প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পেরুর দুর্গম অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ফলে আটজন সামরিক সদস্যের মৃত্যু হয়েছে। মাদক চাষ ও পাচারের জন্য পরিচিত দেশটির একটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আপুরিমাক, এনে ও মানতারো নদীর উপত্যকায় (ভিআরএইএম) সেনাদের একটি টহল দলের উদ্ধার অভিযানে যাচ্ছিল হেলিকপ্টারটি। সানাবাম্বা শহরের নিকটে এটি বিধ্বস্ত হয়। এই অঞ্চলটি ‘কোকেইন উপত্যকা’ নামে পরিচিত এবং এটি পেরুর বৃহত্তম কোকা চাষের এলাকা। সেখানে বিভিন্ন অপরাধী চক্র এবং সাবেক বিদ্রোহী গোষ্ঠী ‘শাইনিং পাথ’-এর অবশিষ্ট সদস্যরাও সক্রিয় রয়েছে।
পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট নয়জন সামরিক সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আটজন নিহত হয়েছেন। একমাত্র বেঁচে থাকা পাইলট এনজো এসপিনোজা রোককে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় স্থানান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মাধ্যমে বিধ্বস্ত হেলিকপ্টার এবং এর আরোহীদের সন্ধান পাওয়া গেছে। এর আগে, বৃহস্পতিবার রাতে তিন সেনাসদস্যকে উদ্ধারের অভিযানে যাওয়ার পর হেলিকপ্টারটি নিখোঁজ হয়। তবে ওই সেনাসদস্যদের উদ্ধারের প্রয়োজন কেন হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। নিহত আটজনের মধ্যে ওই তিন সেনাসদস্যও অন্তর্ভুক্ত রয়েছেন।
পেরুর সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ড অনলাইনে প্রকাশিত এক শোকবার্তায় নিহত সামরিক সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। বার্তায় বলা হয়েছে, ভিআরএইএম স্পেশাল কমান্ডের সদস্যরা সামরিক অভিযান পরিচালনার সময় প্রাণ হারিয়েছেন। তাদের পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়েছে।
এর আগে, গত ফেব্রুয়ারিতে পেরুর দক্ষিণাঞ্চলে একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৫ জনের সবাই নিহত হন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, কলম্বিয়ার পাশাপাশি পেরুও বিশ্বের অন্যতম বৃহৎ কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন