প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুতে অবস্থিত ‘জলসা’ বাড়ি নিয়ে নতুন একটি পারিবারিক সম্পত্তির বিরোধ উদ্ভূত হয়েছে। বাড়িটির মালিকানা সংক্রান্ত ১৯৯৩ সালে করা একটি দানপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন। তিনি অভিযোগ করেছেন যে, অজ্ঞাতসারে এবং সম্মতি ছাড়াই ওই দলিলের মাধ্যমে বাড়িটির মালিকানা অভিনেত্রী জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছে।
বর্তমানে বিষয়টি মুম্বাইয়ের আন্ধেরির সমবায় সমিতিবিষয়ক ডেপুটি রেজিস্ট্রারের দপ্তরে বিচারাধীন রয়েছে। গত সাত মাসে রামোলার একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে শুনানির কার্যক্রম শুরু হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিরোধের মূল কারণ বাড়িটির মালিকানা-সংক্রান্ত নথিতে অসংগতি। জানা গেছে, কাপোল হাউজিং সোসাইটির নথিতে ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম উল্লেখ রয়েছে। কিন্তু মহারাষ্ট্র সরকারের সম্পত্তি কার্ডে এখনো রামোলা বচ্চনের নাম রয়েছে। সরকারি নথি থেকে রামোলার নাম বাদ দিয়ে জয়ার নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
রামোলার দাবি, প্রথমে ‘জলসা’র নিবন্ধন তার নামেই করা হয়েছিল। পরে ১৯৯৩ সালে একটি দানপত্রের মাধ্যমে বাড়িটির মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়। তবে তিনি ওই দলিল তৈরির প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন।
অভিযোগে বলা হয়েছে, দানপত্রটি সাধারণ কাগজে তৈরি করা হয়েছিল এবং প্রয়োজনীয় স্ট্যাম্প শুল্কও পরিশোধ করা হয়নি। এছাড়া, দলিলে কোনো সাক্ষীর স্বাক্ষর ছিল না বলেও দাবি করেছেন রামোলা। পরবর্তীতে মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’ প্রকল্পের আওতায় দলিলটির নিবন্ধন ও বৈধতা নিশ্চিত করার প্রক্রিয়াতেও আপত্তি জানিয়েছেন তিনি।
ডেপুটি রেজিস্ট্রার ফয়াজ মুলানি অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "অভিযোগের ভিত্তিতে শুনানি শুরু হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়েছে।" তবে বাড়িটির প্রকৃত মালিকানা কিংবা বিতর্কিত দানপত্রের বৈধতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কর্তৃপক্ষ।
অন্যদিকে, অমিতাভ বচ্চনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। জয়া বচ্চনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিষেক বচ্চনের একজন মুখপাত্র বিষয়টিকে পরিবারের অভ্যন্তরীণ বিরোধ হিসেবে উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, ‘জলসা’ মুম্বাইয়ের একটি পরিচিত তারকাবাড়ি। দীর্ঘদিন ধরে বাড়িটির সঙ্গে জড়িয়ে আছে অমিতাভের ভক্তদের প্রতি ভালোবাসার একটি বিশেষ রীতি। প্রতি রোববার বাড়ির বাইরে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এই অভিনেতা। বছরের পর বছর ধরে চলে আসা এই রীতির কারণে ‘জলসা’ শুধুমাত্র একটি তারকাবাড়ি নয়, বরং অমিতাভের অনুরাগীদের কাছে বিশেষ আকর্ষণের স্থান হয়ে উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন