প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনে সুজানগর, পাবনা, এখন আগাম বা মুড়িকাটা পেঁয়াজ আবাদের জন্য পরিচিত হয়ে উঠেছে। উপজেলার বড় ও প্রান্তিক কৃষকরা বর্তমানে মুড়িকাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এই বছর ১০টি ইউনিয়নে ১৫‘শ ৮৫ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে, প্রতিকূল আবহাওয়া এবং মৌসুমী পেঁয়াজের বাজারের মন্দা অবস্থা লক্ষ্যমাত্রা অর্জনে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন আদর্শ এবং বড় পেঁয়াজ চাষীরা। দুর্গাপুর গ্রামের আদর্শ পেঁয়াজ চাষী কামরুজ্জামান জানান, মুড়িকাটা পেঁয়াজ আবাদের জন্য উপযুক্ত সময় সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ। কিন্তু এই বছর অতিবৃষ্টির কারণে আবাদের কাজ শুরু হয়েছে চলতি অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে। গত ৫/৭ দিন ধরে চরাঞ্চলের উঁচু জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের ধুম পড়েছে।
এলাকার সকল পর্যায়ের কৃষকরা এখন মুড়িকাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ১০/১২ দিনের মধ্যে নিচু জমিতেও একইভাবে মুড়িকাটা পেঁয়াজ আবাদের কাজ শুরু হবে। এই আবাদের কার্যক্রম চলবে চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান জানিয়েছেন, পেঁয়াজ চাষীরা মৌসুমী পেঁয়াজের লোকসান পোষাতে ব্যাপকভাবে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করছেন। আশা করা হচ্ছে, আগামী বছরের জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে চরাঞ্চলের জমিতে আবাদের মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করবে এবং এ সময় দাম বাড়বে। এতে পেঁয়াজ চাষীরা লাভবান হবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন