প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুরের জাজিরায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা এক কিশোর এবং অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে, উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের চরখাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে।
নিহত যুবক নিরব পোদ্দার পূর্বনাওডোবা ইউনিয়নের চরখাঘুটিয়া চোকিদার কান্দি গ্রামের বাবুল পোদ্দারের ছেলে। মোটরসাইকেলে থাকা গুরুতর আহত ইউসুফ (১২) একই এলাকার মামুন মাদবরের ছেলে। এছাড়া অটোরিকশায় থাকা আহত দুই যাত্রী হলেন শরীয়তপুরের দাতপুর ইউনিয়নের লিয়াকত মাদবরের মেয়ে মিম (২০) এবং মাদারীপুরের খোয়াজপুর এলাকার মেছের মোল্লার মেয়ে মলিনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিরব ও ইউসুফ বন্ধুর মোটরসাইকেল নিয়ে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিরব ঘটনাস্থলেই মারা যান। ইউসুফও ছিটকে পড়ে রাস্তার পাশের পানিতে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইউসুফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অটোরিকশার দুই যাত্রী মিম ও মলিনাকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. তানভীর আহমেদ বলেন, "নিরবকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। ইউসুফ নামে এক কিশোর গুরুতর আহত অবস্থায় ছিল। সে মোটরসাইকেল থেকে ছিটকে পানিতে পড়ে গিয়েছিল। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।"
এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছে। এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। অটোরিকশাচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন