প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের পীরগঞ্জ সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৮৫ লাখ টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথর ও বেলেপাথরের শিলাখণ্ড উদ্ধার করা হয়েছে। এ অভিযানের সময় মোমিন ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সীমান্তসংলগ্ন চতরা বাজার এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ সদস্যের বিজিবি টহল দল ও ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে একটি টিনের ঘর থেকে ৯০ কেজি ওজনের একটি বেলেপাথরের শিলাখণ্ড, ২০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের খণ্ড এবং ২০ কেজি ওজনের একটি শিবলিঙ্গের খণ্ড উদ্ধার করে। এ সময় পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের মৃত আব্দুর রইস উদ্দিনের ছেলে মোমিন ইসলামকে আটক করা হয়। উদ্ধার করা নিদর্শনগুলোর আনুমানিক জব্দমূল্য ৮৫ লাখ টাকা।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা শেষে পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া নিদর্শনগুলোর প্রত্নতাত্ত্বিক সত্যতা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার-সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই সনদ নেওয়া হবে।
তিনি আরও জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতির পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে অপরাধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন