প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর, ১৩ নভেম্বর, ২০২৬ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, "সার বিতরণে কোনো ধরনের অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না।" তিনি উল্লেখ করেছেন যে, ডিলারের রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো পরিচয়কে বিবেচনায় না নিয়ে ডিলারশিপ বাতিল করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
আজ দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুদান বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সদর উপজেলার ২০০ দুঃস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী যশোরের স্বাস্থ্যসেবা খাতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি জানান, "আগামী জুন থেকে যশোর করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গরূপে চালু হবে।" এছাড়া, সাধারণ মানুষের জন্য যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, "অর্থের অভাবে যাতে কোনো মানুষের চিকিৎসা এবং মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ না হয়, বর্তমান সরকার তা নিশ্চিত করতে চায়।"
সরকারি ভাতার ক্ষেত্রে স্বচ্ছতার উপর জোর দিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "বিগত দিনে সরকারি ভাতার জন্য অর্থ লেনদেন বা জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিতে হলেও, এখন থেকে তা আর করতে হবে না।" তিনি সতর্ক করেন যে, ভাতার জন্য কেউ অর্থ লেনদেন করলে তিনি যেমন কার্ড পাবেন না, তেমনি যিনি অর্থ নেবেন তাকেও আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, "আমরা প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। আমি যেমন আপনাদের (জনগণ) কাছে জবাবদিহি করবো, সরকারি কর্মকর্তারাও আপনাদের কাছে জবাবদিহি করবে।"
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন