প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক বছরে পাঁচটি সিনেমা এবং বিশ্বব্যাপী বক্স অফিসে আয় প্রায় ২৮০ কোটি ডলার! ২০২৬ সালটি যেন পুরোপুরি নিজের করে নিয়েছেন হলিউডের অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। ভিন্ন ঘরানার পাঁচটি সিনেমায় পাঁচ রকম চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় রয়েছেন, পাশাপাশি বাণিজ্যিক সাফল্যেও অনেক তারকাকে ছাপিয়ে গেছেন। তার জন্মদিনে ফিরে দেখা যাক, কীভাবে ২০২৬ সালের বক্স অফিসের অন্যতম সফল অভিনেত্রী হয়ে উঠলেন অ্যান হ্যাথওয়ে।
হলিউডের অনেক তারকার মাঝে, যারা সময়ের সঙ্গে নিজেকে ভেঙে নতুন করে গড়ার ক্ষমতা রাখেন, অ্যান হ্যাথওয়ে তাদেরই একজন। কখনো রাজকন্যা, কখনো ফ্যাশনজগতের শিক্ষানবিশ, কখনো ক্যাটওম্যান, আবার কখনো সংগীতজগতের জটিল এক চরিত্র—বিচিত্র সব ভূমিকায় অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে বারবার দর্শকের নজর কেড়েছেন এই অস্কারজয়ী অভিনেত্রী।
আজ ১২ নভেম্বর তার জন্মদিন। ১৯৮২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া অ্যানের বয়স এখন ৪৪ বছর। তবে বয়সের হিসাব ছাপিয়ে এ বছর আলোচনায় তার সাফল্য। ২০২৬ সালে মুক্তি পেয়েছে তার অভিনীত পাঁচটি সিনেমা। ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্রে অভিনয়ের পাশাপাশি বক্স অফিসে দাপট দেখিয়েছেন তিনি। সব মিলিয়ে পাঁচ সিনেমার বিশ্বব্যাপী আয় প্রায় ২৭৯ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার ৮৮৭ কোটি টাকা। এই অঙ্ক অবশ্য অভিনেত্রীর ব্যক্তিগত পারিশ্রমিক নয়, সিনেমাগুলোর টিকিট বিক্রি থেকে পাওয়া আয়।
এ বছর অ্যান অভিনীত সিনেমাগুলোর তালিকায় রয়েছে ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’, ‘দ্য অডিসি’, ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ ও ‘ভেরিটি’। পাঁচ সিনেমায় পাঁচ ধরনের চরিত্রে হাজির হয়েছেন তিনি। কোথাও জনপ্রিয় পপ তারকা, কোথাও ফ্যাশনজগতের পরিচিত মুখ, কোথাও গ্রিক মহাকাব্যের রানি, আবার কোথাও রহস্যময় এক লেখক।
আয়ের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য অডিসি’। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১৮০ কোটি ৩০ লাখ ডলার। এতে ওডিসিউসের স্ত্রী পেনেলোপের চরিত্রে অভিনয় করেছেন অ্যান। মহাকাব্যিক এই গল্পে তার উপস্থিতি দর্শকের আগ্রহের অন্যতম কারণ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। সিনেমাটির আয় ৬৯ কোটি ৩৫ লাখ ডলার। দীর্ঘ দুই দশক পর অ্যান্ডি স্যাকস চরিত্রে ফিরেছেন অ্যান। পাশাপাশি মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচির প্রত্যাবর্তনও ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ বাড়িয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে ‘ভেরিটি’। কলিন হুভারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলারটি আয় করেছে ১৭ কোটি ৭৬ লাখ ডলার। এতে রহস্যময় লেখক ভেরিটি ক্রফোর্ডের চরিত্রে অভিনয় করেছেন অ্যান। ভিন্নধর্মী এই চরিত্রে তাঁর উপস্থিতি সিনেমাটিকে আলোচনায় রেখেছে।
এদিকে অ্যান অভিনীত সায়েন্স ফিকশন ও সারভাইভালধর্মী সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ আয় করেছে ১২ কোটি ১৬ লাখ ডলার। এতে তার সহশিল্পী ইওয়ান ম্যাকগ্রেগর। রহস্যময় এক মহাজাগতিক ঘটনার পর একটি আবাসিক এলাকা অচেনা জগতে চলে যায়। সেখানে বাসিন্দাদের টিকে থাকার লড়াই নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।
অন্যদিকে ‘মাদার মেরি’ বক্স অফিসে তুলনামূলক পিছিয়ে রয়েছে। ডেভিড লোরি পরিচালিত সংগীতনির্ভর মনস্তাত্ত্বিক নাট্যধর্মী সিনেমাটি আয় করেছে ৩০ লাখ ৩১ হাজার ডলার। এতে জনপ্রিয় পপ তারকা মাদার মেরির চরিত্রে অভিনয় করেছেন অ্যান। নিজের সাবেক পোশাক পরিকল্পনাকারী বন্ধুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির গল্প। অভিনয়ের প্রশংসা পেলেও বাণিজ্যিক সাফল্যের দিক থেকে অন্য চার সিনেমার তুলনায় পিছিয়ে রয়েছে এটি।
অ্যান হ্যাথওয়ের ক্যারিয়ারের অন্যতম শক্তি হলো বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরার সাহস। রোমান্টিক কমেডি থেকে শুরু করে থ্রিলার, সায়েন্স ফিকশন, সংগীতনির্ভর নাটক—কোনো একটি ঘরানায় নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। সময়ের সঙ্গে তাঁর অভিনয়ে এসেছে পরিণতিও। ফলে প্রতিটি নতুন কাজেই নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ তৈরি করেছেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত সম্পদ নিয়েও রয়েছে আলোচনা। বিভিন্ন বিনোদনভিত্তিক সম্পদ পরিমাপক ওয়েবসাইটের হিসাব অনুযায়ী, অ্যানের আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় আট কোটি মার্কিন ডলার। এদিকে ব্যক্তিজীবনেও নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন তিনি। তৃতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী।
সব মিলিয়ে ২০২৬ সাল অ্যান হ্যাথওয়ের ক্যারিয়ারে বিশেষ জায়গা করে নেওয়ার মতো একটি বছর। এক বছরে পাঁচটি সিনেমায় অভিনয়, এর মধ্যে একাধিক বড় বক্স অফিস সাফল্য এবং ক্রিস্টোফার নোলানের মতো নির্মাতার সঙ্গে কাজ—সবকিছু মিলিয়ে হলিউডে নিজের অবস্থান আরও একবার শক্তভাবে জানান দিয়েছেন তিনি। জন্মদিনে তাই শুধু বয়স নয়, আলোচনায় তার সাফল্যের খতিয়ানও।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন