প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল বারেক (রুপা মিয়া)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘাগড়া ইউনিয়নের বহুলী বাজার ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক লোকজন অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হৃদ্রোগজনিত সমস্যায় আব্দুল বারেকের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি ঘাগড়া ইউনিয়নের বহুলী (বানেরকান্দা) গ্রামের মৃত নজর উদ্দিন ভূঁইয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বহুলী গ্রামের একটি জানাজায় অংশ নিতে গিয়েছিলেন আব্দুল বারেক। জানাজা শেষে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল বারেক ঘাগড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা কারাবন্দী থাকায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়।
গত ৫ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদারের স্বাক্ষরিত এক আদেশে তাঁকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়।
জানাজায় অংশ নেওয়া স্থানীয় কয়েকজন বলেন, আব্দুল বারেকের শেষ বিদায়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি তাঁর প্রতি স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। জানাজা শেষে আবেগঘন পরিবেশে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন