প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেছেন, সিনিয়র আইনজীবীদের আদালতে কথা বলার পদ্ধতি এবং মামলার ড্রাফট লেখার কৌশল অনুসরণ করলে শিক্ষানবিশ আইনজীবীরা দক্ষ হয়ে উঠতে সক্ষম হবেন।
মেয়র বলেন, "আপনার সিনিয়র কিভাবে শুনানি করছেন, কিভাবে যুক্তিতর্ক উপস্থাপন করছেন এগুলো যদি আপনি অনুসরণ করতে পারেন এবং নিজে রপ্ত করে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি একজন দক্ষ আইনজীবী হতে পারবেন।"
আজ সকাল ১১টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত শিক্ষানবীশ আইনজীবীদের পেশাগত আচরণ ও দক্ষতা বৃদ্ধির জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এই কর্মশালার আয়োজন করা হয় জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে।
মেয়র ডা. শাহাদাত হোসেন আরও জানান, "বিগত প্রায় পঁচিশ বছর ধরে আইনজীবী কার্যালয়ের প্রাঙ্গণে আসিনি, বোধহয় এমন দিন কম ছিল। প্রায় ১১৮টির বেশি মামলা ছিল আমার বিরুদ্ধে। ২০২৪-এর ৫ আগস্ট না হলে আমার প্রায় ১৫/২০টি মামলা রেডি হয়ে গিয়েছিল সাজানো সাজা দেয়ার জন্য।"
আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী হামলায় নিহত এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে স্মরণ করে মেয়র বলেন, "পাঁচ আগস্টের পরে আমরা মনে করেছিলাম যে এই আইনজীবীদের হাত ধরেই আমরা নতুন পথের সন্ধান পাব। কিন্তু আমরা আইনজীবী আলিফের রক্তাক্ত মরদেহ এই কোর্ট বিল্ডিংয়ের সামনেই পড়ে থাকতে দেখেছি।"
শিক্ষানবীশ আইনজীবীদের উদ্দেশ্যে মেয়র বলেন, "কোন আইনজীবী যখন তার শিক্ষানবিশ কার্যক্রমে প্রবেশ করেন, তখন তিনি ভবিষ্যৎ সাফল্যের স্বপ্ন নিয়ে এগিয়ে যান।"
এ সময় ডা. শাহাদাত হোসেন আরও বলেন, "আমি মেয়র হলেও একজন চিকিৎসক। আপনারা একইভাবে আইনজীবী। আমরা সবাই প্রফেশনাল।"
তিনি উল্লেখ করেন, "সিনিয়ররা কিভাবে কথা বলেন, কিভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেন, কিভাবে বিচারকদের সাথে কথা বলতে হয়, তাদেরকে কনভিন্স করতে হয়, এগুলো শেখার একটা বিশেষ সুযোগ আছে। এখানে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই।"
চসিক মেয়র আরও বলেন, "এই সময়টাকে যে যতবেশি কাজে লাগাতে পারবে, সে ততবেশি দক্ষ ও প্রফেশনাল হিসেবে গড়ে উঠতে পারবে।"
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার ও চট্টগ্রাম জেলার জিপি অ্যাডভোকেট আবুল কাশেম চৌধুরী প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন