০২:৫২ পি.এম
পুলিশি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে বিপুল পরিমাণে বডি ওর্ন ক্যামেরা (বডিক্যাম) কেনা হলেও, পুলিশ সদস্যদের মধ্যে এসব ব্যবহারে ব্যাপক অনীহা লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ সদর দপ্তর থেকে বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও বডিক্যামের ব্যবহার বৃদ্ধি পায়নি।
পুলিশের কাছে ইতোমধ্যে ব্যবহারের জন্য প্রায় ৫ হাজার ক্যামেরা ছিল, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একসঙ্গে ২০ হাজার ক্যামেরা কেনা হয়। এসব অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা কিনতে সরকারের খরচ হয়েছে ১০০ কোটি টাকারও বেশি। তবে, অধিকাংশ ক্যামেরা এখন অবহেলায় পড়ে আছে; বড় কোনো উপলক্ষ ছাড়া এগুলোর ব্যবহার চোখে পড়ে না।
অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের কথোপকথন ও আচরণের রেকর্ড সংরক্ষণের জন্য এসব ক্যামেরা কেনা হয়েছিল। ক্যামেরাগুলোর ব্যবহার পর্যবেক্ষণের জন্য পুলিশ সদর দপ্তরের অপারেশনস ইউনিটের অধীনে একটি কেন্দ্রীয় ডেটা সেন্টারও স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: হত্যাচেষ্টা মামলায় শিল্পী মমতাজসহ গ্রেফতার দুজন, তদন্ত চলছে
বডিক্যামের ব্যবহার নিয়ে অনীহার বিষয়ে পুলিশ সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমাদের বৈঠকগুলোতে নিয়মিত এসব ক্যামেরা ব্যবহারের বিষয়ে আলোচনা হয়।” জেলা ও মহানগর ইউনিটের কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণের কথাও জানান। কিন্তু, এ বিষয়ে কোনো উন্নতি হয়নি।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনলাইনে মাত্র ৩১৪টি বডিক্যাম ব্যবহার করা হয়েছে। একই সময়ে অফলাইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে ২ হাজার ৮০০টি।
এ বিষয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অপারেশনস) সায়েদুর রহমান বলেন, “বড় আয়োজন ছাড়া অন্যান্য ক্ষেত্রে বডিক্যামের ব্যবহার এখনো বেশ সীমিত।” তিনি আরও জানান, “আমরা এসব ক্যামেরার ব্যবহার বাড়ানোর চেষ্টা করছি।” মহানগর এলাকার বাইরে মাঝে মাঝে ক্যামেরা ব্যবহার করা হয়, বিশেষ করে বড় ধর্মীয় উৎসব ও অন্যান্য গুরুত্বপূর্ণ আয়োজনে।
পুলিশের কর্মকর্তা ও মাঠপর্যায়ের সদস্যদের ক্যামেরা ব্যবহারে অনীহার কারণ হিসেবে জবাবদিহির উদ্বেগ, বাজেটের সীমাবদ্ধতা, প্রযুক্তিগত সমস্যা ও কার্যক্রম পরিচালনার নানা চ্যালেঞ্জের কথা জানা গেছে।
আরও পড়ুন: এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে যা বললেন মেঘনা আলম
এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, “বাহিনীর বেশিরভাগই জবাবদিহির আওতায় আসতে চায় না। তাই বারবার নির্দেশনা জারির পরও বডিক্যামের ব্যবহার তেমন হচ্ছে না।”
পুলিশ সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “কিছু সদস্য ক্যামেরা ব্যবহার করতে চান না। কারণ, এসব ক্যামেরায় ধারণ করা ভিডিও ঘুষ, অসদাচরণ ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে তাদেরকে জবাবদিহির মুখে ফেলতে পারে।”
অর্থনৈতিক সীমাবদ্ধতার বিষয়টিও এখানে বিবেচনাযোগ্য। এক কর্মকর্তা বলেন, “জবাবদিহি নিশ্চিত করতে বডিক্যাম ভালো উদ্যোগ। কিন্তু ইন্টারনেটের খরচ কে দেবে?”
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন কেনা ক্যামেরার অর্ধেকই অনলাইন ক্যামেরা। এগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যবস্থায় সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করা যায়। বাকি ১০ হাজার অফলাইন ক্যামেরায় ভিডিও সংরক্ষণ করা হয়, যা পরে আপলোড করতে হয়।
আরও পড়ুন: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেনকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
সাবেক পুলিশপ্রধান বাহারুল আলম জানান, প্রথমে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে ক্যামেরা কেনার পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংস্থাটি ক্যামেরা সরবরাহ করতে পারেনি। পরে জেলা পুলিশ সুপার ও মহানগর পুলিশ কমিশনারদেরকে এসব ক্যামেরা কেনার জন্য অর্থ বরাদ্দ দেয় পুলিশ সদর দপ্তর।
এসব ক্যামেরার পেছনে খরচের বিষয়ে তিনি বলেন, “সঠিক পরিমাণটা মনে করতে পারছি না, তবে এগুলো বেশ দামি ক্যামেরা। ব্যয় অবশ্যই ১০০ কোটি টাকার বেশি হবে।”
বডিক্যাম ব্যবহারে অনীহার পেছনে কারণ হিসেবে অতিরিক্ত খরচের কথা তুলে ধরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা জানান, “প্রতিটি ক্যামেরার ইন্টারনেট সংযোগে মাসে প্রায় এক হাজার টাকা প্রয়োজন হয়।” এ খাতে পুলিশের বাজেটের ঘাটতি রয়েছে। বিশেষ বরাদ্দের মাধ্যমে বিভিন্ন আয়োজনে ক্যামেরা ব্যবহার করা হয়। এ কারণেই এর ব্যবহার সীমিত।
এছাড়া, ক্যামেরা কেনার পর পুলিশ সদর দপ্তর একটি মানসম্মত পরিচালনাপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করে। এতে কোন কোন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ক্যামেরা পরতে হবে, তা নির্দিষ্ট করা আছে।
আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের প্রক্রিয়া শুরু
নির্দেশনা অনুযায়ী, টহল, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ ও দুর্ঘটনার ঘটনায় সাড়া দেওয়া, অভিযান, তল্লাশি, গ্রেপ্তার, তদন্ত, অপরাধস্থল পরিদর্শন ও জনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমে এসব ক্যামেরা ব্যবহার করতে হবে। এছাড়া, নির্বাচনী প্রচার, প্রযোজ্য ক্ষেত্রে ভোটকেন্দ্র এবং জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আয়োজনেও পুলিশের কার্যক্রমের ভিডিও ধারণের জন্য ক্যামেরাগুলো ব্যবহারের কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন