙ্গে এই সিদ্ধান্ত নেওয়া হলো। সাম্প্রতিক মাসগুলোতে মাদরাসা প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারিও বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

উল্লেখ্য, ২০২৬ সালের সেপ্টেম্বরে পর্যাপ্ত নথিপত্রের অভাব, অবকাঠামোগত ঘাটতি, শিক্ষক ও শিক্ষার্থীর অপর্যাপ্ততা এবং অর্থায়নের উৎসে অসংগতিসহ নির্ধারিত নিয়মাবলি লঙ্ঘনের অভিযোগে রাজ্যের ২২টি জেলার ২৫২টি অননুমোদিত মাদরাসা বন্ধের নির্দেশ দিয়েছিল হিন্দুত্ববাদী নতুন প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিউশনের বেতন নিয়ে ফিরছিলেন কুবি শিক্ষার্থী, ছুরি দেখিয়ে ৫ হাজার টাকা ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


টিউশনের বেতন নিয়ে ফিরছিলেন কুবি শিক্ষার্থী, ছুরি দেখিয়ে ৫ হাজার টাকা ছিনতাই

কুমিল্লা শহরের সালাউদ্দিন মোড়ে চলন্ত মিশুকের মধ্যে ছুরি দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। অন্য ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে গেছে।

শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় সালাউদ্দিন মোড়ের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম মিয়া সরকার, যিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, জানান, সন্ধ্যা ছয়টার দিকে টিউশন শেষ করে কান্দিরপাড় থেকে মিশুকে করে টমছম ব্রিজের দিকে যাচ্ছিলেন। সালাউদ্দিন মোড়ে যানজটের কারণে মিশুকটি ধীরগতিতে চলছিল, এমন সময় হঠাৎ দুই ব্যক্তি তাতে উঠে পড়েন। তারা ছুরি দেখিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন দিতে বলেন। ফাহিম টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক তার কাছে থাকা টিউশনের টাকা ছিনিয়ে নেয়।

ফাহিম বলেন, ‘টিউশন থেকে আজকেই পাঁচ হাজার টাকা পেয়েছিলাম। এর সঙ্গে ব্যক্তিগত টাকাও ছিল। টাকা নিয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে আমি পেছন থেকে তাদের ধরার চেষ্টা করি। সালাউদ্দিন মোড় থেকে একটু ভেতরের দিকে গেলে স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলেন। অন্যজন টাকা নিয়ে পালিয়ে যায়।’

পরে স্থানীয় লোকজন আটক ব্যক্তিকে মারধর করেন। প্রথমে তাকে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। পুলিশের এক উপপরিদর্শক (এসআই) জানান, আটক ব্যক্তির নাম বাদশাহ।

এ ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী থানায় অভিযোগ দায়ের করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় কয়েকজন জড়িত ছিল। তাদের মধ্যে একজনকে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়েছে। তাকে প্রথমে চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে কোতোয়ালি থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%