প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চটের বস্তা বিছিয়ে পাঠদান করে আসা আনসার কমান্ডার কমলচন্দ্র সরকারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মহাপরিচালকের বিশেষ উদ্যোগে তার দীর্ঘদিনের এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্মিত হতে যাচ্ছে এক কক্ষবিশিষ্ট ‘সঞ্জীবন পাঠশালা’।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মো. নুরুজ্জামান সরেজমিনে পরিদর্শন করেন কমলচন্দ্র সরকারের পরিচালিত পাঠশালাটি। এ সময় তিনি মহাপরিচালকের বিশেষ এই সিদ্ধান্তের কথা কমলচন্দ্র সরকারকে অবহিত করেন, যা পাঠশালাটির স্থায়ী অবকাঠামো নির্মাণের বিষয়কে কেন্দ্র করে।
জানা যায়, কমলচন্দ্র সরকার নিজ বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে দীর্ঘদিন ধরে সাঁওতাল ও হতদরিদ্র পরিবারের ৩৫ থেকে ৪০ জন শিশুকে বিনা মূল্যে পাঠদান করে আসছেন। তার এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ স্থায়ী পাঠশালা নির্মাণের উদ্যোগ নেওয়ায় তিনি আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তিনি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। নতুন পাঠশালা নির্মাণের খবর শুনে উপস্থিত শিশুরাও উচ্ছ্বাস প্রকাশ করে।
শুধু পাঠশালা নির্মাণ নয়, কমলচন্দ্র সরকারের বাড়িতে একটি গৃহস্থালি সোলার প্যানেল স্থাপনেরও উদ্যোগ নিয়েছে বাহিনী। নবনির্মিত ‘সঞ্জীবন পাঠশালা’তেও স্থাপন করা হবে একটি সোলার প্যানেল। এর মাধ্যমে পাঠদান কার্যক্রমের পরিবেশ ও সুযোগ-সুবিধা আরো উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হতদরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং পাঠদান কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ‘সঞ্জীবন পাঠশালা’কে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
উল্লেখ্য, কমলচন্দ্র সরকারের এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নজরে আসার পর থেকেই তাঁর পাঠদান কার্যক্রমে সহযোগিতার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ২০২৫ সালে বাহিনীর পক্ষ থেকে পাঠশালার শিশুদের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
একই বছর তার মানবিক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘প্রেসিডেন্ট আনসার সেবা পদক’ প্রদান করা হয়। এ ছাড়া তাঁর আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে দিনাজপুর জেলা কমান্ড্যান্টের নিজস্ব রেশন থেকে নিয়মিত চাল, ডাল, তেল ও চিনি প্রদান করা হচ্ছে।
চটের বস্তায় শুরু হওয়া একটি ছোট্ট পাঠশালা আজ প্রাতিষ্ঠানিক সহযোগিতায় স্থায়ী অবকাঠামো পাওয়ার পথে। ‘সঞ্জীবন পাঠশালা’ বাস্তবায়িত হলে সাঁওতালসহ প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে। কমলচন্দ্র সরকারের ব্যক্তিগত উদ্যোগের সঙ্গে বাহিনীর এই সহযোগিতা প্রত্যন্ত অঞ্চলে শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার নতুন সম্ভাবনা তৈরি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন