প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার জন্য উৎসাহিত করার পাশাপাশি অর্জিত জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
তিনি আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান উল্লেখ করেন, বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে প্রশ্ন করা। ‘কেন’ ও ‘কীভাবে’— এই প্রশ্নগুলোর মধ্যেই বিজ্ঞানের ভিত্তি নিহিত রয়েছে। তিনি বলেন, বিজ্ঞান থেকে অর্জিত জ্ঞানকে নিজের, প্রকৃতির ও সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত, অকল্যাণে নয়। বিজ্ঞানের মাধ্যমে কল্যাণের সূচনা করা সম্ভব, তবে এটি অকল্যাণের কারণও হতে পারে। এ দুইয়ের মধ্যে পার্থক্য উপলব্ধি করা অত্যন্ত জরুরি।
অধ্যাপক মামুন আহমেদ শিক্ষার্থীদের বাবা-মা, শিক্ষক, সমাজ ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্য তাদের একার অর্জন নয়; এর পেছনে বাবা-মায়ের ত্যাগ ও শিক্ষকদের পরিশ্রম রয়েছে।
রসায়নকে জীবন ও প্রকৃতির ভাষা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার আগ্রহ ও নিষ্ঠাকে কাজে লাগিয়ে মানুষ, প্রকৃতি ও সম্ভাবনাময় দেশ গড়ে তুলতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার পর আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডেও দেশের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করবে।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বর্তমান সরকার বিজ্ঞানমনস্ক জাতি গঠন ও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দিচ্ছে। তিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও রসায়ন অলিম্পিয়াডে যুক্ত করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. এমরান কাইয়ুম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইদ আলম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান।
উল্লেখ্য, ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে দেশের বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের ৪ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন ধাপ শেষে চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ২১৩ জনের মধ্যে সেরা ১০ জন নির্বাচিত হয়েছেন, যারা তাইওয়ান ও রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন