প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রতনশ্রী গ্রাম অবস্থিত। গ্রামটি উপজেলা সদর বাজারের নিকটেই অবস্থিত, যেখানে মাঝখানে রয়েছে বৌলাই নদী। নদীর দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থার মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। বর্ষাকালে নৌকা ছাড়া চলাচল করা সম্ভব নয়, আর হেমন্তে নদীর পানি শুকিয়ে গেলে ভাঙাচোরা ও কাদামাটির রাস্তায় পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। এই কারণে বছরের দুই মৌসুমে গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
এক সময় রতনশ্রী গ্রাম থেকে উপজেলায় নেতৃত্ব প্রদান করা হয়েছে। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও গ্রামটির মানুষের ভাগ্যে একটি চলাচলের উপযোগী রাস্তা জোটেনি। উপজেলা সদর বাজারের নিকট অবস্থান করলেও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে গ্রামটি বর্তমানে অনেকটাই অবহেলিত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর সদর ইউনিয়নের বৌলাই নদীর এক পাড়ে উপজেলা সদর বাজার এবং অন্য পাড়ে রতনশ্রী গ্রাম অবস্থিত। নদীর উত্তর পাশে থানাসংলগ্ন ব্রিজ থেকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহাগঞ্জ গ্রামের দিকে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে গ্রামটির বিস্তৃতি। গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা পর্যটকদের নৌকা চালানো, হাওরে মাছ শিকার এবং কৃষিকাজের ওপর নির্ভরশীল।
সরেজমিনে দেখা যায়, গ্রামের উত্তর পাশে বিস্তীর্ণ মাটিয়ান হাওরে ইতোমধ্যে বোরো ধানের চাষাবাদ শুরু হয়েছে। কিন্তু গ্রামের মানুষের যাতায়াতের জন্য পুরো এলাকায় কোনো পাকা রাস্তা নেই। বিশেষ করে সদর বাজারসংলগ্ন বৌলাই নদীর উত্তর তীর থেকে গ্রামের দিকে প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। নদীভাঙনে রাস্তার বিভিন্ন অংশ বিলীন হয়ে গেছে। কিছু জায়গায় ভাঙন এতটাই ভয়াবহ যে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। নদীর পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার ভাঙাচোরা অংশ আরও স্পষ্ট হয়ে উঠছে। ফলে ওই পথে কোনো যানবাহন চলাচল করতে পারে না।
গ্রামটির প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবারের মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করে। বাজারে যাওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা কৃষিকাজের সরঞ্জাম পরিবহন—সব ক্ষেত্রেই তাদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। বর্ষায় ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নৌকায় বৌলাই নদী পার হতে হয়। অন্যদিকে, হেমন্তে নৌকার পরিবর্তে ভাঙাচোরা রাস্তা তাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
রতনশ্রী গ্রামের ৫০ বছর বয়সী বাসিন্দা সজিবুর রহমান বলেন, “জন্মের পর থেকেই দেখে আসছি, বর্ষায় নৌকায় আর হেমন্তে পায়ে হেঁটে গোদারার নৌকায় নদী পার হয়ে বাজার, হাসপাতাল কিংবা স্কুলে যেতে হয়। উপজেলার অনেক জায়গায় যাতায়াতের সুবিধা হয়েছে, কিন্তু সদর ইউনিয়নের এই গ্রামের কোনো উন্নতি হয়নি। প্রতি বছর নদীভাঙনে পায়ে হেঁটে চলাচলের রাস্তাটিও বিলীন হয়ে যাচ্ছে।”
গ্রামের ২২ বছর বয়সী যুবক সানার হোসেন বলেন, “জরুরি প্রয়োজনে কোনো রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হলে প্রথমে নৌকায় নদী পার হতে হয়। বর্ষায় ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় নৌকায় পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আবার হেমন্তে ভাঙা রাস্তার কারণে যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। কখনো ঝুঁকি নিয়ে অটোরিকশা বা অন্যান্য যানবাহন চলাচল করলেও রাস্তার ভাঙা অংশে দুর্ঘটনার শিকার হতে হয়। এমনকি যানবাহনসহ নদীতে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।”
গ্রামের কৃষক মহিবুর রহমান বলেন, “এখন কৃষিকাজের সময়। কিন্তু কৃষি সরঞ্জাম, ঠেলাগাড়ি ও ট্রাক্টর মেশিন এই রাস্তা দিয়ে নেওয়া যায় না। এতে কৃষিকাজ করা কঠিন হয়ে পড়ে। এসব জিনিসপত্র পরিবহন করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, উপজেলা সদর বাজারের এত কাছে থেকেও বছরের পর বছর ধরে যোগাযোগের এমন দুরবস্থা তাদের জন্য অত্যন্ত কষ্টের। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা রাস্তা নির্মাণ ও সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে স্থায়ী কোনো সমাধান হয়নি। বিশেষ করে নদীভাঙন রোধ করে টেকসই রাস্তা নির্মাণ না করলে এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, “আমরা এই গ্রামকে হাওরের ঢেউ ও নদীভাঙন থেকে রক্ষা করতে গ্রাম প্রতিরক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। আশা করছি, এটি অনুমোদন হলে প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে রাস্তা ও গ্রামটিকে রক্ষা করা সম্ভব হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী জানান, “আমি এখানে নতুন। এখনো রতনশ্রী গ্রামে যাওয়া হয়নি। এ বিষয়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন