প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব। তারা স্থানীয় সমাজে বাংলাদেশি অভিবাসীদের একীভূতকরণ (ইন্টিগ্রেশন), প্রবাসীদের কল্যাণ এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের নেতারা নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি-দাওয়া, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়কালে রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের বিভিন্ন সমন্বিত ও ইতিবাচক উদ্যোগের কথা উল্লেখ করেন এবং প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
গুরুত্বপূর্ণ এই সভায় দূতাবাসের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, থার্ড সেক্রেটারি (পলিটিক্যাল অ্যান্ড কনস্যুলার) শাহেদ হোসেন এবং হেড অব চ্যান্সারি এস এম গোলাম সারওয়ার।
পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাসেল আহম্মেদ, সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, সদস্য মহি উদ্দিন, সাইফুল ইসলাম এবং নোটিসিয়াস বাংলার হেড অব মাল্টিমিডিয়া আর এ ইহসান।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে এবং বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন