প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী শিক্ষার্থীদের নিজেদের চরিত্র গঠনের আহ্বান জানিয়ে বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে তাদের চরিত্র গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেছেন, নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ করেই প্রকৃত ও আদর্শ নেতৃত্ব গড়ে উঠবে।
বিজ্ঞাপন
বুধবার বাদ মাগরিব রাজধানীর ছালামবাগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে অনুষ্ঠিত ‘সিরাতের আলোয় তরবিয়তি মাজলিস ও মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া আনওয়ারুল উলুম ছালামবাগ ক্যাম্পাস শাখা এই অনুষ্ঠানটির আয়োজন করে।
রিদওয়ান মাযহারী বলেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীজি (সা.)-এর চরিত্রের প্রশংসা করে উল্লেখ করেছেন, ‘নিশ্চয়ই আপনি এক মহান চরিত্রের অধিকারী।’ পাশাপাশি মহানবী (সা.)-এর জীবনকে মানবজাতির জন্য উত্তম আদর্শ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুতরাং, নবীজি (সা.)-এর সিরাত শুধুমাত্র জানা বা আলোচনা করার বিষয় নয়, বরং তাঁর চরিত্র ও আদর্শকে নিজেদের জীবনে ধারণ করতে হবে।
শিক্ষাজীবনকে চরিত্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সত্যবাদিতা, আমানতদারি, শৃঙ্খলা, বিনয়, ধৈর্য ও দায়িত্ববোধ অর্জন করতে হবে। মহানবী (সা.)-এর জীবন এসব গুণের বাস্তব শিক্ষা প্রদান করে। বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে, তাই তাদের নৈতিকতা ও আদর্শের দিক থেকেও নিজেদের প্রস্তুত করার তাগিদ দেন তিনি।
ছাত্র জমিয়ত সভাপতি আরও বলেন, আল্লাহর প্রতি ভালোবাসার অন্যতম দাবি হলো রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা যদি প্রকৃতই আল্লাহকে ভালোবাস, তাহলে আমাকে অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন।’ তাই নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসাকে তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে বাস্তব জীবনে প্রকাশ করতে হবে।
শাখা সভাপতি বেলায়েত হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামিয়া কাসিম নানুতবী রামপুরার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা যাইনুল আবিদীন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি মাহবুবুল আলম, রামপুরা থানা শাখার সভাপতি মুফতি হাসান আহমাদ কাসেমি, সহসভাপতি মুফতি ফারুক আহমাদ, যুব জমিয়ত বাংলাদেশের সহসভাপতি মাওলানা সুলাইমান মাদানী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এবং ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান নাঈম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন