প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে অসংখ্য হোটেল ও রেস্তোরাঁ গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে খাবার খেতে আসা বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহন মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রী এবং স্থানীয়রা। দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের দুই পাশে প্রায় ৩২টি হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানে পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকায় খাবার খেতে আসা যানবাহনগুলো সড়কের ওপরই রাখা হচ্ছে। বিশেষ করে ঘুড়কা এলাকায় একাধিক হোটেল থাকায় সেখানে প্রায়ই সারিবদ্ধভাবে বাস ও ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘ সময় ধরে যানবাহন মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকায় সড়কের চলাচলের জায়গা সংকুচিত হয়ে যায়। ফলে দ্রুতগতির যানবাহনগুলো ঝুঁকি নিয়ে পাশ কাটিয়ে চলাচল করে। ব্যস্ত সময়ে এই কারণে যানজটের সৃষ্টি হয়। রাতে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা বাপ্পি মজুমদার, বাবর আলী এবং মোখলেসুর রহমান জানান, বছরের পর বছর ধরে হোটেলগুলোর সামনে মহাসড়কে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এতে অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। রোগীবাহী অ্যাম্বুলেন্সও দুর্ভোগে পড়ে।
তবে হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন, চালকদের মহাসড়কের ওপর গাড়ি না রাখার জন্য নিষেধ করা হলেও অনেকেই তা মানছেন না।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, মহাসড়কের ওপর গাড়ি পার্কিং সম্পূর্ণ বেআইনি। এ বিষয়ে শিগগিরই অভিযান চালিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, মহাসড়কের ওপর অবৈধ পার্কিং বন্ধের পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁগুলোতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন