প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ‘ক্লিনিং ডে’ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায়, দেশের বিভিন্ন স্থানে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালিত হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন ডিএসসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ। কর্মসূচির আওতায় আগামী তিন মাস ধরে প্রতি শনিবার সিটি করপোরেশনের সব ওয়ার্ডে ধারাবাহিকভাবে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলবে।
কর্মসূচির মূল উদ্দেশ্য হলো এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা, মশক নিধন কার্যক্রমকে জোরদার করা, পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরো গতিশীল করা এবং ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
শনিবারের অভিযানে ডিএসসিসির ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, অলিগলি, ড্রেন, নালা, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা, ছাদ ও পরিত্যক্ত স্থাপনায় বিশেষ অভিযান পরিচালিত হয়। যেখানে জমে থাকা পানি পাওয়া গেলে তা অপসারণ করা হয় এবং এডিস মশার লার্ভা শনাক্ত হলে তা ধ্বংস করা হয়।
এছাড়া, পানি জমতে পারে এমন ডাব বা নারকেলের খোসা, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, ফুলের টবসহ বিভিন্ন সামগ্রী পরিষ্কার করা হয়। নির্ধারিত এলাকাগুলোতে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রমের পাশাপাশি সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকা থেকে ময়লা-আবর্জনা অপসারণ করেন পরিচ্ছন্নতাকর্মীরা।
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সম্পৃক্ত করতে ৭৫টি ওয়ার্ডে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ডেএসসিসির স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র ওষুধ ছিটানো ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নগরবাসীকে সচেতন ও সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এ কারণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হবে।
ডেঙ্গুর ঝুঁকি কমাতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ডিএসসিসি। একই সঙ্গে বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন