প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকরা পতিত জমি, রাস্তার পাশে এবং ফসলের জমির আইলসহ অব্যবহৃত জায়গায় তিল চাষের মাধ্যমে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন। স্বল্প খরচ, কম পরিচর্যা এবং ভালো বাজারদরের কারণে তিল চাষে তাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বাগজানা, ধরঞ্জী, আয়মারসুলপুর ও বালিঘাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ১৫ হেক্টর জমিতে তিলের আবাদ করা হয়েছে। সাধারণত বসতবাড়ির আশপাশে, পুকুরপাড়ে, রাস্তার ধারে এবং জমির আইলে এই ফসল চাষ করা হয়ে থাকে। অনুকূল আবহাওয়া থাকলে কৃষকরা এবারের মৌসুমে বাম্পার ফলনের আশা করছেন। তিল শুধু ভোজ্যতেলের উৎস নয়, খাদ্য ও প্রসাধনী শিল্পেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। তিলের খাজা, লাড্ডু, বিস্কুট, মোয়া ও ভর্তার চাহিদা থাকার কারণে স্থানীয় বাজারের পাশাপাশি বাইরের জেলাগুলোতেও তিলের ভালো দাম পাওয়া যাচ্ছে।
কৃষকদের তথ্য অনুযায়ী, প্রতি বিঘা জমিতে তিল চাষে সার ও অন্যান্য বাবদ খরচ হয় মাত্র তিন থেকে চার হাজার টাকা। বিপরীতে ফলন পাওয়া যায় তিন থেকে চার মণ। বর্তমানে মানভেদে প্রতি মণ তিল ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত লাভের সম্ভাবনা রয়েছে। মাত্র ৮০ থেকে ১০০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা সম্ভব। এছাড়া শুকনো তিলগাছ জ্বালানি হিসেবেও কাজে লাগে।
উপজেলার দমদমা গ্রামের কৃষক আনিছুর রহমান বলেন, ‘তিল চাষে সার ও কীটনাশক তেমন লাগে না। গরু-ছাগল তিলগাছ খায় না বলে বাড়তি পাহারার খরচ নেই। তাই প্রতি বছরের মতো এবারও তিন বিঘা অনাবাদি জমিতে তিল বুনেছি।’ ধরঞ্জী গ্রামের আমিনুল ইসলাম এক বিঘা সবজি ক্ষেতের চারপাশের আইলে তিল চাষ করেছেন।
তিনি জানান, তিলগাছ জমির প্রাকৃতিক বেড়া হিসেবে কাজ করে, ফলে গরু-ছাগল ক্ষেতে ঢুকতে পারে না। এতে আলাদাভাবে বেড়া দেওয়ার খরচ বেঁচে গেছে। কাঁচনা গ্রামের ইমরান আলী ১৬ শতক জমিতে তিল বুনেছেন পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয়ের আশায়। অন্যদিকে, নিজের জমি না থাকায় চকশিমুলিয়া গ্রামের নরেশ দাস প্রায় আধা কিলোমিটার রাস্তার দুই পাশে তিল চাষ করে ভালো ফলন পেয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ জানান, পতিত ও অব্যবহৃত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং কৃষকদের বাড়তি আয়ের সুযোগ করে দিতে তিল চাষে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্পাদনা: তামান্না
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন