প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এনজিও থেকে ঋণ পরিশোধের উদ্দেশ্যে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন ইন্তাজ আলী ইন্তা (২৫)। এই পরিকল্পনার বাস্তবায়ন করতে গিয়ে অটোরিকশাচালক জাহিদ রহমানকে (২০) হত্যা করা হয়। গাজীপুরের শ্রীপুরে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী, ছিনতাই করা অটোরিকশার কিছু অংশ এবং নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে রোববার (২৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে জানিয়েছে পিবিআই।
সংবাদ সম্মেলনে পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার পিপিএম-সেবা জানান, গ্রেপ্তার ইন্তাজ আলী বলেছেন, তিনি একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের টাকা পরিশোধের জন্য অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। তদন্তে বেরিয়ে এসেছে যে, পূর্বপরিকল্পনা অনুযায়ী অন্যদের নিয়ে অটোরিকশাচালক জাহিদকে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভাটিচন্নপাড়া গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে ইন্তাজ আলী ইন্তা (২৫), গাজীপুরের শ্রীপুর থানার ভামনগাঁও গ্রামের মোহাম্মদ আজাহারের ছেলে মোঃ হাবিবুল্লাহ (২৭), একই জেলার শ্রীপুর থানার কাজীপাড়া খাদ্যগুদামের পাশের শাহাবুদ্দিনের ছেলে মোঃ আলমগীর হোসেন ওরফে আলম (৩৪), কাপাসিয়া থানার নলীপলাশ গ্রামের সফর উদ্দিন ফকিরের ছেলে মোঃ জাহাঙ্গীর ফকির (৪২) এবং কালীগঞ্জ থানার বড়াইয়া পূর্বপাড়া এলাকার আমানুল্লাহ শেখের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে খলিল (৪০)।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, গত ২৫ নভেম্বর সন্ধ্যার পর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শ্রীপুরের বাসিন্দা জাহিদ রহমান। রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ২৬ নভেম্বর সকাল ১১টার দিকে শ্রীপুর থানাধীন সাভারচালা পশ্চিমপাড়া এলাকার গজারি বনের জঙ্গলে তাঁর লাশ পড়ে থাকার খবর পান স্বজনেরা। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁরা জাহিদের লাশ শনাক্ত করেন। তাঁর হাত-পা ও গলায় রশি বাঁধা ছিল। এ সময় তাঁর ব্যবহৃত অটোরিকশাটি পাওয়া যায়নি।
এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান শ্রীপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। পরে পিবিআই গাজীপুর জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে।
তদন্তে পিবিআই জানতে পারে, নিহত জাহিদ ও গ্রেপ্তার ইন্তাজ আলী পূর্বপরিচিত ছিলেন। অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা থেকে ইন্তাজসহ অন্যরা তাঁকে লক্ষ্যবস্তু করেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গজারি বন থেকে লাকড়ি আনার কথা বলে ইন্তাজ অটোরিকশাচালক জাহিদকে ডাকবাংলোর মোড়ে আসতে বলেন। পরে ইন্তাজ ও হাবিব জাহিদের অটোরিকশায় ওঠেন এবং তাঁকে নিয়ে গজারি বনের ভেতরে যান। সেখানে রশি দিয়ে তাঁর হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান বলে তদন্তে উঠে এসেছে।
পরে অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে আলমের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। আলম, জাহাঙ্গীর ও খলিল অটোরিকশাটি সরিয়ে নেওয়া এবং বিক্রির প্রক্রিয়ায় সহযোগিতা করেন। এ কাজে যুক্ত ব্যক্তিদের মধ্যে অর্থ ভাগাভাগির বিষয়টিও তদন্তে পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধানে এবং পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার পিপিএম-সেবার তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ ফিরোজের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করে। ২৭ নভেম্বর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা অটোরিকশার খণ্ডিত অংশবিশেষ এবং নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ইন্তাজ আলী, হাবিবুল্লাহ ও জাহাঙ্গীর ফকির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার পিপিএম-সেবা বলেন, 'গ্রেপ্তার ইন্তাজ আলী জানিয়েছে, এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে সে খুনের পথ বেছে নিয়েছে। একটি হত্যাকাণ্ডের পেছনে শুধু অপরাধীর ব্যক্তিগত সিদ্ধান্তই নয়, এর সঙ্গে সমাজের নানা অসংগতি ও বাস্তবতাও জড়িয়ে থাকতে পারে। ঋণের দায়, অপরাধপ্রবণতা, অবৈধভাবে ব্যাটারিচালিত অটোরিকশার বিস্তার এবং বনভূমি উজাড় করে এসব যানবাহনের চলাচল ও অপরাধ সংঘটনের সুযোগ তৈরি হওয়া-বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তবে কোনো আর্থিক সংকট বা সামাজিক বাস্তবতাই হত্যাকাণ্ডের অজুহাত হতে পারে না। একজন নিরীহ তরুণ অটোরিকশাচালককে হত্যা করে তাঁর জীবিকা কেড়ে নেওয়া অত্যন্ত মর্মান্তিক। পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৫ জনকে গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে এ ধরনের অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং বনভূমি সুরক্ষায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।'
পিবিআই জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ভূমিকা এবং ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন