প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একসময় শহিদুল মুদি দোকানদার হিসেবে স্থানীয় বাজারে কাজ করতেন। সংসার চলত কোনোরকমে, তবে সচ্ছলতা ছিল না। তিনি অনুভব করতেন, জীবনকে এভাবে চলতে দেওয়া যায় না, তাই নিজের মতো করে কিছু গড়ে তোলার প্রয়োজন ছিল।
এমন চিন্তা থেকেই তিনি একটি ছোট মুরগির খামার গড়ে তোলেন। সেই খামারই সাফল্য এনে দিয়েছে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা শহিদুল শেখকে। তিনি ওই গ্রামের মোসলেম শেখের ছেলে।
বর্তমানে খামার থেকে শুধুমাত্র ডিম বিক্রি করেই শহিদুল মাসে প্রায় ৯ লাখ টাকা আয় করছেন। এছাড়া ১৮ মাস পর মুরগির ডিমপাড়া শেষে মাংস বিক্রি করে প্রায় ৯ লাখ টাকার আয় করেন।
শহিদুল জানান, ২০০৭ সালে তিনি স্থানীয় পেড়লী বাজারে মুদি দোকানে ব্যবসা শুরু করেছিলেন। ব্যবসায় সংসার চলতো কোনোরকমে, কিন্তু স্বচ্ছলতা ছিল না। একপর্যায়ে ভাগ্য বদলাতে ২০১৩ সালে মুদি দোকান ছাড়েন এবং অ্যাগ্রো ফার্ম গড়ে তোলেন। শুরুতে তিনি ফার্মে তিন হাজার লেয়ার (পোল্ট্রি) মুরগি নিয়ে কাজ শুরু করেন।
প্রথম বছরের লাভ ভালো হওয়ায় শহিদুল খামার বড় করার সিদ্ধান্ত নেন। বর্তমানে তার খামার ছয় একর জমিতে তিনতলা পাকা ভবনে চলছে। মুরগির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার। প্রতিদিন প্রায় চার হাজার ডিম বিক্রি হয়, যা থেকে মাসে আয় প্রায় ৯ লাখ টাকা।
শহিদুলের ভাষ্য, "আমার ইচ্ছা ছিল উদ্যোক্তা হবো। মুদি ব্যবসা ছেড়ে প্রাথমিকভাবে একতলা ঘরে মুরগির শেড নির্মাণ করে সেখানে তিন হাজার মুরগি দিয়ে শুরু করি ফার্ম। তিন হাজার থেকে ধীরে ধীরে বেড়ে মুরগির সংখ্যা এখন ৯ হাজারে দাঁড়িয়েছে। আমার ফার্মে এখন কাজ করছেন ১২ জন কর্মচারী।"
তিনি আরও বলেন, "খামারে যে ডিম হয়, সেটি স্থানীয় গ্রামের চাহিদা পূরণ করে শহরে বিক্রি করি। আর ১৮ মাস পর বিক্রি করি মাংস। গ্রামের মানুষ এখান থেকে পাইকারি দামে ডিম ও মাংস কিনে খেতে পারে। আঠারো মাস পর ৯ লাখ টাকার মাংস বিক্রি করি। এ ছাড়া প্রতি মাসে প্রায় ৯ লাখ টাকার ডিম বিক্রি করি।"
শহিদুল জানান, কোম্পানির কাছ থেকে প্রতিটি বাচ্চা ৬০ টাকা দরে কিনে আনা হয়। বাচ্চাগুলো তিন মাস পর ডিম দেয় এবং ১৮ মাস পর্যন্ত চলে।
শহিদুলের খামারে কাজ করেন খুলনার কয়রা গ্রামের মুজিবর সানা। তিনি বলেন, "পাঁচ বছর ধরে এখানে কাজ করছি। যে বেতন পাই, তা দিয়ে সংসার চলে যায়। এখানে একসঙ্গে আমরা ১২ জন কাজ করি।"
এদিকে, খামারের ডিম ও মাংস বিক্রিতে কোনো ভোগান্তি নেই বলে জানান শহিদুল। খামার থেকেই স্থানীয় বাজারের দোকানিরা পাইকারি মূল্যে ডিম কিনে থাকেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মুরগির ডিম-মাংস সরবরাহ করা হয়। শহিদুলের দেখাদেখি অনেকেই মুরগির ফার্মের ব্যাপারে আগ্রহী হচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শহিদুলের উদ্যোগের প্রশংসা করে নড়াইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, "জেলায় ডিম ও মাংসের চাহিদা পূরণে শহিদুলের খামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার খামারের ডিম ও মাংস স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে বাইরের জেলায় বিক্রি হচ্ছে। তার খামারে কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে।"
প্রাণিসম্পদ কর্মকর্তা আরো বলেন, "শহিদুলের উদ্যোগ দেশের অর্থনীতিতে অবদান রাখছে। আমরা কয়েকবার তার খামার পরিদর্শন করেছি। জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে তার খামারের মুরগিকে ভ্যাকসিন দেওয়াসহ নিয়মিত পরামর্শ দেওয়া হয়।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন