প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে চানাচুর বিক্রি করছিলেন আমির উদ্দিন (৩৫)। রোববার সন্ধ্যার সময় হঠাৎ তার নজরে আসে ভ্যানের পাশে একটি ব্যাগ পড়ে আছে।
কৌতূহল নিয়ে ব্যাগটি তুলে খুললে তিনি অবাক হয়ে যান। ব্যাগের ভেতরে ছিল এক জোড়া সোনার চুড়ি এবং দুটি আংটি, যার মোট ওজন প্রায় তিন ভরি।
আমির উদ্দিন জানান, এত সোনা একসঙ্গে দেখে তিনি প্রথমে কিছুটা ভয় পেয়েছিলেন। নিজের ভ্যানে ব্যাগটি রাখা নিরাপদ মনে হচ্ছিল না, কারণ পূর্বে তার দোকানে তিন দফা চুরির ঘটনা ঘটেছে। তাই তিনি ছেলের মাধ্যমে ব্যাগটি বাড়িতে পাঠিয়ে দেন এবং এরপর নিজে মালিকের সন্ধানে বের হন।
অন্যদিকে, ব্যাগটির মালিক সজল তালুকদার তখন চরম উদ্বেগে ছিলেন। শহরের আবুল হোসেন রোডের ভাড়া বাসায় বসবাসকারী সজল বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অলংকার পরিষ্কার করতে দোকানে গিয়েছিলেন। ফেরার পথে রিকশা থেকে নামার পর তিনি অনুভব করেন, স্ত্রীর হাতে থাকা ব্যাগটি তার সঙ্গে নেই। কোথায় পড়ে গেছে, সেটাও মনে করতে পারছিলেন না।
সজল বিষয়টি থানায় জানিয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে অনেক স্থানে খোঁজ করেন। কিন্তু কোথাও ব্যাগের হদিস মেলেনি। শেষমেশ তিনি নিরাশ হয়ে বাড়ি ফিরে যান।
পরে তার দুই বন্ধু আরেকটি রিকশায় ফেরার সময় ব্যাগ হারানোর প্রসঙ্গ তুললে রিকশাচালক আবু সাইদ জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে মালিককে খুঁজছেন। সেই সূত্র ধরে সজলের সঙ্গে যোগাযোগ হয় আমির উদ্দিনের।
রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে আমির উদ্দিন ব্যাগটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন। প্রায় চার ঘণ্টা পর সজল তার হারানো অলংকার ফিরে পান।
এ সময় আমির উদ্দিন বলেন, ছোটবেলা থেকে অভাবের মধ্যে বড় হয়েছেন। তবুও অন্যের জিনিসের প্রতি কখনো লোভ জন্মায়নি।
সজল তালুকদার জানান, চার ঘণ্টা ধরে তিনজন মিলে ব্যাগটি খুঁজেছেন। আমির উদ্দিনকে তিনি খুবই সরল মানুষ মনে করেছেন। প্রথমে টাকা নিতে রাজি হচ্ছিলেন না, পরে জোর করে ৫ হাজার টাকা উপহার দিয়েছেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশও ব্যাগটির সন্ধান চালায়। আমির উদ্দিনের সততার কারণেই ব্যাগটি ফেরত দেওয়া সম্ভব হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন