প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ রক্ষার উদ্দেশ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগামী ১ ডিসেম্বর থেকে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন এবং বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
১ ডিসেম্বর সকাল থেকে চেকপোস্ট স্থাপন করে অভিযান শুরু হবে। এর আগে, ডিএমপি যানবাহনের মালিক ও চালকদের অনুরোধ করেছে যে, তারা তাদের যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম অপসারণ করে নেন। নির্ধারিত সময়ের পর যদি কোনো যানবাহনে এসব অননুমোদিত সরঞ্জাম দেখা যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন মন্তব্য করেন, রাজধানীতে যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার মানুষের জন্য উদ্বেগজনক। অতিরিক্ত শব্দের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যদিও হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ, কিছু যানবাহনে এর ব্যবহার অব্যাহত রয়েছে। তিনি মনে করেন, চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বাসসকে জানান, ‘আগামী ১ ডিসেম্বর থেকে রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন এবং বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। এসব সরঞ্জামের অননুমোদিত ব্যবহার সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করছে এবং সাধারণ মানুষের ভোগান্তির কারণ হচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’
তিনি আরও বলেন, আইন অনুযায়ী যেসব যানবাহনে হুটার, বিকন লাইট এবং বিশেষ ধরনের হর্ন ব্যবহারের অনুমতি নেই, সেসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে এসব অবৈধ সরঞ্জাম জব্দ করা হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
আনিছুর রহমান উল্লেখ করেন, বাস ও ট্রাক ছাড়াও কিছু জিপগাড়িতে হাইড্রোলিক হর্ন এবং বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। অনেক গাড়িতে অনুমোদনহীন ডেকোরেশন এবং সাইল্যান্সার ব্যবহার করা হচ্ছে, যা ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে। এজন্য রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন এবং বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হচ্ছে।
তিনি জানান, সড়ক পরিবহন বিধি অনুযায়ী জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত ৪ ক্যাটাগরির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এর বাইরে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও ট্রাকসহ বাণিজ্যিক মোটরযানে উচ্চশব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা বিশেষ হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
অটোরিকশা বা একই ধরনের যানবাহনে উচ্চ শব্দ সৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এটি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে সিটি কর্পোরেশন এই ধরনের যানবাহনের নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিবন্ধনের পর এই ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। তিনি আশা প্রকাশ করেন, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে এসব পরিবহনও শৃঙ্খলায় চলে আসবে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বলেন, যানবাহনে ব্যবহৃত উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত শব্দের কারণে মানুষের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপ, বিরক্তি, অনিদ্রা, মাথাব্যথা এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, হৃদরোগী এবং অসুস্থ মানুষের জন্য এ ধরনের শব্দ বেশি ক্ষতিকর। অন্যদিকে অনুমোদনহীনভাবে বিকন লাইট ব্যবহার সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন