ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের তথ্য পাচারকারী ভারতীয় গুপ্তচর ৭ দিনের রিমান্ডে


বাংলাদেশের তথ্য পাচারকারী ভারতীয় গুপ্তচর ৭ দিনের রিমান্ডে

বাংলাদেশে বসে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে ধরা পড়া ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে আদালত সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই রিমান্ডের আদেশ প্রদান করেন।

এদিন রবিউল ইসলামের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সরকারি গোপন আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন।

আরও পড়ুন: টিনের চালের নিচে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার, অ্যানেসথেসিয়া চিকিৎসক নেই

মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. নুর আলম। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, রবিউল ইসলামের ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টের জন্ম তারিখে গড়মিল রয়েছে। যদিও তিনি ভারতীয় নাগরিক, তার পাসপোর্টে জন্মস্থান সৌদি আরবের রিয়াদ উল্লেখ করা আছে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রবিউল স্বীকার করেন যে, তিনি প্রায় ১০-১২ বছর ধরে বাংলাদেশে যাতায়াত করছেন। তিনি কখনো ট্যুরিস্ট ভিসা, কখনো বিজনেস ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন। বেশিরভাগ সময় তিনি ট্যুরিস্ট ভিসায় এসে ব্যবসায়িক কার্যক্রমের আড়ালে গুপ্তচরবৃত্তি করে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে আসছেন। এর ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ১৫ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি অবস্থান করে রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী কাজে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও নিষিদ্ধ এলাকার ছবি, গুরুত্বপূর্ণ সরকারি নথি বা তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর চেষ্টা করেন।

আসামি রবিউল ইসলাম রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী কাজে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও নিষিদ্ধ এলাকার ছবি, গুরুত্বপূর্ণ সরকারি নথি বা তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো, পাঠানোর চেষ্টা এবং বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সহায়তা করায় তার বিরুদ্ধে ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩, ৩এ, ৪, ৫ এবং ৯ ধারার অপরাধ পাওয়া যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওইদিন গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের এসআই বিনয় কুমার রায় তার সাত দিনের রিমান্ডের আবেদন করেন। ওইদিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। চার দিনের জিজ্ঞাসাবাদ শেষ করে গত ২৭ সেপ্টেম্বর ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের সত্যতা পাওয়া যায়।

আরও পড়ুন: পুলিশ সদর দপ্তরে সংযুক্ত হলেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথি হুমকির মধ্যে লোহিত সাগরে তেলবাহী জাহাজের নিরাপত্তায় ফরাসি নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


হুথি হুমকির মধ্যে লোহিত সাগরে তেলবাহী জাহাজের নিরাপত্তায় ফরাসি নৌবাহিনী

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার হুমকির প্রেক্ষাপটে লোহিত সাগরে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ফ্রান্স সরাসরি কড়া প্রহরা চালু করেছে। গত এক সপ্তাহের মধ্যে বাব আল-মানদে প্রণালী দিয়ে অন্তত ১০টি জাহাজকে নিরাপদে অতিক্রম করতে ফরাসি একটি যুদ্ধজাহাজ এস্কোর্ট বা সামরিক প্রহরা প্রদান করেছে।

ফরাসি সেনাবাহিনীর মুখপাত্র জাভিয়ার রিভাল জানিয়েছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে হুথি আক্রমণ থেকে রক্ষা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষ যৌথ সামরিক মিশনের অংশ হিসেবে এই যুদ্ধজাহাজটি মোতায়েন করা হয়েছে।

এছাড়া, সউদী আরবের জ্বালানি অবকাঠামোর সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য রিয়াদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে প্যারিস। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছিলেন, সউদী আরব যেন প্রতিদিন তাদের লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে লাখ লাখ ব্যারেল জ্বালানি তেল নিরাপদে রপ্তানি করতে পারে, সে লক্ষ্যে সামরিক সেনাসদস্য, রাডার এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে ফ্রান্স।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, লোহিত সাগরের কৌশলগত এই সমুদ্রপথে নিরাপত্তা বজায় রাখা বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখার জন্য অত্যন্ত জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের প্রসাধনী খাতের উন্নয়নে কসল্যাবের সঙ্গে যুক্ত হলেন কোরীয় বিশেষজ্ঞ ড. জুনোহ কিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


বাংলাদেশের প্রসাধনী খাতের উন্নয়নে কসল্যাবের সঙ্গে যুক্ত হলেন কোরীয় বিশেষজ্ঞ ড. জুনোহ কিম

বাংলাদেশের স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিন’ও-এর উৎপাদনকারী প্রতিষ্ঠান কসল্যাব পারসোনাল কেয়ার লিমিটেড দক্ষিণ কোরিয়ার প্রসাধনী বিশেষজ্ঞ ড. জুনোহ কিমকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। এই নিয়োগের উদ্দেশ্য হলো গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সক্ষমতা বৃদ্ধি করা।

দেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের নির্মাতারা উন্নত ফর্মুলেশন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করে উচ্চমূল্যের পণ্য তৈরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে কসল্যাব এই উদ্যোগ গ্রহণ করেছে।

ড. জুনোহ কিমের ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে প্রসাধনী ফর্মুলেশন, উপাদান, উন্নত ডেলিভারি সিস্টেম ও প্রযুক্তি উদ্ভাবনে। তিনি ঢাকায় ও দক্ষিণ কোরিয়ার সিউলে কসল্যাবের আরঅ্যান্ডডি দলের সঙ্গে কাজ করবেন।

কোম্পানির তথ্য অনুযায়ী, ড. কিম উন্নত ফর্মুলেশন, নতুন পণ্য উদ্ভাবন এবং প্রযুক্তি উন্নয়নে কাজ করবেন। দক্ষিণ কোরিয়ার প্রসাধনী প্রতিষ্ঠান অ্যামোরেপ্যাসিফিকের আরঅ্যান্ডডি সেন্টারে তিনি প্রায় ২২ বছর কাজ করেছেন। সেখানে তিনি স্কিনকেয়ার ফর্মুলেশন, প্রসাধনী উপাদান এবং ন্যানোটেকনোলজি, লিপোসোম, ন্যানোপার্টিকল ও ত্বকের মাধ্যমে উপাদান প্রবেশের প্রযুক্তি নিয়ে কাজ করেন।

অ্যামোরেপ্যাসিফিকের ব্র্যান্ডগুলোর মধ্যে ইনিসফ্রি, কসআরএক্স, হেরা ও লেনেইজ অন্তর্ভুক্ত। পরবর্তীতে, ড. কিম ইন্টারকস কোরিয়া ও শিনসেগে ইন্টারকস কোরিয়ায় জ্যেষ্ঠ আরঅ্যান্ডডি পদে দায়িত্ব পালন করেন। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি শিনসেগে ইন্টারন্যাশনালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রযুক্তি কৌশল, পণ্য উদ্ভাবন ও উন্নত আরঅ্যান্ডডি কার্যক্রমের দায়িত্বে ছিলেন।

ড. কিম সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পলিমার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি এবং সোগাং ইউনিভার্সিটি থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। কসল্যাবের তথ্য অনুযায়ী, তাঁর গবেষণার ফলাফল নিয়ে ৩০টির বেশি আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা হয়েছে এবং তাঁর নামে ৬০টির বেশি পেটেন্ট রয়েছে।

কসল্যাবের ঢাকায় ও সিউলের গবেষণা স্থাপনায় কাজ করা প্রায় ২০ জন রসায়নবিদ ও ফার্মাসিস্টের সঙ্গে ড. কিম কাজ করবেন। কোম্পানিটি বলেছে, এই সহযোগিতার মাধ্যমে তাদের আরঅ্যান্ডডি দল আরও দক্ষ হয়ে উঠবে এবং উন্নত প্রসাধনী ফর্মুলেশন ও পণ্য উন্নয়নে স্থানীয় সক্ষমতা বাড়বে।

স্কিন’ও-এর পাশাপাশি, কসল্যাব ইনসেই, ডেইলি বাথ ও ইনবিউটি ব্র্যান্ডের জন্য গবেষণা ও উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। কসল্যাবের লক্ষ্য হলো দেশে প্রযুক্তিনির্ভর প্রসাধনী পণ্যের উন্নয়ন করা এবং ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারিত হওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফ্রিকায় অভিবাসী কেন্দ্র স্থাপনে ৫ দেশের উদ্যোগ, ইইউ'তে বহিষ্কার নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


আফ্রিকায় অভিবাসী কেন্দ্র স্থাপনে ৫ দেশের উদ্যোগ, ইইউ

ঢাকা, ১ অক্টোবর, ২০২৬ : বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবৈধ অভিবাসীদের বহিষ্কার আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করবে। একই সময়, জোটের পাঁচটি দেশ ইইউ’র বাইরে ব্যর্থ আশ্রয়প্রার্থীদের পাঠানোর জন্য বিতর্কিত ‘ফেরত কেন্দ্র’ স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

জোটের ২৭টি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা লুক্সেমবার্গে বৈঠকে বসছেন। চলতি মাসে জার্মানিতে কট্টর ডানপন্থীদের বড় ধরণের সাফল্যের ফলে ইইউজুড়ে অভিবাসনবিরোধী মনোভাবের উত্থান স্পষ্ট হয়েছে।

বৈঠকের কর্মসূচি অনুযায়ী, ইইউ-তে থাকার অধিকার নেই—এমন ব্যক্তিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া উন্নত করার বিষয়টি আলোচনা হবে। এই প্রক্রিয়ার জন্য ‘অগ্রাধিকারপ্রাপ্ত’ তৃতীয় দেশগুলোর সঙ্গে ‘বর্ধিত সহযোগিতা’ গুরুত্ব পাবে।

এছাড়া, নতুন কঠোর ইইউ বিধিমালার চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব বিধিতে কর্তৃপক্ষের আটক করার ক্ষমতা অনেক বাড়ানো হবে এবং তথাকথিত ‘ফেরত কেন্দ্র’ স্থাপনের সুযোগ রাখা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে একটি দেশগোষ্ঠী সক্রিয়ভাবে কাজ করছে।

ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি ও নেদারল্যান্ডস এ ধরনের কেন্দ্র স্থাপনের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে। এসব কেন্দ্র স্থাপনের জন্য রুয়ান্ডা সবচেয়ে সম্ভাবনাময় দেশ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানা গেছে।

গ্রিনস গ্রুপের দুই ইউরোপীয় আইনপ্রণেতা বুধবার জানান, আফ্রিকার দেশটি এবং প্রতিবেশী উগান্ডায় তাদের অনুসন্ধানী সফর থেকে ধারণা হয়েছে, দুই দেশই এ বিষয়ে আগ্রহী।

মানবাধিকারসহ বিভিন্ন উদ্বেগের কারণে ফেরত কেন্দ্রের বিরোধিতা করা আইনপ্রণেতা আন্না স্ট্রোলেনবার্গ ও টিনেকে স্ট্রিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, কিগালির কর্মকর্তারা জানিয়েছেন, ইইউর পাঁচ দেশের সঙ্গে আলোচনা চলছে।

ডাচ পার্লামেন্টের সদস্য স্ট্রোলেনবার্গ বলেন, ‘সম্ভবত রুয়ান্ডার সঙ্গেই প্রথম কোনো চুক্তি হবে।’

ইইউ’র সংশ্লিষ্ট পাঁচ দেশ এখন পর্যন্ত কোন কোন দেশের সঙ্গে আলোচনা করছে, তা জানায়নি।

সম্ভাব্য প্রতিরোধমূলক ব্যবস্থা-

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানস পলেভরিস এ সপ্তাহে বলেছেন, ২০২৭ সালে একটি আফ্রিকান দেশে কেন্দ্র খোলার লক্ষ্য নিয়েছে এথেন্স। দেশটির সঙ্গে ইতোমধ্যে তারা একমত হয়েছেন। তবে এখনো দেশটির নাম প্রকাশ করা হয়নি।

সমর্থকদের মতে, বহিষ্কৃত ব্যক্তিদের চূড়ান্ত গন্তব্য অথবা স্থানান্তরকেন্দ্র হিসেবে ব্যবহৃত ফেরত কেন্দ্রগুলো তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করতে পারে। একই সঙ্গে অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশে আগ্রহীদের নিরুৎসাহিত করতেও এসব কেন্দ্র ভূমিকা রাখতে পারে।

তবে সমালোচকেরা এসব কেন্দ্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই ধরনের প্রকল্পে দেখা দেওয়া নানা জটিলতার কথা তুলে ধরে তারা এগুলোকে এমন ‘আইনি অন্ধকূপের’ সঙ্গে তুলনা করছেন, যেখানে অভিবাসীরা পর্যাপ্ত নজরদারি ছাড়াই অনিশ্চয়তার মধ্যে আটকা পড়তে পারেন।

চলতি গ্রীষ্মে স্পেনে উত্তর আফ্রিকার ভূখণ্ড সেউতায় অভিবাসীদের ঢল ইউরোপের সীমান্ত নিরাপত্তাকে বড় ধরণের পরীক্ষার মুখে ফেলে। একই সঙ্গে স্পেন ও অভিবাসনবিরোধী কঠোর অবস্থান নেওয়া ইতালির মধ্যে কূটনৈতিক বিরোধও তৈরি হয়। এরপর লুক্সেমবার্গে অনুষ্ঠেয় বৈঠকটি হবে ইইউ মন্ত্রীদের প্রথম সরাসরি বৈঠক।

মাদ্রিদ তার উত্তর আফ্রিকার ওই ভূখণ্ডের পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য দেবে বলে আশা করা হচ্ছে।

ভবিষ্যতে এ ধরণের সংকট প্রতিরোধ ও মোকাবিলার প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হবে।

ইইউ’র প্রধান উরসুলা ফন ডার লিয়েন এ মাসে বলেছেন, ব্যাপক অভিবাসন প্রবাহ আরও ভালোভাবে মোকাবিলার জন্য সদস্য দেশগুলোকে সহায়তা করার জন্য ইউরোপীয় কমিশন একটি জরুরি ব্যবস্থা প্রস্তাব করবে। তবে এর বিস্তারিত এখনো নির্ধারণ করা হয়নি।

ইউরোপের আগাম সতর্ক ব্যবস্থার উন্নয়নেও কাজ চলছে। আলোচনায় থাকা প্রস্তাবগুলোর মধ্যে জোটের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের ক্ষমতা বাড়ানোর বিষয়টিও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় উদযাপিত হল ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


মাগুরায় উদযাপিত হল ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস

"দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা" এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালির পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপ-পরিচালক সমাজসেবা কার্যালয় মাগুরা, সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাববীর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, পুলিশ সুপারের প্রতিনিধি সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এছাড়া প্রবীনদের মধ্যে এম আর খান, ৩৬ তম আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%