প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বাংলাদেশের অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু। তবে অপরিকল্পিত নগরায়ণ, জনসংখ্যার চাপ, দুর্বল ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা কারণে ঢাকা ক্রমেই বসবাস ও চলাচলের জন্য অনুপযোগী হয়ে উঠছে। আন্তর্জাতিক মূল্যায়নেও এর প্রতিফলন দেখা যায়। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২৬ সালের বিশ্ব বাসযোগ্যতা সূচক অনুযায়ী, ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম; অর্থাৎ বিশ্বের সর্বনিম্ন বাসযোগ্য শহরগুলোর মধ্যে তৃতীয়। ফুটপাত দখল, অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশা, যানজট এবং পথচারীদের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা এই নগর সংকটের দৃশ্যমান চিত্র তুলে ধরে।
তবে এই সমস্যার সমাধান কেবল উচ্ছেদ অভিযান বা প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে সম্ভব নয়। ফুটপাতের হকার এবং ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের একটি বড় অংশ নিম্নআয়ের মানুষ, যাদের জীবিকা দৈনিক উপার্জনের ওপর নির্ভরশীল। অনেকেই গ্রামে কর্মসংস্থানের অভাব, কৃষিকাজের অনিশ্চয়তা, নদীভাঙন কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে ঢাকায় এসেছেন। বিকল্প জীবিকার ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করলে সাময়িকভাবে ফুটপাত ও সড়ক দখলমুক্ত হলেও সমস্যার পুনরাবৃত্তি ঘটবে। তাই নগরশৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্য হতে হবে দৃঢ়, কিন্তু পদ্ধতি পরিকল্পিত, ন্যায়সংগত এবং মানবিক।
ঢাকার অন্যতম দৃশ্যমান সংকট হলো ফুটপাতের ওপর হকারদের অনিয়ন্ত্রিত দখল এবং সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বিশৃঙ্খল চলাচল। ফুটপাত পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নির্মিত হলেও অনেক এলাকায় দোকান, পণ্যের স্তূপ ও অস্থায়ী স্থাপনায় তা দখল হয়ে গেছে। ফলে মানুষ বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা এতে বেশি দুর্ভোগের শিকার হন। নিরাপদে হাঁটার অধিকার আধুনিক নগরের মৌলিক নাগরিক সুবিধা।
অন্যদিকে, ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত সম্প্রসারণ যানবাহন ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়াচ্ছে। এসব যানবাহনের অনেকগুলোর ব্রেক, গতি নিয়ন্ত্রণ, কাঠামোগত নিরাপত্তা, ব্যাটারি ও বৈদ্যুতিক সংযোগ যথাযথভাবে নিয়ন্ত্রিত নয়। অনেক চালকের পর্যাপ্ত প্রশিক্ষণ ও সড়ক আইন সম্পর্কে ধারণার অভাব রয়েছে। দ্রুতগতিতে চলাচল, হঠাৎ দিক পরিবর্তন, ট্রাফিক সংকেত অমান্য এবং প্রধান সড়কে এসব যানবাহনের প্রবেশ দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়। ২০২৫ সালে দেশে নথিভুক্ত সড়ক দুর্ঘটনায় জড়িত যানবাহনের ১৩ দশমিক ৫৪ শতাংশ ছিল ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, যা সমস্যাটির ব্যাপকতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়।
এসব যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, ঘন ঘন থামা ও মোড় নেওয়া এবং দ্রুতগতির যানবাহনের সঙ্গে একই সড়কে চলাচলে যানজটও তীব্র হচ্ছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) এক সমীক্ষা অনুযায়ী, ঢাকায় যানবাহনের গড় গতি ঘণ্টায় প্রায় ৬ দশমিক ৪ কিলোমিটার, যা প্রায় মানুষের হাঁটার গতির সমান। যানজটে যাতায়াতে অতিরিক্ত সময় ও জ্বালানি ব্যয়, কর্মঘণ্টার অপচয় এবং পণ্য পরিবহনের ব্যয় বাড়ছে; ব্যবসা-বাণিজ্য, উৎপাদনশীলতা ও নগরবাসীর জীবনমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে হকার ও অটোরিকশার সমস্যাকে একভাবে দেখা যাবে না। হকার ব্যবস্থাপনায় জনপরিসরের সুষ্ঠু ব্যবহার ও বিক্রয়স্থল নির্ধারণ মুখ্য; অটোরিকশার ক্ষেত্রে নিরাপত্তা, প্রযুক্তিগত মান, চালকের প্রশিক্ষণ, গতি ও রুট নিয়ন্ত্রণ প্রধান বিবেচ্য।
বিভিন্ন সময়ে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার অভিযান চালানো হলেও অল্প সময়ের মধ্যে অনেক এলাকায় আগের পরিস্থিতি ফিরে আসে। এর পেছনে আর্থসামাজিক বাস্তবতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও স্বার্থগোষ্ঠীর প্রভাব রয়েছে। হকারি বা অটোরিকশা চালানোর মতো অনানুষ্ঠানিক পেশায় প্রবেশে তুলনামূলকভাবে কম প্রাতিষ্ঠানিক যোগ্যতা ও পুঁজির প্রয়োজন। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল এসব মানুষের বিকল্প কর্মসংস্থান ছাড়া পেশা পরিবর্তন কঠিন। ফলে উচ্ছেদ হওয়া ব্যক্তিরা আবার একই পেশায় ফিরে আসেন। এই বাস্তবতার সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ফুটপাত ও সড়কের দখল, অবৈধ অর্থ আদায় এবং নিয়ন্ত্রণব্যবস্থাকে আয়ের উৎসে পরিণত করেছে।
ঢাকার বিভিন্ন এলাকায় ফুটপাত বা সড়কের নির্দিষ্ট অংশে ব্যবসা কিংবা অটোরিকশা চালানোর সুযোগ ঘিরে দৈনিক বা মাসিক ভিত্তিতে অর্থ আদায়, অনুমোদনহীন টোকেন বা পরিচয়পত্র দেওয়ার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে কোথাও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, কোথাও রাজনৈতিক পরিচয় ব্যবহারকারী কর্মী বা গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফুটপাত বা সড়কের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, অবৈধ আয়ের ভাগ-বাটোয়ারা এবং প্রশাসনিক অভিযানে বাধা দেওয়ার প্রবণতা থাকলে উচ্ছেদ অভিযান স্থায়ী ফল দিতে পারে না। প্রকৃত হকার ও চালকের শ্রমের আয়কে চাঁদাবাজির সঙ্গে এক করে দেখা যাবে না। বরং তাদের দুর্বলতার সুযোগ নিয়ে যারা অবৈধ অর্থ আদায় করে এবং রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব ব্যবহার করে এই ব্যবস্থা টিকিয়ে রাখে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক প্রশ্রয় ও স্বার্থগোষ্ঠীর দৌরাত্ম্য বন্ধ করা ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়।
নিবন্ধন, অনুমোদন ও তদারকির ক্ষেত্রেও স্বচ্ছতার অভাব রয়েছে। প্রকৃত হকার ও চালকের সংখ্যা, কর্মস্থল, যানবাহনের মালিকানা ও বৈধ অনুমতির তথ্য নির্ভরযোগ্যভাবে সংরক্ষিত না থাকলে নিয়ন্ত্রণব্যবস্থা কার্যকর হবে না। এ জন্য ডিজিটাল নিবন্ধন, পরিচয়পত্র, নির্ধারিত ফি, স্বচ্ছ বরাদ্দ ও অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা চালু করা প্রয়োজন। একই সঙ্গে সিটি করপোরেশন, ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব ও জবাবদিহি স্পষ্ট করতে হবে। অবৈধ অর্থ আদায় এবং দখলের পেছনের ব্যক্তিদের ভূমিকা তদন্ত করতে হবে। অন্যথায় একদলকে সরিয়ে অন্য গোষ্ঠীর দখল প্রতিষ্ঠার আশঙ্কা থাকবে।
সমস্যাটির গভীরে রয়েছে গ্রামীণ অর্থনীতির সীমাবদ্ধতা। কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি, পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, মধ্যস্বত্বভোগীদের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জীবিকা অনিশ্চিত হয়ে উঠছে। কৃষিপণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারসংযোগের দুর্বলতাও তাদের আয় কমায়। গ্রামীণ এলাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, দুগ্ধ ও পোলট্রি শিল্প এবং স্থানীয় বাণিজ্যের সুযোগ সীমিত। নদীভাঙন, লবণাক্ততা, বন্যা ও ঘূর্ণিঝড়ে বহু পরিবার প্রচলিত জীবিকা হারাচ্ছে। ফলে জীবিকার সন্ধানে তাদের একাংশ ঢাকামুখী হচ্ছে।
ঢাকামুখী অভিবাসনের সঙ্গে আঞ্চলিক বৈষম্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অতিরিক্ত কেন্দ্রীভবনের সম্পর্ক রয়েছে। শিল্পকারখানা, বড় ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, উচ্চশিক্ষা ও উন্নত চিকিৎসাসেবার বড় অংশ ঢাকাকেন্দ্রিক। ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কর্মসংস্থান ও উন্নত জীবনের প্রত্যাশায় রাজধানীমুখী হন। কিন্তু অভিবাসীদের অনুপাতে আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টি হয় না। ফলে অনেকে নির্মাণশ্রমিক, গৃহকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, হকার কিংবা অটোরিকশাচালকের মতো অনানুষ্ঠানিক পেশায় যুক্ত হন। অভিবাসীরা নগরের সমস্যার একমাত্র কারণ নন; অপর্যাপ্ত কর্মসংস্থান, অতিরিক্ত কেন্দ্রীভবন ও দুর্বল নগর পরিকল্পনা তাদের আগমনে আরো দৃশ্যমান হয়।
আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকেও গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া যায়। সিঙ্গাপুর ১৯৭০-এর দশক থেকে ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে রাস্তার হকারদের পরিকল্পিত বাজার ও হকার কেন্দ্রে স্থানান্তর করে। এসব কেন্দ্রে পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা ছিল। বিকল্প কর্মস্থলগুলো এমন স্থানে গড়ে তোলা হয়েছিল, যেখানে ক্রেতাদের উপস্থিতি ও ব্যবসার সম্ভাবনা ছিল। ভারতে ২০১৪ সালের রাস্তার বিক্রেতাদের জীবিকা সুরক্ষা ও নিয়ন্ত্রণবিষয়ক আইন হকারদের জরিপ, নিবন্ধন, পরিচয়পত্র, নির্ধারিত বিক্রয় এলাকা ও স্থানীয় বিক্রেতা কমিটি গঠনের মাধ্যমে জীবিকার সুরক্ষা এবং নগর ব্যবস্থাপনার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে। ফিলিপাইনে স্থানীয় সরকার মোটরচালিত তিন চাকার যানবাহনের রুট ও চলাচলের এলাকা নির্ধারণ করে। বাংলাদেশের ক্ষেত্রেও এসব অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।
তবে বিকল্প বাজার নির্মাণ করলেই পুনর্বাসন সফল হয় না। কলম্বিয়ার বোগোটা শহরে হকারদের সরকারি বাজারে স্থানান্তরের ফলে কারও কারও কর্মপরিবেশ উন্নত হলেও ক্রেতার উপস্থিতি ও আয় কমে যাওয়ার নজির রয়েছে। তাই বিকল্প বাজারের অবস্থান, ভাড়া, ক্রেতাদের প্রবেশাধিকার ও ব্যবসার সম্ভাবনা নিশ্চিত করা জরুরি। মূল শিক্ষা হলো, জনপরিসরের সুরক্ষা ও জীবিকার বাস্তবতাকে একই নীতির অংশ করতে হবে।
ঢাকার জন্য সমন্বিত পুনর্বাসন পরিকল্পনার প্রথম ধাপ হওয়া উচিত প্রকৃত হকার ও অটোরিকশাচালকদের পরিবারভিত্তিক জরিপ ও ডিজিটাল নিবন্ধন। তাদের কর্মস্থল, পেশাগত দক্ষতা, পারিবারিক অবস্থা ও বিকল্প পেশায় যাওয়ার সক্ষমতা বিবেচনায় সহায়তা নির্ধারণ করতে হবে। অভিজ্ঞ বিক্রেতাদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজ শর্তে ঋণ, প্রাথমিক মূলধন, ব্যবসায়িক প্রশিক্ষণ ও বাজারসংযোগের সহায়তা দেওয়া যেতে পারে। অন্যদের জন্য কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি নির্মাণ, উৎপাদন, পরিবহন, মেরামত ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। প্রশিক্ষণের সঙ্গে বাস্তব কর্মসংস্থানের সংযোগ নিশ্চিত করা জরুরি।
হকারি পেশা যারা ছাড়তে চান না, তাদের জন্য উপযোগী স্থানে পরিকল্পিত বিক্রয়কেন্দ্র, সাপ্তাহিক বাজার ও সন্ধ্যাকালীন বাজার চালু করা যেতে পারে। ভাড়া নিম্নআয়ের বিক্রেতাদের সামর্থ্যের মধ্যে রাখতে হবে এবং ক্রেতাদের প্রবেশাধিকার, গণপরিবহন সংযোগ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড় ও জরুরি সেবার চলাচলের পথ বিক্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে না।
অটোরিকশাচালকদের ক্ষেত্রে নিরাপদ যানবাহনে রূপান্তর ও বিকল্প পেশায় প্রবেশের সুযোগ দিতে হবে। ব্রেক, গতি নিয়ন্ত্রণ, বাতি, ব্যাটারি, বৈদ্যুতিক সংযোগ ও কাঠামোগত নিরাপত্তার বাধ্যতামূলক মানদণ্ড নির্ধারণ করে মানসম্মত যানবাহন নিবন্ধনের আওতায় আনতে হবে। উপযোগী সড়ক ও নির্দিষ্ট রুটে চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে; অনিরাপদ যানবাহন পর্যায়ক্রমে চলাচলের বাইরে আনতে হবে। প্রয়োজনে সহজ কিস্তিতে মানসম্মত যানবাহন কেনার সুযোগ এবং বিকল্প পেশায় আগ্রহীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সহায়তা দিতে হবে।
পুনর্বাসনের অন্তর্বর্তী সময়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সীমিত মেয়াদের প্রশিক্ষণ ভাতা বা আয়-সহায়তা বিবেচনা করা প্রয়োজন। বিকল্প কর্মস্থল ও জীবিকার ব্যবস্থা কার্যকর হওয়ার আগে উচ্ছেদ অভিযান চালানো উচিত নয়। পুনর্বাসন ও উচ্ছেদকে একই পরিকল্পনার ধারাবাহিক দুটি ধাপ হিসেবে বাস্তবায়ন করতে হবে। এ কাজে সিটি করপোরেশন, স্থানীয় প্রশাসন, পুলিশ, পরিবহন কর্তৃপক্ষ, হকার ও চালক প্রতিনিধিদের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও নাগরিক সমাজকে সম্পৃক্ত করা জরুরি। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অবৈধ দখল, চাঁদাবাজি কিংবা প্রশাসনিক কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে দৃশ্যমান ও নিরপেক্ষ আইন প্রয়োগও নিশ্চিত করতে হবে।
ঢাকার ওপর জনসংখ্যা ও কর্মসংস্থানের চাপ কমাতে জাতীয় অর্থনীতির ভৌগোলিক কাঠামোয় পরিবর্তন আনতে হবে। জেলা ও বিভাগীয় শহরে শিল্পাঞ্চল, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, উন্নত হাসপাতাল, আধুনিক বাজার ও ব্যবসায়িক সেবা সম্প্রসারণ জরুরি। স্থানীয় সম্ভাবনা অনুযায়ী কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য ও দুগ্ধশিল্প, পর্যটন, হালকা প্রকৌশল এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটানো সম্ভব। এর জন্য বিদ্যুৎ, যোগাযোগ, গুদাম, হিমাগার, ডিজিটাল সংযোগ ও সহজ অর্থায়ন নিশ্চিত করতে হবে। অর্থনীতির ভাষায় এ উদ্যোগকে বহুকেন্দ্রিক উন্নয়ন বলা হয়। এর লক্ষ্য একটি মহানগরের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা।
ঢাকাকে হকার ও অনিয়ন্ত্রিত অটোরিকশার বিশৃঙ্খলা থেকে মুক্ত করা শুধুমাত্র নগর সৌন্দর্যের প্রশ্ন নয়; এটি নাগরিকের নিরাপদ চলাচল, সড়ক নিরাপত্তা ও অর্থনৈতিক কার্যকারিতার সঙ্গে সম্পর্কিত। ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে হবে, প্রধান সড়কে যানবাহনের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে এবং জনপরিসরের অবৈধ দখল ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। তবে এই লক্ষ্য অর্জনের নামে নিম্নআয়ের মানুষের জীবিকা ধ্বংস করা গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক প্রশ্রয়, প্রভাবশালী গোষ্ঠীর দৌরাত্ম্য ও অবৈধ অর্থ আদায়ের পথ বন্ধ না করলে পুনর্বাসন ও উচ্ছেদ—কোনোটিই স্থায়ী ফল দেবে না। গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন, আঞ্চলিক কর্মসংস্থান, নিরাপদ পরিবহন, স্বচ্ছ প্রশাসন ও মানবিক পুনর্বাসনকে একই জাতীয় পরিকল্পনার অংশ করতে হবে।
একটি বাসযোগ্য নগর গড়ে ওঠে নাগরিক অধিকার, অর্থনৈতিক সুযোগ, সামাজিক ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির সমন্বয়ে। তাই ঢাকাকে হকার ও অনিয়ন্ত্রিত অটোরিকশামুক্ত করার উদ্যোগের সাফল্য নির্ভর করবে কতজনকে উচ্ছেদ করা হলো তার ওপর নয়; বরং কতজনকে বিকল্প জীবিকা দেওয়া গেল, অবৈধ দখল ও চাঁদাবাজির পৃষ্ঠপোষকদের কতটা নিয়ন্ত্রণ করা গেল এবং নগরের শৃঙ্খলা কতটা স্থায়ী হলো তার ওপর। মানবিক পুনর্বাসন, রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন ও আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে পারলেই ঢাকা নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মহানগর হয়ে ওঠার পথে এগোতে পারবে।
লেখক : অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন