ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী


স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী

সংসদ ভবন, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : স্বামী-স্ত্রী উভয়ের কর্মস্থল কাছাকাছি, একই জায়গা, শহর কিংবা একই উপজেলায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি আজ সংসদে বিরোধী দলের সদস্য মারদিয়া মমতাজের বিধি-৭১ এর আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ কথা জানান।

সমাজকল্যাণমন্ত্রী জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ৪৪টি ডে-কেয়ার সেন্টার ইতোমধ্যে কাজ করছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ২০টি ডে-কেয়ার সেন্টার। এছাড়াও আরও ২০টি ডে-কেয়ার অর্থাৎ মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টার এই মুহূর্তে ঢাকা শহর এবং ঢাকার বাইরে আমরা পরিচালনা করছি।

আরও পড়ুন: তেলের দাম কমবে কবে: রুশ উপপ্রধানমন্ত্রীর বক্তব্য

তিনি বলেন, সারা বাংলাদেশে আরও ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপনের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। এই সমস্ত ডে-কেয়ার সেন্টারগুলোতে ইতোমধ্যে ৪ হাজার ৫০টি ১৫ দিন থেকে ৬ বছর বয়সী শিশুদের অফিস চলাকালীন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাখার ব্যবস্থা রয়েছে।

মন্ত্রী জানান, বর্তমানে ৫৩টি শিশু দিবাযত্ন কেন্দ্রে কর্মরত মায়েদের জন্য ব্রেস্টফিডিং সেন্টারও আমাদের আছে। আরও ১১টি ব্রেস্টফিডিং সেন্টার স্থাপনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এছাড়া আরও ১২টি কিছুদিনের মধ্যে করতে পারবো। অর্থাৎ ৬৪টিতেই ব্রেস্টফিডিংয়ের ব্যবস্থা সুনিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যপণ্য পরীক্ষায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ফল পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা : সংসদে খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


খাদ্যপণ্য পরীক্ষায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ফল পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা : সংসদে খাদ্যমন্ত্রী

সংসদ ভবন, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, যদি কোনো খাদ্যপণ্যের পরীক্ষায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বা বিরূপ ফলাফল পাওয়া যায়, তাহলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আইনানুগ ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা পরীক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্যপণ্যের ঝুঁকি দ্রুত চিহ্নিত করা। এর মাধ্যমে অনিরাপদ খাদ্য বাজার থেকে অপসারণ করা, সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ীদের আইন মেনে চলতে উৎসাহিত করা এবং জনগণের স্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করা।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য সানসিলা জেবরিনের জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে খাদ্যমন্ত্রী এই তথ্য তুলে ধরেন।

তিনি জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট ১ হাজার ২১০টি খাদ্য নমুনা পরীক্ষা করেছে। বোতলজাত পানি, ভোজ্যতেল, দুধ ও দুগ্ধজাত পণ্য, দই, গুঁড়া মশলা, শিশু খাদ্য এবং বেকারি পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়মিত এবং ঝুঁকিভিত্তিক পরীক্ষার জন্য সরকারি অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।

মন্ত্রী আরও জানান, খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাঠপর্যায়ের ৭২টি কার্যালয় থেকে প্রতি মাসে ১৪৪টি খাদ্য নমুনা সংগ্রহ করা হয়।

তিনি উল্লেখ করেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১ হাজার ২১০টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৪৯টি বোতলজাত পানিতে ক্যাডমিয়াম, আর্সেনিক, আয়রন, লেড; ৫৪টি ভোজ্য তেলে ট্রান্স-ফ্যাট, আয়োডিন ভ্যালু, স্যাপোনিফিকেশন ভ্যালু; ৩৩টি দুধের নমুনায় মিল্ক ফ্যাট, মিল্ক প্রোটিন, লেড, মেলামাইন; ৩টি দইয়ের নমুনায় মিল্ক ফ্যাট, মিল্ক প্রোটিন, সোডিয়াম সাইক্ল্যামেট; ৫টি শিশু খাদ্যের নমুনায় লেড; ৭৯টি গুঁড়া মশলার নমুনায় লেড, ক্রোমেট, সুদান ডাই; এবং ১৫৭টি বেকারি পণ্যে হাইড্রোক্স, পটাশিয়াম ব্রোমেট পরীক্ষা করা হয়েছে।

এছাড়া, পাঁচটি শিশু খাদ্যের নমুনায় লেড, ৭৯টি গুঁড়া মশলার নমুনায় লেড, ক্রোমেট ও সুদান ডাই এবং ১৫৭টি বেকারি পণ্যে হাইড্রোক্স ও পটাশিয়াম ব্রোমেট পরীক্ষা করা হয়েছে।

আফরোজা খানম বলেন, নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে বিএফএস-এর ৭২টি কার্যালয়ে মিনি ল্যাব এবং আটটি মোবাইল ভ্যান ল্যাবরেটরি রয়েছে। তবে, নিজস্ব ভবন ও খাদ্য নমুনা পরীক্ষার পূর্ণাঙ্গ ল্যাবরেটরি না থাকার কারণে বর্তমানে ৪৬টি সরকারি ও বেসরকারি অনুমোদিত ল্যাবরেটরির সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তির মাধ্যমে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে আরও পাঁচটি স্থায়ী কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


সংসদে আরও পাঁচটি স্থায়ী কমিটি গঠন

সংসদ ভবন, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : আজ ত্রয়োদশ জাতীয় সংসদে পাঁচটি নতুন সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর ফলে মোট গঠিত সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা ৪৫টিতে পৌঁছেছে।

নতুনভাবে গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে—সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এছাড়া, পানি সম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত দুটি বিদ্যমান সংসদীয় স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে।

চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি পাঁচটি নতুন কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরবর্তীতে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবগুলো সংসদে পাস হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহানকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন খুলনা-৫ আসনের মোহাম্মদ আলী আসগার।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন গাজীপুর-৩ আসনের এস এম রফিকুল ইসলাম।

পুনর্গঠিত দুটি কমিটির মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন রাজশাহী-৩ আসনের মোহাম্মদ শফিকুল হক মিলন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন টাঙ্গাইল-৭ আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক সংসদীয় কমিটি রয়েছে।

আজকের পাঁচটি নতুন কমিটি গঠনের মাধ্যমে মোট ৪৫টি কমিটি গঠন সম্পন্ন হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে প্রায় ৪৭ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


দুই বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে প্রায় ৪৭ শতাংশ

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গত দুই বছরে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২ হাজার ৪৮৬ কোটি মার্কিন ডলার। বর্তমানে, চলতি বছরের ৮ সেপ্টেম্বর তা বেড়ে ৩ হাজার ৬৪৪ কোটি ডলারে পৌঁছেছে।

অর্থাৎ, গত দুই বছরে গ্রস রিজার্ভের পরিমাণ বেড়েছে প্রায় ১ হাজার ১৫৮ কোটি ডলার। একই সময়ের মধ্যে, আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ ১ হাজার ৯৮৬ কোটি ডলার থেকে বেড়ে ৩ হাজার ১৫৩ কোটি ডলারে পৌঁছেছে। এই হিসাব অনুযায়ী, দুই বছরে রিজার্ভ বেড়েছে প্রায় ১ হাজার ১৬৭ কোটি ডলার।

২০২৪ সালের শুরুতে বৈদেশিক মুদ্রার সংকটের কারণে দেশের অর্থনীতি যে চাপের সম্মুখীন হয়েছিল, রিজার্ভের এই বৃদ্ধি সেই পরিস্থিতি থেকে উল্লেখযোগ্য পুনরুদ্ধারের ইঙ্গিত প্রদান করছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, প্রবাসী আয় বৃদ্ধি, ব্যাংকিং ব্যবস্থায় ডলারের সরবরাহ ও তারল্য পরিস্থিতির উন্নতি এবং আমদানি চাহিদার তুলনামূলক নিয়ন্ত্রণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করেছে।

বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে বাংলাদেশ ব্যাংক দেশীয় বৈদেশিক মুদ্রাবাজার থেকে ডলার ক্রয় করেছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ পুনর্গঠনে সহায়তা হয়েছে এবং বৈদেশিক মুদ্রাবাজারে তুলনামূলক স্থিতিশীলতা এসেছে।

তবে, আমদানি বিল পরিশোধ ও অন্যান্য বৈদেশিক দায় মেটানোর কারণে বিভিন্ন সময়ে রিজার্ভে ওঠানামা হয়েছে। তবে সামগ্রিকভাবে গত দুই বছরে রিজার্ভ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছিল ৩ হাজার ১৪৩ কোটি ডলারে। একই সময়ে বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২ হাজার ৬৬০ কোটি ডলার।

চলতি বছরের জুনের শেষে গ্রস রিজার্ভ আরো বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৭৫৮ কোটি ডলারে। ওই সময় বিপিএম৬ হিসাবে রিজার্ভ ছিল ৩ হাজার ২৯৩ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাসস-কে জানান, বৈদেশিক খাতের পরিস্থিতির উন্নতির কারণে দেশের রিজার্ভ বেড়েছে। বিশেষ করে, প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের তারল্য পরিস্থিতির উন্নতি এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরো বলেন, বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি পেলে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর কাছ থেকে বৈদেশিক মুদ্রা ক্রয় করেছে। এর মাধ্যমে আগের বৈদেশিক মুদ্রার সংকটের সময়ে কমে যাওয়া রিজার্ভ পুনর্গঠন সম্ভব হয়েছে।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী মন্তব্য করেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ব্যাংকিং খাত ও ব্যবসার জন্য ইতিবাচক।

তিনি বলেন, শক্তিশালী রিজার্ভ দেশের আমদানি ব্যয় এবং বৈদেশিক দায় পরিশোধের সক্ষমতার বিষয়ে আস্থা বৃদ্ধি করে।

তিনি আরো বলেন, ‘রিজার্ভ বৃদ্ধি বৈদেশিক মুদ্রাবাজারের জন্য একটি ইতিবাচক সংকেত। এতে বোঝা যায়, ডলারের তারল্য পরিস্থিতির উন্নতি হয়েছে এবং বৈদেশিক মুদ্রায় বিভিন্ন দায় পরিশোধে ব্যাংকগুলোর ওপর চাপও কিছুটা কমেছে।’

তবে, এই ইতিবাচক ধারা বজায় রাখতে হলে প্রবাসী আয় ও রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি আমদানি এবং বৈদেশিক দায় পরিশোধের ক্ষেত্রে সতর্ক ও বিচক্ষণ ব্যবস্থাপনা অব্যাহত রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুর আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


সৈয়দপুর আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

নীলফামারী, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার। বিশেষ অতিথির বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ্ আলম।

এআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে মূল বক্তা হিসেবে বক্তৃতা দেন উন্নয়ন সংস্থা ব্র্যাকের আভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের ব্যবস্থাপক শারমিন আক্তার মিতু।

অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শামীম রেজা, রেজিস্ট্রার কর্নেল (অব.) মো. চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ সালাহউদ্দিন নয়ন প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের পেশাগত জীবনে সফলতার জন্য প্রয়োজনীয় দক্ষতা, কর্মক্ষেত্রের সুযোগ, ক্যারিয়ার পরিকল্পনা এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেণ।

শেষে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে ৫৫ জন নবীন শিক্ষার্থী একটি করে বৃক্ষের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%